উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত দেশের প্রাচীনতম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় আজ বৃহস্পতিবার ৯০ বছরে পা দিয়েছে। ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর এই দিনটি বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উচ্চশিক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্ববিদ্যালয় দিবস পালিত হচ্ছে।এ উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ আছে। তবে প্রশাসনিক ও বিভাগীয় কার্যালয়গুলোয় কাজ চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। সকাল সোয়া নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা শোভাযাত্রা নিয়ে প্রশাসনিক ভবনের সামনে মল চত্বরে জড়ো হয়। সকাল সাড়ে নয়টায় জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন এবং কেক কাটার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে ছাত্র-শিক্ষক কেন্দ্রে গিয়ে শেষ হয়। সকাল সোয়া ১০টার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উচ্চশিক্ষা’ শীর্ষক আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আহমদ শফি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কাজে নেতৃত্ব দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। এ বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে নয়, মানবিকতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও অনন্য সাধারণ অবদান রেখেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা আন্দোলনসহ দেশের সব শিক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনে এই বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে। অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ধারণ করে মানব কল্যাণের লক্ষ্য নিয়ে শিক্ষা ও গবেষণা কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। দুপুর দেড়টার দিকে বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে গবেষণা ও আবিষ্কারবিষয়ক প্রদর্শনী ‘দৃষ্টিপাত’ অনুষ্ঠিত হয়। প্রদর্শনী উপস্থাপন করেন অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী। দিনের অন্য আয়োজনের মধ্যে আছে দুপুর আড়াইটায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির উদ্যোগে বিতর্ক, তিনটায় নিজ নিজ বিভাগ ও অনুষদে বিজ্ঞানবিষয়ক অনুষ্ঠান, বিকাল সাড়ে চারটায় প্রীতি ফুটবল, বিকেল পাঁচটায় প্রীতি ক্রিকেট ও বিকেল সাড়ে পাঁচটায় প্রীতি ভলিবল ম্যাচ এবং সন্ধ্যা ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।