উৎসব আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সৌন্দর্য, সাহসের যত গল্প’ এ স্লোগান নিয়ে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর আয়োজনে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ১২ দিনব্যাপী ‘অদম্য চট্টগ্রাম’ উৎসব।আজ বিকেলে বন্দরনগর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকেরা সমবেতভাবে উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম।এ উপলক্ষে সন্ধ্যায় লেজার শো ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।উৎসব উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ডেইলি স্টার-এর উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম।অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, চট্টগ্রাম সমিতি ঢাকার সভাপতি রেজাউল হক মোশতাক, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডেইলি স্টার-এর চট্টগ্রাম ব্যুরোপ্রধান রাইসুল হক।ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘১৪০০ বছরের পুরোনো শহর চট্টগ্রাম। এর ঐতিহাসিক গুরুত্ব যেমন রয়েছে, তেমনি রয়েছে সাংস্কৃতিক বৈচিত্র্য। আমরা এসব ঐতিহ্য ও অর্থনৈতিক সম্ভাবনাকে এ উৎসবের মাধ্যমে তুলে ধরব।’ তিনি বলেন, ‘এটা কোনো আঞ্চলিকতার বিষয় নয়। চট্টগ্রামের গুরুত্ব পুরো দেশের মানুষের কাছে জানানোর তাগিদে এ উৎসবের আয়োজন করা হচ্ছে।’মতবিনিময় অনুষ্ঠানে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জানানো হয়, উৎসবের শেষ দিনে চট্টগ্রামের উন্নয়নে ভবিষ্যৎ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন নোবেলজয়ী মুহম্মদ ইউনূস। সেদিন চট্টগ্রামের উন্নয়নে আজীবন অবদান রাখার জন্য বিশিষ্টজনদের সম্মাননা দেওয়া হবে।উল্লেখ্য, উৎসবের অংশ হিসেবে ১৬ ও ১৭ মার্চ চট্টগ্রামে ‘ঐতিহাসিক সম্মেলন’ এবং ২৫ ও ২৭ মার্চ স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘ঐতিহাসিক ভ্রমণের’ আয়োজন করা হয়।