উৎসবে আনন্দে মুখর ঢাকার প্রাচীন মন্দির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকঢোলের বাদ্য, ধূপের সুরভিত ধোঁয়া, দেবীপদে নিবেদিত পুষ্পাঞ্জলি, আরতির নৃত্য আর অগণিত ভক্তজনের সমাগমে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ এখন মুখরিত। সব অপশক্তি বিনাশ করে কল্যাণের প্রতিষ্ঠায় মর্ত্যে আবির্ভূত দেবী দশভুজা। জীবনের পাপ-পঙ্কিলতা থেকে মুক্তির আশায় দেবীপদে প্রণাম নিবেদন করছেন ভক্তরা।ঢাকেশ্বরী ঢাকার মন্দিরগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো। তবে ঠিক কবে এর প্রতিষ্ঠা, ঐতিহাসিকেরা সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি। ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠা নিয়েও নানা কিংবদন্তি আছে। হিন্দুধর্মাবলম্বীরা মনে করেন, ঢাকেশ্বরী ঢাকার অধিষ্ঠাত্রী দেবী। তাঁর নামানুসারেই এ শহরের নাম ঢাকা হয়েছে। যতীন্দ্র মোহন রায় তাঁর ঢাকার ইতিহাস বইতে উল্লেখ করেছেন, ‘ঢাকেশ্বরী কতকাল যাবৎ জনসাধারণের পুষ্পাঞ্জলি গ্রহণ করিয়া আসিতেছেন, তাহা জানা যায় না। ভবিষ্যব্রহ্ম খণ্ডের ঊনবিংশ অধ্যায়ে ঢাকেশ্বরীর উল্লেখ পরিলক্ষিত হয়।’এ ছাড়া ঢাকেশ্বরী মন্দির নিয়ে বহুল প্রচলিত জনশ্রুতি হলো, বল্লাল সেন এটি প্রতিষ্ঠা করেছিলেন। দুর্গামঙ্গলে মহারাজ বল্লাল সেনের জন্মবৃত্তান্তে আছে, সে আমলে এখানে ছিল গহিন অরণ্য। রাজা বিজয় সেনের অন্তঃসত্ত্বা স্ত্রীকে এখানে বনবাস দেওয়া হয়েছিল। তিনি বনমধ্যে দেবীর উপাসনা করে তাঁকে তুষ্ট করেন এবং পুত্রসন্তান প্রসব করেন। বনে জন্ম বলে পুত্রের নাম রেখেছিলেন বনলাল সেন। সেখান থেকে বল্লাল সেন। তিনি পরে রাজসিংহাসনে অধিষ্ঠিত হয়ে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আবার এমন মতও আছে, বল্লাল সেন স্বপ্নে আদিষ্ট হয়ে এখানে বনমধ্যে এসে জঙ্গলে ঢাকা দেবীকে আবিষ্কার করেন। জঙ্গল পরিষ্কার করে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। জঙ্গলে ঢাকা ছিল বলে এর নাম হয়েছে ঢাকেশ্বরী।আরেকটি কিংবদন্তি আছে মহারাজ মানসিংহকে নিয়ে। তিনি বিক্রমপুরের রাজা কেদার রায়কে পরাজিত করে তাঁর গৃহদেবী শিলাময়ীকে নিয়ে ঢাকায় এসেছিলেন এবং কারিগর দিয়ে অনুরূপ স্বর্ণ প্রতিমা নির্মাণ করিয়েছিলেন। সেই প্রতিমাই প্রতিষ্ঠা করেছিলেন ঢাকেশ্বরী মন্দিরে। তবে ঐতিহাসিকেরা মনে করেন, রাজপুত সেনানায়ক মানসিংহ ঢাকায় আসার বহু আগেই ঢাকেশ্বরী মন্দিরটি ছিল। চারপাশে বহু মসজিদের মধ্যে এই মন্দিরটি দেখে তিনি সম্ভবত এর সংস্কার করেছিলেন। ঐতিহাসিক ব্রাডলি বার্ট গত শতকের প্রথমাংশে লেখা তাঁর প্রাচ্যের রহস্য নগরী বইতে উল্লেখ করেছেন, ‘মন্দিরটি ২০০ বছরের পুরোনো এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক হিন্দু এজেন্ট বর্তমান মন্দিরটি নির্মাণ করেছিলেন।’ তবে মুনতাসীর মামুন তাঁর ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী বইতে বলেছেন, এসব মত বিশ্বাসযোগ্য নয়। কোম্পানির কোনো এজেন্ট হয়তো মন্দিরটি সংস্কার করেছিলেন। তিনি উল্লেখ করেছেন, ঢাকেশ্বরী মন্দিরে দুই ধরনের স্থাপত্যরীতির পরিচয় পাওয়া যায়। এর স্থাপত্যে বাংলা চৌচালা ও শিখর মন্দিরের মিশ্রণ লক্ষণীয়।মূল মন্দিরটি পঞ্চরত্নবিশিষ্ট। বহুবার সংস্কারের ফলে এর আদিরূপটি হারিয়ে গেছে। যতীন্দ্র মোহন রায়ের মতও তা-ই। তিনি উল্লেখ করেছেন, ‘ঢাকেশ্বরী মন্দির পুনঃ পুনঃ সংস্কৃত ও পরিবর্তিত হইয়া বর্তমান আকারে পরিণত হইলেও উহার গঠনপ্রণালী এবং ভগ্নাবশিষ্ট প্রাচীন ইষ্টকগুলি পর্যবেক্ষণ করিলে স্পষ্টতই প্রতীয়মান হয় যে এই মন্দিরটি বৌদ্ধ স্থাপত্যের অনুকরণেই নির্মিত হইয়াছিল।’ রতন লাল চক্রবর্তীও এই মত অনুসরণ করেছেন। তাঁর বাংলাদেশের মন্দির বইতে উল্লেখ করেছেন, প্রথমে এখানে বৌদ্ধ মন্দির ছিল এবং পরে তা হিন্দু মন্দিরে পরিণত হয়। দশম শতকে এই মন্দিরটি নির্মিত হয়েছিল বলে তাঁর অনুমান। কাজেই ঢাকেশ্বরী মন্দির যে রাজধানী ঢাকার পত্তনেরও বহু আগে প্রতিষ্ঠিত হয়েছিল, তাতে সন্দেহ থাকে না।আদি পঞ্চরত্ন মন্দিরটির দক্ষিণ দিকের খোলা চত্বরে এখন বারোয়ারি শারদীয় দুর্গাপূজা হয়ে থাকে। মূল মন্দিরের সামনে সুদৃশ্য ফটক। আগে এই ফটক দিয়ে হাতি প্রবেশ করত। ফটক দিয়ে প্রবেশ করলেই নাটমন্দির। তার সামনে একসার কক্ষ। উত্তর দিকে মূল মন্দির। বাইরের প্রাঙ্গণের পশ্চিমে পাড়বাঁধা পুকুর এবং উত্তর দিকে গায়ে গায়ে লাগানো চারটি শিবমন্দির। এই শিবমন্দিরগুলোই এখন প্রাচীন স্থাপত্যরীতির ঐতিহ্য বহন করছে।ঢাকেশ্বরী মন্দিরের অন্য আরও একটি তৎপর্য রয়েছে হিন্দুধর্মাবলম্বীদের কাছে। সতীর দেহ ছিন্ন হয়ে যে স্থানগুলোতে পড়েছিল, সেগুলো পীঠস্থানের মর্যাদা পেয়েছে। ঢাকেশ্বরীতে পড়েছিল তার অলংকারের অংশ। এ জন্য এটি উপপীঠস্থান হিসেবে গণ্য। সে কারণে পূজাপার্বণ ছাড়াও সারা বছর এই স্থান দর্শনে আসেন বহু ভক্ত।তবে গত শতকের ত্রিশের দশকে এখানে একটি বিশাল মেলা হতো। নাজির হোসেন তাঁর কিংবদন্তির ঢাকা বইতে এই মেলার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে লাঙ্গলবন্দে পবিত্র স্নান শেষে পুণ্যার্থীরা ঢাকেশ্বরী মন্দিরে আসতেন দেবীপদে প্রণাম নিবেদন করতে। সে উপলক্ষেই মেলার আয়োজন।কালের বিবর্তনে ঢাকেশ্বরী মন্দির এখন জাতীয় মন্দিরের মর্যাদায় অভিষিক্ত। শারদীয় দুর্গোৎসবে মন্দিরের মেলাঙ্গন আক্ষরিক অর্থেই বিভিন্ন ধর্মের মানুষের মিলনমেলায় পরিণত হয়।