উৎসবে আনন্দে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
ধর্মীয় আনুষ্ঠানিকতা আর উৎসবে আনন্দে উদ্যাপিত হলো এবারের শারদীয় দুর্গোৎসব। দুর্গতিনাশিনী দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল রোববার শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী সর্বজনীন এই উৎসব। মন্দিরে-মণ্ডপে গতকাল সকালেই দশমী বিহিত পূজার মধ্য দিয়ে দেবীর শাস্ত্রীয় বিসর্জন সম্পন্ন হয়। বিকেলে শোভাযাত্রা সহযোগে হিন্দুধর্মাবলম্বীরা প্রতিমা বিসর্জন দেন বুড়িগঙ্গা নদীতে। বিসর্জন শেষে কুলাচার অনুসারে অনুষ্ঠিত হয় অপরাজিতা পূজা।গতকালের বিসর্জন শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫০টি প্রতিমা ও ৮০টি ট্রাক ঢাকেশ্বরী প্রাঙ্গণে সমবেত হয়। বিসর্জন শোভাযাত্রার উদ্বোধন করেন মেজর জেনারেল (অব.) সি আর দত্ত। দেবীকে বিসর্জনের মুহূর্তে লালবাগ এলাকার গৃহবধূ অঞ্জলি সাহা বলেন, সারাটা বছর তিনি ও তাঁর পরিবার এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন। কাল থেকেই আবার শুরু হবে দিন গোনা।জাতীয় মন্দিরের প্রধান পুরোহিত রণজিৎ চক্রবর্তী বলেন, ‘দশমীর দিনটি উৎসবের আমেজে শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেজে ওঠে বিদায়ের করুণ সুর। তবে দেবীর এই প্রস্থান লৌকিকতা মাত্র। তিনি সব ভক্তের হূদয়ে সর্বক্ষণ আছেন। তিনি সর্বত্র বিরাজমান।’রণজিৎ চক্রবর্তী বলেন, ‘এ বছর দেবী পালকিতে বা দোলায় চড়ে এসেছিলেন দুর্যোগের আশঙ্কা নিয়ে। কিন্তু গজে চেপে ফিরেছেন ধরিত্রীকে ধন-ধান্য-পুষ্পে ভরে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে।’গতকাল ছিল সরকারি ছুটির দিন। রাস্তাঘাটে লোকসমাগম যথেষ্টই কম ছিল। কিন্তু উপচে পড়া ভিড় ছিল রাজধানীর বিভিন্ন মণ্ডপে। হিন্দুধর্মাবলম্বীরা দেবীর আশীর্বাদ লাভের আশায় মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন। রোগ-শোক-ব্যাধি থেকে নিজের ও পরিবারের সবার মঙ্গল কামনা করেছেন।তবে ‘ধর্ম যার যার, উৎসব সবার’—সর্বজনীন দুর্গোৎসবের এই স্লোগানের সত্যতা মিলেছে নগরের মণ্ডপগুলোয়। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষ সম্পৃক্ত হয়েছেন উৎসবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসেছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শারমীন আক্তার সুমা, বন্ধুবান্ধব নিয়ে। প্রতিবছরই অন্তত একবার মণ্ডপে আসেন বলে তিনি জানান। কলাবাগান মাঠে স্থাপিত মণ্ডপে কথা হয় রাজধানীর ওয়াইডব্লিউসিএ স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী যমজ বোন মিথিলা আর মিথুনের সঙ্গে। বাবা-মায়ের সঙ্গে তারাও এসেছিল উৎসবে অংশ নিতে। মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ এ প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশে সব উৎসবই জাতীয় উৎসবে পরিণত হয়। দুর্গোৎসবও তার ব্যতিক্রম নয়। আমরা একটি শুভেচ্ছা মঞ্চ তৈরি করেছি, যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। সব ধর্মের, সব মতের মানুষ এখানে এসেছেন। শুধু পূজার যে আচার-অনুষ্ঠান সেটুকু বাদ দিয়ে পুরো উৎসবে সবাই একসঙ্গে আনন্দ করেছেন।’পাঁচ দিনব্যাপী এই উৎসবে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রীসহ একাধিক মন্ত্রী ও বিভিন্ন বিদেশি দূতাবাসের প্রতিনিধিরা। গতকাল বিজয়া দশমীতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন। পূজার আচার-অনুষ্ঠানের পাশাপাশি মণ্ডপগুলোয় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। কলাবাগান মাঠে প্রতিদিনই সন্ধ্যার পর থেকে শুরু হয়ে এই অনুষ্ঠান শেষ হয়েছে রাত ১২টা নাগাদ। প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় তা উপভোগ করেছে বিপুলসংখ্যক মানুষ। আরতি প্রতিযোগিতাও ছিল দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ। ঢাকঢোল, কাঁসরের শব্দে ছন্দ মিলিয়ে নগরের বিভিন্ন পূজামণ্ডপে আরতি প্রতিযোগিতায় অংশ নেন অনেক নারী-পুরুষ।এ ছাড়া পূজাকে কেন্দ্র করে মেলা বসেছিল বড় বড় মণ্ডপ ঘিরে। খাদ্যসামগ্রীর পাশাপাশি ধর্মীয় বই ও আচার-অনুষ্ঠানের বিভিন্ন উপকরণ ছিল এসব মেলায়। পূজামণ্ডপগুলোর সাজসজ্জাতেও ছিল অভিনবত্ব।মহানগর সর্বজনীন পূজা কমিটি রাজধানীর বিভিন্ন জায়গায় ছোট-বড় ১৯১টি পূজামণ্ডপ থেকে শ্রেষ্ঠ মণ্ডপ নির্বাচিত করবে বলে জানান কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহা।বড় বড় মণ্ডপে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। গুলশান-বনানী সর্বজনীন পূজা পরিষদের উদ্যোগে বনানী পূজামণ্ডপে রক্তদান কর্মসূচি পরিচালনা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের পরিচালক সামন্ত লাল সেন। মহানগর সর্বজনীন পূজা কমিটি সুষ্ঠুভাবে দুর্গোৎসব পালন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছে। পুরো পাঁচ দিনই কঠোর নিরাপত্তা ছিল উৎসবকে কেন্দ্র করে। পুলিশ প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।