উৎসব হলো নাজিরপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত চার দিনে পিরোজপুরের চারটি উপজেলার ইউনিয়নগুলোতে ভোট গ্রহণ হয়েছে। কিন্তু ইউপি নির্বাচনের উৎসবের আমেজে দেখা গেল শুধু নাজিরপুর উপজেলার ইউনিয়নগুলোতে। গতকাল শুক্রবার উপজেলার নাজিরপুর সদর, মাটিভাঙ্গা, মালিখালী, শাঁখারীকাঠি ও সেখমাটিয়া ইউনিয়নে নির্বাচন হয়েছে। কয়েকজন প্রার্থীর আপত্তির কারণে নির্বাচন কমিশন দীর্ঘা ও শ্রীরামকাঠি ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে। নাজিরপুরে নির্বাচন ছিল আনন্দমুখর ও শান্তিপূর্ণ। রঙিন পোস্টার-ব্যানার না থাকলেও ভোটারদের মনের রঙের কমতি ছিল না। যেমনটা দেখা যেত অতীতের ইউপি নির্বাচনে। প্রতিটি ভোটকেন্দ্রের আশপাশেই ছিল শত শত উৎসুক ভোটারের ভিড়। ভোটকেন্দ্রের পাশে দোকান বসেছিল বাড়তি পসরা নিয়ে। সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠি কেন্দ্রের পাশের চা-দোকানি মোফাজ্জল হোসেন চায়ের কাপে চামচ নাড়তে নাড়তে বলেন, ‘ক্যান্ডিডেটগো চা খাওনের দিন শ্যাষ। এহন নিজেগো পকেটের টাহা দিয়া চা খাইয়া ভোড দেতে অইবে।’ দোকানে আসা ভোটাররা বলেন, নাজিরপুরে অতীতে এমন উৎসবই দেখা যেত নির্বাচনের সময়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, আনসার ও বিজিবি সদস্যদের সর্বত্র টহল দিতে দেখা গেছে। বিচারিক হাকিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ছিলেন তৎপর। নাজিরপুর থানার উপপরিদর্শক মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, ভোটাররা আচরণবিধি মেনেই আনন্দ-উৎসব করে ভোট দিয়েছে। গোদারা কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘উৎসবমুখর পরিবেশ এবং কেন্দ্রের আশপাশে উৎসাহী ভোটারের উপস্থিতি নিয়ে আমরা শঙ্কিত নই। ভ্রাম্যমাণ আদালত কেন্দ্র পরিদর্শন করে গেছেন। কিন্তু ভেতরে-বাইরে কোনো অনিয়ম খুঁজে পাননি।’্র সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আলাপ হয় স্থানীয় ভোটার অহিদুজ্জামান চৌধুরীর সঙ্গে। উৎসবমুখর নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘আষ্ট বচ্ছর পর ভোট পাইছি, মনের শান্তি মিডাইয়া ভোটটা দেতে পারলাম।’ শাঁখারীকাঠি ইউনিয়নে শাঁখারীকাঠি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন রিজভী হোসাইন। সুষ্ঠু নির্বাচনের কারণ সম্পর্কে প্রথম আলোকে বলেন, এখন স্বচ্ছ ব্যালট বাক্স ও ছবিসহ ভোটার তালিকার কারণে জাল ভোট দেওয়ার সুযোগ নেই। যে কারণে সহিংসতাও নেই। একই কেন্দ্রের ভোটার রাজেন ব্যাপারি বলেন, ‘অতীতে বিভিন্ন সরকারের আমলে অনেক নির্বাচন দেখেছি। কিন্তু এবারের মতো এত সুন্দর আর সুষ্ঠু ভোট কখনো দেখিনি। তাই ফুরফুরা মেজাজে ভোট দিয়েছি।’ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়। পশ্চিম বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৫৯২ ভোটের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ৮১০ ভোট পড়ে। নাজিরপুর সদরের সিরাজুল হক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৭০৬ ভোটের মধ্যে বেলা একটায় ৮৩০ ভোটার ভোট দেন।