উৎসবে ২৫টি নাটকের প্রদর্শনী হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ আয়োজন করেছে ‘রবি সৃজনশীল তারুণ্যের নাট্য প্রকাশ’ শিরোনামে নাটকের উৎসব। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই উৎসব শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় দেশ-বিদেশের ২৫টি নাটকের প্রদর্শনী হবে। এই উৎসব নিয়ে কথা হলো নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রহমত আলীর সঙ্গে।এই উৎসব নিয়ে কিছু বলুন।নাট্যকলা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার অংশ হিসেবে এখানে শিক্ষার্থীরা নিজেদের নির্দেশনায় নাটক মঞ্চায়ন করছে। একসঙ্গে অনেকগুলো ভালো মানের নাটকের প্রদর্শনী হচ্ছে। তাই আমরা একে উৎসবের রূপ দিয়েছি। প্রতিবছরই এ উৎসব হয়। এবারের উৎসবে ২৫ জন শিক্ষার্থী তাদের নির্দেশনায় নাটক মঞ্চায়ন করবে। আর তাতে অভিনয় করছে নাট্যকলা বিভাগেরই ছাত্রছাত্রীরা। গত দেড় মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত মহড়া করেছে ছেলেমেয়েরা। এ উৎসবের সমন্বয়কারী হিসেবে আছেন আশিকুর রহমান।এ নাটকগুলোর মান কেমন হয়?এখন ঢাকার মঞ্চে যেসব নাটকের প্রদর্শনী হচ্ছে, তা থেকে আমাদের নাট্যকলা বিভাগের এ নাটকগুলোর মান অনেক ভালো। এর যথেষ্ট কারণও আছে। এখানে তত্ত্বীয় ও ব্যবহারিক—দুই ধরনের শিক্ষাই পাচ্ছে ছাত্রছাত্রীরা। তাই নাটকগুলোর নির্দেশনা ও তাতে অভিনয়ের ক্ষেত্রে এর যথেষ্ট প্রভাব পড়ে।আপনি বলছেন ভালো মানের অনেকগুলো নাটকের প্রদর্শনী হচ্ছে এ উৎসবে। নাটকগুলো কি শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্যই তৈরি হচ্ছে, নাকি পরেও এগুলোর প্রদর্শনী হবে?নাটকগুলোর নিয়মিত প্রদর্শনী করা সম্ভব হলে খুব ভালো হতো, কিন্তু তা তো সম্ভব হয় না। তবে যে নাটকগুলো খুব ভালো হয়, পরে তা অন্য কোথাও প্রদর্শনীর ব্যবস্থা করি। আর প্রতিবছরই নভেম্বর মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাটক নিয়ে আমরা চার দিনের একটি উৎসবের আয়োজন করি। সেখানেও ভালো নাটকগুলো প্রদর্শনীর ব্যবস্থা থাকে। নাট্যকলা বিভাগ থেকে যাঁরা বেরোচ্ছেন, তাঁদের ব্যাপারে ভবিষ্যতে আপনারা কী ব্যবস্থা নেন?সাধারণত আমাদের এখান থেকে যারা পাস করে বেরোচ্ছে, আমার জানামতে, তারা কেউই বসে নেই। পাস করার সঙ্গে সঙ্গেই তাদের চাকরি হচ্ছে। আর যারা টিভি নাটকে অভিনয় করতে চায়, ওয়াহিদা মল্লিক ও আমি বিভিন্ন পরিচালকের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি।