মেলা মেলার জায়গাতেই আছে, তবে আগের তিন দিন যে পরিবেশ ছিল, তা বদলেছে গতকাল সোমবার। উৎসবের উচ্ছ্বাস আর উপচে পড়া ভিড় ছিল না। ছিমছাম পরিবেশে যাচাই-বাছাই করে বই কিনেছেন ক্রেতারা। ঘুরতে-ফিরতে পরিচিতজনের দেখা পেলে কুশল বিনিময় করে মেতে উঠেছেন কথোপকথনে—এভাবেই সন্ধ্যা কেটে গেছে অমর একুশের গ্রন্থমেলায়।সাহিত্যিক বশীর আলেহলাল এসেছিলেন মেলা প্রাঙ্গণে। তিনি বললেন, ‘অনেক বই প্রকাশিত হচ্ছে, কিন্তু মানসম্মত বইয়ের সংখ্যা অতি নগণ্য। যেসব উপন্যাস লেখা হচ্ছে, এগুলো উপন্যাস না গল্প না অন্য কিছু, বুঝতে পারি না। বঙ্কিম-রবীন্দ্রনাথ-শরত্-মানিক-তারাশঙ্কর-বিভূতিভূষণ হয়ে আমাদের উপন্যাসের যে উত্তরাধিকার, তার সঙ্গে এখনকার এসব উপন্যাসের ধারাবাহিকতাটা কোথায়? সহজ জনপ্রিয়তা লাভের জন্য শত শত বই ছাপা হচ্ছে উপন্যাস নামে। একই কাহিনি একটু ঘুরিয়ে-ফিরিয়ে আলাদা আলাদা বই করে ফেলছেন একেকজন। তাঁদের আট-দশটি করে বই বেরিয়ে যাচ্ছে মেলায়। এ প্রবণতায় আশাবাদী হতে পারছি না।’ বশীর আলেহলাল বলেন, ‘ভালো ও মোটা বই সব সময়ই কম বিক্রি হয়। সে কারণে প্রকাশকেরাও তেমন বই প্রকাশে উদ্যোগী হন না। একটি মেলায় যত বই প্রকাশ হয়, তার অন্তত ২৫ শতাংশ ভালো বই প্রকাশ হওয়া উচিত। আমাদের এখানে পাঁচ শতাংশও ভালো বই প্রকাশিত হয় না।’ তিনি বলেন, এ ক্ষেত্রে সরকার বা বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানগুলো পৃষ্ঠপোষকতা দিতে পারে। এবার মেলায় তাঁর একটি কিশোর উপন্যাস আসছে মাওলা ব্রাদার্স থেকে শিশিরের দেশে অভিযান।গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: ‘দেশ স্বাধীন হয়েছে, কিন্তু গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। সেনাবাহিনীও পাকিস্তানি সেনাবাহিনীর আদলেই রয়ে গেছে। ষড়যন্ত্রকারী রাজাকার ও পরাজিত শক্তি এই সেনাবাহিনীকে ব্যবহার করে নানা সময়ে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করেছে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আনোয়ার হোসেন গতকাল কথাগুলো বলছিলেন মেলায় তাঁর নতুন বই গণতান্ত্রিক রাষ্ট্র ও সেনাবাহিনী-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। আগামী প্রকাশনী থেকে এসেছে বইটি। তিনি নিজেই এর মোড়ক উন্মোচন করে বলেন, ‘আমাদের স্বপ্ন ছিল গণতান্ত্রিক রাষ্ট্র। আমি বিশ্বাস করি, নতুন প্রজন্ম গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করবে।’