উৎসবের প্রেমাদাসায় ফাইনালে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে বলে, শুধু চার-ছয়েই টি-টোয়েন্টির মজা! ক্রিকেটের আসল মজা ব্যাট আর বলের সমানে সমান লড়াইয়ে। তা খেলাটা যত ওভারেরই হোক না কেন! কাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রিকেটের গভীরতর দর্শক সেই মজাটাই পেলেন।শুধুই স্কোরকার্ডে তা বোঝার উপায় নেই। যে ম্যাচে ১৬ রানে জয়-পরাজয় নির্ধারিত হয়, শেষ তিন-চার বলের কোনো অর্থ থাকে না, প্রথাগত অর্থে তা এমন আহা-উহু করার মতো কোনো টি-টোয়েন্টি ম্যাচ নয়। কিন্তু যাঁরা খেলাটা দেখেছেন, ব্যাট আর বলের জমজমাট লড়াইটা তাঁদের তারিয়ে তারিয়েই উপভোগ করার কথা।৪০ ওভারে মাত্র একটা ছক্কা, এটা যেমন ব্যতিক্রমী; তেমনি ব্যতিক্রমী এটাও যে, টি-টোয়েন্টি ম্যাচে ৩৬ বলে ৪২ রানের একটা ইনিংস পেল ম্যাচ-সেরার স্বীকৃতি। যিনিই অ্যাজুডিকেটর থাকুন, তাঁর বিবেচনাকে ধন্যবাদ জানাতে হয়। ব্যাটিং দুরূহ উইকেটে ব্যাটসম্যানশিপের মহিমা বুঝতে পারার জন্য।তবে ম্যাচ-সেরার পুরস্কারটা মাহেলা জয়াবর্ধনেকে না দিয়ে রঙ্গনা হেরাথকে দিলেও যে খুব অন্যায় হতো, এমন নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠায় এই বাঁহাতি স্পিনারের অবদানটা বরং বেশি প্রত্যক্ষ। সংবাদ সম্মেলনে মোহাম্মদ হাফিজ যে পরাজয়ের কারণ হিসেবে বারবারই ‘মিডল অর্ডার ভেঙে পড়া’র কথা বলে আক্ষেপ করলেন, সেটির মূলে তো এই হেরাথই। মালিক, হাফিজ ও আফ্রিদি তাঁর শিকার। পরের দুজন পর পর দুই বলে। হাফিজের সংবাদ সম্মেলনের একপর্যায়ে মনে হলো, এটির বিষয় বোধ হয় শহীদ আফ্রিদি! পাকিস্তানকে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর নায়ক এবার শোচনীয় ব্যর্থ। ৬ ম্যাচে মাত্র ৩০ রান, সর্বোচ্চ ১৪। দুই শূন্যের দ্বিতীয়টি কাল প্রথম বলেই বোল্ড হয়ে। আফ্রিদিকে কেন খেলিয়ে যাওয়া হলো—এই প্রশ্নে হাফিজকে তাই জর্জরিত করে তুললেন পাকিস্তানি সাংবাদিকেরা। হাফিজ বারবার একটা কথাই মনে করিয়ে দিলেন, আফ্রিদি ম্যাচ উইনার। ম্যাচ উইনার তো সন্দেহ নেই। কিন্তু সেই ম্যাচ উইনিং ক্ষমতা যে এখনো আছে, কাল তার প্রমাণ দেওয়ার সুযোগ পেয়েও হেলায় হারালেন। ১৪০ রান তাড়া করতে নেমে পাকিস্তান ৫ উইকেটে ৯১। ৪০ বলে ৪২ করে হাফিজের বিদায় মাত্রই বড় একটা ধাক্কা দিয়েছে দলকে। কিন্তু আফ্রিদি পারলেন না! এই টুর্নামেন্টে দিন শেষের গানই শুনিয়ে গেলেন হয়তো।