রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে ‘রবীন্দ্র উৎসব’ আয়োজন করেছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে দুই দিনের এ উৎসব শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। উৎসব নিয়ে কথা হলো ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক লোপা আহমেদের সঙ্গে।আপনারা এই আয়োজনটিকে ‘রবীন্দ্র উৎসব’ বলছেন কেন?রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ উদ্যাপন করার জন্যই আমরা এই উৎসবের আয়োজন করেছি। এখানে থাকছে গান, নাচ, আবৃত্তি, পাঠ, রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় সবকিছু মিলিয়ে আমরা একটা উৎসবের আবহ তৈরির চেষ্টা করেছি। আর এ উৎসব সবার জন্য। এর আগে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখা দুই দিনের কোনো আয়োজন করেছিল?এবারই আমরা প্রথম করছি। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ উদ্যাপনের জন্য দুই দিনের আয়োজন করেছি। আমরা কিন্তু এই উৎসবকে শুধু জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার মধ্যে সীমাবদ্ধ রাখিনি; রবীন্দ্রসংগীতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। যেমন—রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, রবিরাগ, গীতবিতান, উত্তরায়ণ, সুরের ধারা, প্রতীতি, সুরতীর্থ, ছায়ানট, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। এ ছাড়া বিশিষ্ট ও জনপ্রিয় শিল্পীদেরও আমন্ত্রণ জানিয়েছি।জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের একটি উল্লেখযোগ্য কার্যক্রম হলো প্রশিক্ষণ। ঢাকা মহানগর শাখা থেকে এ ব্যাপারে কিছু ভেবেছেন?আমাদের পরবর্তী সম্মেলন হবে ময়মনসিংহে। এ উৎসব শেষ হওয়ার পরই আমরা রবীন্দ্রসংগীতের ওপর প্রশিক্ষণ দেওয়া শুরু করব। ঢাকার বিভিন্ন স্কুল-কলেজ ও সংগীত শিক্ষাপ্রতিষ্ঠানের ছেলেমেয়েরা এখানে অংশ নিতে পারবে। আর একটা কথা, তাদের অবশ্যই রবীন্দ্রসংগীতের ওপর চর্চা থাকতে হবে।ভবিষ্যতে ঢাকা মহানগর শাখা থেকে আর কী অনুষ্ঠান আয়োজন করছেন?সামনেই হবে বসন্ত উৎসব, বর্ষার অনুষ্ঠান, শীতে লোকগানের উৎসব আর শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠান আয়োজন করব।