শীতে দারুণ জমে উঠেছে শব্দাবলী স্টুডিও থিয়েটার আয়োজিত নাট্যোৎসব। শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার এবং স্টুডিও থিয়েটারে প্রতিদিন দুটি করে নাটক মঞ্চস্থ হচ্ছে। উভয় প্রদর্শনীতেই দর্শকের সোৎসাহ উপস্থিতি। গতকাল বুধবার ছিল উৎসবের তৃতীয় দিন। এদিন পরীক্ষণ থিয়েটারে আয়োজক দল শব্দাবলী থিয়েটার মঞ্চস্থ করে নাটক ফণা। স্টুডিও থিয়েটারে প্রাচ্যনাট মঞ্চস্থ করে মায়ের মুখ। আরনল্ড ওয়েস্কারের লেখা ফোর পোর্ট্রেট অব মাদারস অবলম্বনে এটি অনুবাদ করেছেন মুম রহমান। আর নির্দেশনা দিয়েছেন তৌফিকুল ইসলাম।বর্তমান সময়ে আমাদের সমাজে নারীরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, তা শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই তাদের সমস্যা প্রায় অভিন্ন। নারীদের বাস্তব এমন সমস্যাগুলোই এসেছে প্রাচ্যনাটের মায়ের মুখ-এ। মায়ের মুখ নাটকটিতে রুথ, নাওমি, মিরিয়াম ও ডেবোরা—এই চারজন নারী নিজ নিজ অবস্থানে থেকে বলে গেছেন তাঁদের কথা, জানিয়েছেন অনুভূতি। বলা হয়েছে মাতৃত্বের কথা। একই সঙ্গে নারীত্ব ও মাতৃত্বের চার সময়ের চারটি ভূমিকা পালন করেছেন তাঁরা। এঁদের মধ্যে রুথ অবিবাহিত মা। তাঁর কথনে সমাজে অবিবাহিত মায়ের অসুবিধার কথাগুলো বলা হয়েছে। অন্যদিকে নাওমি নিজে মা হতে না পারলেও নিজেকে মা হিসেবে ভাবতে ভালোবাসেন। রয়েছে তাঁর মা না হওয়ার আকুতি। তৃতীয় মা মিরিয়াম একজন ব্যর্থ মা। সন্তানদের মানুষ করতে পারেননি তিনি। নাটকের চতুর্থ মা ডেবোরা একজন সত্যিকারের সার্থক মা। জীবনকে যিনি পূর্ণভাবে উপভোগ করেন মাতৃত্বের ভেতর দিয়ে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুসি তৃপ্তি গোমেজ, ঋতু সাত্তার, জয়িতা মহলানবিশ ও সাদিকা পারভিন। পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ ফণা নাটকটি লিখেছেন শাহমান মৈশান। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এ নাটকের গল্পে সামরিকবাদ, যুদ্ধ, হিংসা ও মুক্তিপিপাসু মানুষের কথা বলা হয়েছে।প্রতিষ্ঠার ২০ বছর ও মুক্তিযুদ্ধের বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে বরিশালের শব্দাবলী স্টুডিও থিয়েটার আয়োজন করেছে ১০ দিনব্যাপী নাট্যোৎসবের। ঢাকায় উৎসব শেষ হবে আজ বৃহস্পতিবার।