২১ জানুয়ারি শুরু হলো পঞ্চম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। উৎসবে থাকছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিশুতোষ চলচ্চিত্রের প্রদর্শনী, সেমিনার আর কর্মশালা। গত দুই দিনে উৎসবকে ঘিরে শাহবাগ কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তন, জাতীয় জাদুঘর আর ব্রিটিশ কাউন্সিলে শিশুদের ব্যাপক ভিড় ছিল। এই উৎসব নিয়ে বললেন আয়োজক সংগঠন চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি মুহম্মদ জাফর ইকবাল।এই উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য কী?শিশু-কিশোরদের ভালো ভালো কিছু ছবি দেখানো। ভিডিওর দোকানগুলোতে অনেক ছবি পাওয়া যায়। সেগুলো কিনে বাসায় এনে যে কেউ দেখতে পারে। কিন্তু উৎসবে পুরো একটি সপ্তাহে যে ছবিগুলো দেখানো হচ্ছে, তা ভিডিওর দোকানগুলোতে পাওয়া যাবে না। সেগুলো আনা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। উৎসব আয়োজনের আরেকটি দিক হলো, আজকের শিশু-কিশোরদের চলচ্চিত্র তৈরিতে আগ্রহী করে তোলা। এ ক্ষেত্রে তাদের সৃজনশীলতার ব্যাপারটিকে উৎসাহিত করছি। এবারের উৎসব কিন্তু একই সঙ্গে বিভিন্ন বিভাগীয় শহরেও হচ্ছে।উৎসবে আপনারা শিশু-কিশোরদের নির্মিত ছবি নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেন। হ্যাঁ, এবারও এই প্রতিযোগিতার বিভাগটি রয়েছে। অনেকেই ছবি জমা দিয়েছে। এখানে সেরা পাঁচজন শিশু-কিশোর নির্মাতার প্রত্যেককে পুরস্কার হিসেবে দেওয়া হবে ২৫ হাজার টাকা। এই টাকা আমরা তাদের ফুর্তি করার জন্য দিচ্ছি না। আমরা চাই, এই টাকা দিয়ে তারা নিজেদের পরবর্তী ছবিটি তৈরি করবে।শিশু-কিশোরদের অংশগ্রহণ কেমন মনে হচ্ছে?যথেষ্ট ভালো। বিভিন্ন স্কুল থেকে শিশু-কিশোরেরা আসছে। অনেক অভিভাবকও তাঁদের সন্তানদের নিয়ে আসছেন। তার পরও আমি সব অভিভাবককে বলব, আপনারা আপনাদের সন্তানদের নিয়ে উৎসবে ছবি দেখতে আসুন। অনেক ভালো ছবি এখানে দেখানো হচ্ছে। তাদের সেগুলো দেখার সুযোগ করে দিন। যদি আপনার সন্তান ছবি নির্মাণ করতে চায়, তাকে এ কাজে উৎসাহ দিন। এতে আপনার সন্তানের সৃজনশীলতার বিকাশ ঘটবে।যে শিশু-কিশোরেরা ছবি তৈরি করে, তাদের নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে?তারা কিন্তু চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। তাদের ছবি তৈরির ব্যাপারে নানাভাবে সহযোগিতা করা হয়। আর তারাও পরে নিজেদের এলাকায় চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। শুনেছি, উৎসবে সারা দেশ থেকে শিশু প্রতিনিধিরা অংশ নিচ্ছে। তারা কী কাজ করছে?সারা দেশ থেকে দেড় শ শিশু-কিশোর প্রতিনিধি অংশ নিচ্ছে উৎসবে। ‘আমার শোনা মুক্তিযুদ্ধের সেরা ঘটনা’ শীর্ষক রচনা প্রতিযোগিতার মাধ্যমে তাদের বাছাই করা হয়েছে। প্রতিযোগিতায় দুটি গ্রুপ ছিল: ৮ থেকে ১২ বছর আর ১৩ থেকে ১৮ বছর। তাদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। এ ছাড়া রোববার আমি বসেছিলাম ওদের সঙ্গে। সোমবার তাদের মুক্তিযুদ্ধের গল্প শোনাবেন লে. জে. (অব.) হারুন-অর-রশিদ। আর মঙ্গলবার কথা বলবেন ক্রিকেটার সাকিব আল হাসান। এই আড্ডাগুলোতে অন্য ছেলেমেয়েরাও অংশ নিতে পারবে। সাকিব আল হাসানের সঙ্গে আড্ডাটি হবে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে, সন্ধ্যা ছয়টায়। আপনার উপন্যাস অবলম্বনে সম্প্রতি তৈরি হয়েছে ‘আমার বন্ধু রাশেদ’। এরপর?আমার আরও দুটি উপন্যাস নিয়ে ছবি তৈরি হচ্ছে। আফসানা মিমি এ বছরই তৈরি করবেন ক্যাম্প। আর সজল খালেদ শুরু করেছেন কাজলের দিনরাত্রী। মেহেদী মাসুদ