উৎসবমুখর ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নারীর ক্ষমতায়নে উচ্চশিক্ষা’। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১৯২১ সালের ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার প্রতিষ্ঠার ৯১ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। ক্যাম্পাসকে সাজানো হয়েছে মনোরম সাজে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনকে আকর্ষণীয় আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।কর্মসূচির মধ্যে আছে আলোচনা সভা ও স্মৃতিচারণা, শোভাযাত্রা, কেক কাটা, গবেষণা ও আবিষ্কার-বিষয়ক প্রদর্শনী, বিতর্ক, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, প্রীতি ক্রিকেট ম্যাচ, প্রীতি ভলিবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।সকাল নয়টার দিকে রং-বেরঙের বেলুন, ফেস্টুন ও ব্যানার নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা হলগুলো থেকে শোভাযাত্রা বের করে প্রশাসনিক ভবন-সংলগ্ন মল চত্বরে জড়ো হয়। সোয়া নয়টায় জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন এবং কেক কাটার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। এরপর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সিনেট-সিন্ডিকেট সদস্য, কর্মকর্তা, কর্মচারী, অভ্যাগত অতিথি, ছাত্র-ছাত্রী, বিএনসিসি, রোভারস ও রেঞ্জারস ইউনিটের সদস্যরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শেষ হয়।এর পর সকাল ১০টার দিকে টিএসসির মিলনায়তনে আলোচনা পর্ব শুরু হয়। ‘নারীর ক্ষমতায়নে উচ্চশিক্ষা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রতিষ্ঠার ৯১ বছরে এদেশের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া, চিকিৎসা, রাজনীতি, অর্থনীতিসহ সব পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অসাধারণ অবদান রেখেছে। শুধু সনদ প্রদান নয়, জাতির প্রয়োজনে অনেক ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বায়ান্নর ভাষা-আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘দেশের ৫০ ভাগ নারী। এ বিপুলসংখ্যক জনসংখ্যাকে বাদ দিয়ে জাতীয় অগ্রগতি সম্ভব নয়। সুখী ও সমৃদ্ধশালী জাতি গঠন করতে হলে নারীর ক্ষমতায়ন ও উচ্চশিক্ষা জরুরি। মেধা ও যোগ্যতায় নারী অনেক এগিয়েছে। কিন্তু আমাদের সমাজে নারী নির্যাতনের ঘটনাও অহরহ ঘটছে।’ বর্তমান প্রজন্মকে সত্যিকার অর্থে শিক্ষিত করার মাধ্যমে সমাজের এই অন্ধকার দূর করার আহ্বান জানান তিনি।মূল প্রবন্ধে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, নারীর ক্ষমতায়নে আর্থিক স্বাধীনতার প্রশ্নটি গুরুত্বপূর্ণ। সেই আর্থিক স্বাধীনতা হয়তো সস্তায় শ্রম বিক্রি করেও পাওয়া যাচ্ছে। কিন্তু তা অনেক বেশি করে আসছে উচ্চশিক্ষার পথ বেয়ে। নারীকে কেউ আজ আর ভালো স্ত্রী বা ভালো মা হওয়ার শিক্ষা দিতে যাচ্ছে না। শিক্ষা আজ তাঁর সর্ববিধ বিকাশে ভূমিকা রাখতে চাইছে। উচ্চশিক্ষা তাঁকে মানুষ হিসেবে তাঁর মূল্য নিরূপণ করতে শেখাচ্ছে, তার সত্তার স্বাতন্ত্র্য সম্পর্কে অবহিত করছে।