উৎসবের আমেজে ১৮ দলের সমাবেশ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের সমাবেশ শুরু হয়েছে। দুপুর দেড়টার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দিচ্ছেন। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে, ঢাকঢোল পিটিয়ে, বাঁশি বাজিয়ে জোটের নেতা-কর্মীরা নয়াপল্টন এলাকায় আসতে শুরু করেন। দুপুর ১২টার পর নেতা-কর্মীদের সমাগম বাড়তে থাকে।ঢাকার আশপাশের এলাকা ছাড়াও নোয়াখালী, ঝালকাঠিসহ বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা এ কর্মসূচিতে যোগ দিয়েছেন।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে কেন্দ্র করে পশ্চিম দিকে কাকরাইল মসজিদ মোড়, পূর্ব দিকে নটর ডেম কলেজ এবং দক্ষিণে পুরানা পল্টন ও দৈনিক বাংলা মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। এসব এলাকায় বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।সমাবেশে বেলা সোয়া তিনটার দিকে যোগ দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সমাবেশ থেকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে এবার সংক্ষিপ্ত সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে।জোটের একাধিক সূত্র জানিয়েছে, এর আগে খালেদা জিয়া চলতি বছরের ১২ মার্চ ও ১১ জুন সরকারকে দুবার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এবারের সময়সীমা হবে সংক্ষিপ্ত, তা ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত হতে পারে। এর মধ্যে দাবি মানার ব্যাপারে সরকার সাড়া না দিলে সারা দেশে এক দিনের অবস্থান কর্মসূচিসহ হরতালও দেওয়া হতে পারে। এর আগে গণ-অনশন ও পদযাত্রার মতো কর্মসূচি দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। এরপর সরকার পতনের এক দফা দাবিতে ধারাবাহিক নানা কর্মসূচিতে যাবে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।