১৩৯ রান এমনিতে টি-টোয়েন্টিতে কোনো ব্যাপার হওয়ার কথা নয়। কিন্তু এই উইকেট যে ব্যাটসম্যানকে প্রতি পদে পদে পরীক্ষায় ফেলে মজা দেখল। ৯ ওভার শেষে পাকিস্তান যখন ১ উইকেটে ৫৫, প্রেমাদাসায় একটু নীরবতাই নেমে এসেছিল। সেটিকে প্রথম জাগিয়ে তুললেন অ্যাঞ্জেলো ম্যাথুস। একই ওভারে দুই উইকেট তুলে নিয়ে। এই উইকেট ধুমধাম মারার বদলে ধৈর্য দাবি করে—সেখানেই হেরে গেলেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। ধৈর্য এমন একটা গুণ, যেটির ফল বেশির ভাগ সময়ই সঙ্গে সঙ্গে বোঝা যায় না। তিলকরত্নে দিলশানের ইনিংসটিই যেমন। ২০ বল পর্যন্ত ৫০ স্ট্রাইকরেটে এগোলেন। ১৮ নম্বর ওভারে যখন আউট হলেন, ৪৩ বলে ৩৫ রানের ইনিংসটা শ্রীলঙ্কাকে ডুবিয়ে দিয়ে গেল বলেই মনে হয়েছিল।একটা কারণ বোধ হয় মাহেলা জয়াবর্ধনে। উইকেট সম্পর্কে ভুল বোঝানোর কাজটা তাঁর মতো খুব কম ব্যাটসম্যানই পারেন। এক দিকে দিলশান সংগ্রাম করছেন, অন্য প্রান্তে জয়াবর্ধনে এমনই স্বচ্ছন্দ যে, যেন দুজন ভিন্ন দুই উইকেটে ব্যাটিং করছেন!তবে ঝুরঝুরে মাটির উইকেটে পাকিস্তানের ব্যাটসম্যানরাও যখন সংগ্রাম করছে, তখন দিলশানের ওই মন্থর ইনিংসটাকে আর খুব বেশি মন্থর বলে মনে হলো না।এই উইকেটে পরে ব্যাটিং আরও কঠিন হয়ে যায়। ম্যাচ জয়ে শ্রীলঙ্কার টস জেতাটারও তাই গুরুত্বপূর্ণ ভূমিকা। ও হ্যাঁ, কুমার সাঙ্গাকারা নন, টসটা মাহেলা জয়াবর্ধনেই জিতেছেন। সেমিফাইনাল মিস করার ভয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাঙ্গাকারাকে ‘ডামি’ অধিনায়ক বানিয়েছিলেন। স্লো ওভাররেট হলে মাথার ওপর শাস্তি খাঁড়া তো আগের মতোই ছিল, তা হলে ফাইনাল মিস করার ঝুঁকি নিয়ে কেন টস করতে নামলেন? নামী শ্রীলঙ্কান পত্রিকায় শিরোনামেই ‘সাঙ্গাকারাই আজও টস করতে নামছেন’ ঘোষণা করে দেওয়া সাংবাদিক চিরতার জল খাওয়া মুখ করে বললেন, ‘দুপুর আড়াইটা পর্যন্তও ঠিক ছিল, সাঙ্গাকারাই টস করবে। সম্ভবত বোর্ডের চাপে সিদ্ধান্ত বদলাতে হয়েছে।’তবে আকিলা দনঞ্জয়ার বদলে রঙ্গনা হেরাথকে আনার সিদ্ধান্তটা জয়াবর্ধনেরই। ম্যাচ-সেরার পুরস্কার পাওয়ার পক্ষে এটাও কিছু নম্বর যোগ করে, কী বলেন?শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩৯/৪পাকিস্তান: ২০ ওভারে ১২৩/৭ফল: শ্রীলঙ্কা ১৬ রানে জয়ী