উৎসবে তাহমিমা আনাম
ঢাকার ব্রিটিশ কাউন্সিলে আয়োজিত হে ফেস্টিভ্যালে গতকাল সোমবার দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন লন্ডনপ্রবাসী বাংলাদেশি লেখক তাহমিমা আনাম। বিভিন্ন দেশের লেখক-পাঠকের এই মিলনমেলার চার সমন্বয়কারীর একজন তিনি।সকালে মুক্তমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে তাহমিমা ছিলেন সভাপতি-সঞ্চালক, লেখকদের অভিজ্ঞতার বর্ণনাপর্বেও তিনি অংশ নেন এবং রাইটার্স ব্লক অ্যানথলজির প্রকাশনাপর্বে বক্তব্য দেন। গতকালের উৎসবে তাঁর দ্বিতীয় উপন্যাস দ্য গুড মুসলিম-এর বাংলাদেশ সংস্করণ প্রকাশিত হয়। দুপুর ১২টায় ‘মিট দি অথরস’ প্রাঙ্গণে তিনি তাঁর বইয়ের পাঠকদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজের বইয়ে স্বাক্ষর করেন। বাংলাদেশে বইটির প্রকাশক প্রথমা প্রকাশন। মেলায় ঢাকার কয়েকটি দৈনিকের প্রতিবেদকদের সঙ্গে কথা বলেন তাহমিমা।‘আপনি কেন ইংরেজি ভাষায় লেখেন?’ উত্তরে তাহমিমা বলেন, ‘আমি একটা আন্তর্জাতিক পাঠকগোষ্ঠীর জন্য লিখি। বিশ্বের বিভিন্ন দেশের পাঠকের কাছে আমি আমার লেখা পৌঁছাতে চাই। এ জন্য আমি ইংরেজিতে লিখি।’ একটা প্রশ্ন ছিল, ‘বাংলা ভাষায় লিখলে বাংলা ভাষাভাষী আরও অনেক পাঠক আপনার বই পড়তে পারত, আপনি কী বলেন?’ তাহমিমা বলেন, ‘আমার প্রথম উপন্যাস দ্য গোল্ডেন এজ প্রকাশের অল্প সময়ের মধ্যে বাংলাদেশে বইটির বাংলা সংস্করণ প্রকাশিত হয়েছে। সাড়াও পেয়েছি বেশ। দ্য গুড মুসলিম-এর বাংলা অনুবাদের কাজও চলছে। ঢাকার প্রথমা প্রকাশন থেকে শিগগির বইটির বাংলা অনুবাদ প্রকাশিত হবে।’