২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিল্পকে উতৎসাহিত করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু বাজেটে রপ্তানির ক্ষেত্রে ১ দশমিক ২ শতাংশ হারে উৎস কর কর্তনের প্রস্তাব পোশাকশিল্পের স্বাভাবিক বিকাশ ব্যাহত করবে। একই সঙ্গে তা ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে বিজিএমইএ।বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা এসব কথা বলেন। আজ শুক্রবার সকালে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন।সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বিশ্বমন্দার কারণে আন্তর্জাতিক বাজারে পোশাকের রপ্তানি কমে গেছে। চলতি অর্থবছরে ইউরোপ ও আমেরিকায় বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে যথাক্রমে ১৫ দশমিক ৪০ ও ২৮ দশমিক ৪০ শতাংশ। অন্যদিকে মজুরি, বিদ্যুৎ, পরিবহন খরচ ও ব্যাংক সুদের হার বাড়ার কারণে পণ্যের উৎপাদন মূল্য বেড়েছে ১০ শতাংশ।আন্তর্জাতিক বাজারে কোনো আশার আলো দেখা যাচ্ছে না মন্তব্য করে বিজিএমইএর সভাপতি বলেন, ‘পরবর্তী অর্থবছর আরও বেশি চ্যালেঞ্জিং হবে। এই প্রেক্ষাপটে আমাদের ওপর প্রত্যক্ষ কর ধার্য করা সরকারের উচিত হয়নি। এটি প্রত্যাহার করা না হলে রপ্তানিমুখী শিল্প ও বিনিয়োগ উদ্যোক্তারা নিরুত্সাহিত হবেন।’বিজিএমইএর সভাপতি রপ্তানির ক্ষেত্রে দশমিক ৪০ শতাংশ হারে উৎস কর কর্তনের অনুরোধ জানান। সম্ভব না হলে বর্তমানের মতোই দশমিক ৬০ শতাংশ রাখার দাবি জানান। একই সঙ্গে তিনি পোশাক খাতের প্রণোদনার মেয়াদ আরও অন্তত তিন বছর বাড়ানোর দাবি জানান।তবে আগামী বাজেটে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের কারখানার স্থান ও স্থাপনা ভাড়ার ওপর থেকে কর প্রত্যাহারের প্রস্তাব স্বাগত জানিয়েছে বিজিএমইএ। তারা মনে করে, এর ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উপকৃত হবে। এ ছাড়া আগামী বাজেটে মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ এবং কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) প্লান্টের যন্ত্রপাতি আমদানিতে শুল্কহার শূন্য, ইটিপি স্থাপনে ২০০ কোটি টাকার তহবিল এবং রপ্তানি উপযোগী দক্ষ জনশক্তি গড়তে ৫০ কোটি টাকার বরাদ্দ রাখার বিষয়টিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে বিজিএমইএ।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, ফারুক হাসান, আবদুল মান্নান, পরিচালক এস শহীদুজ্জামান, শফিউল আজম প্রমুখ।