নকল কাঠপেন্সিল: অন্যপ্রকাশ থেকে এবার মেলায় প্রকাশিত জনপ্রিয় কথাশিল্পী হুমায়ূন আহমেদের আত্মজীবনী কাঠপেন্সিল-এর নকল কপি রাজধানীর বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছিল কয়েক দিন থেকেই। গতকাল কপিরাইট টাস্কফোর্স গোপন অনুসন্ধান চালিয়ে টঙ্গীর আরাফাত প্রিন্টার্সে অভিযান চালিয়ে নকল বইয়ের প্রচ্ছদ, ছাপার প্লেটসহ বিভিন্ন উপকরণ আটক করেছে। অন্যপ্রকাশের প্রকাশক মাজহারুল ইসলাম জানান, এ বইটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় নকল করা হচ্ছিল। টাস্কফোর্স এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা করেছে। মোড়ক উন্মোচন: গতকাল বেশ কয়েকটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে নজরুল মঞ্চে। এর মধ্যে জনান্তিক থেকে প্রকাশিত সারাহ্ ইউসার লেখা এ ট্রিবিউট টু দ্য গ্রেটেস্ট এন্টারটেইনার দ্যাট এভার লিভড: মাইকেল জ্যাকসন বইটির মোড়ক উন্মোচন করেন গীতিকার শহীদুল্লাহ ফরায়জী ও কবি রবীন্দ্র গোপ। এতে প্রয়াত পপসম্রাটের জীবনের নানা দিক ও শতাধিক ছবি রয়েছে।নতুন বই: গতকাল তথ্যকেন্দ্রে ১০৪টি নতুন বই জমা পড়ে। এসব বইয়ের মধ্যে ছিল—কথাপ্রকাশ থেকে অধ্যাপক সিরাজুল ইসলামের ইতিহাসবিষয়ক গ্রন্থ ঐতিহাসিকের নোটবুক, দ্য রয়েল পাবলিকেশন থেকে গোলাম সারওয়ারের আত্মজীবনী আমার যত কথা, নবযুগ থেকে প্রকাশিত শওকত ওসমানের বিদেশি রান্নাবিষয়ক বই খুনতি কড়াই, সংবেদ থেকে জাফর আহমদ রাশেদের কাব্য দোনামোনা, আগামী থেকে শামীম আজাদের কাব্য জন্মানু জুপিটার, জাতীয় সাহিত্য প্রকাশনী থেকে যতীন সরকারের শিক্ষাবিষয়ক গল্পে গল্পে ব্যাকরণ, ইত্যাদি থেকে হায়াত্ মামুদের প্রবন্ধ সময়ের জবানবন্দি, উত্স থেকে পুরাতন পুঁথি সিরিজে মুন্সী ইরফান আলীর ছয়ফুল বেদাত, বাংলা প্রকাশন থেকে নির্মলেন্দু গুণের প্রবন্ধ রঙের জাতক, দি ইউনিভার্সেল একাডেমী থেকে শাহাদাত হোসেনের কম্পিউটারবিষয়ক কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি কোষ, অমর প্রকাশনী থেকে রিয়াজ চৌধুরীর কাব্য কারিকা, মুক্তচিন্তা থেকে সুজন হালদারের গণতন্ত্রের পথে নিরন্তর: অং সান সু চি, ধ্রুব সাহিত্য প্রকাশন থেকে মো. সফিকুল ইসলামের প্রবন্ধ বঙ্গবন্ধু ও আবুল ফজল। এ ছাড়া কাকলী থেকে প্রকাশিত হয়েছে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের আত্মজীবনী ষষ্ঠ খণ্ড: নেই, কিছু নেই, দিব্য থেকে প্রকাশিত হয়েছে দিলীপ দেবনাথের শব্দচিন্তা চমৎকারা। বাংলা ভাষার বিশাল শব্দভান্ডারের যে বিপুল বৈচিত্র্য, শব্দের নানা বিবর্তন, অর্থগত পরিবর্তন, শব্দের অপপ্রয়োগ, অর্থগত বিভ্রান্তি, নানা শব্দের ব্যুৎপত্তি—এমনকি অভিধানের বিভ্রান্তি নিয়ে সরস কথনে লেখা এটি একটি ব্যতিক্রমী বই।অনুষ্ঠান: মেলার মূল মঞ্চে এ দিনের আলোচ্য বিষয় ছিল: ‘ভাষা-সংগ্রামী শহীদ আলতাফ মাহমুদ’। প্রবন্ধ পড়েন করুণাময় গোস্বামী, আলোচনা করেন সৈয়দ হাসান ইমাম ও শিমূল ইউসুফ। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। ব্রতচারী সমিতির শিল্পীরা ব্রতচারী সংগীত গেয়ে শোনান। পরে গণসংগীত পরিবেশন করেন ঋষিজ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।