এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক অগ্নিরথ ও সুবর্ণ স্বপ্ন। প্রথমটি যৌথভাবে লিখেছেন রাজিবুল ইসলাম ও নাজনীন চুমকি, পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম এবং পরেরটি লিখেছেন সোহান খান, পরিচালনা করেছেন মাসুদ মহিউদ্দিন। দুটি নাটকেই অভিনয় করছেন মিলন। কথা হলো তাঁর সঙ্গে।আজ (বৃহস্পতিবার) আপনার দুটি নাটক দেখানো হবে?হ্যাঁ। অগ্নিরথ ও সুবর্ণ স্বপ্ন। দুটি নাটকে আমি দুই ধরনের চরিত্রে অভিনয় করেছি। বাবা-মা যদি কোনো অপরাধ করে, তাহলে এর রেশ সন্তানদের ওপরও পড়ে। অগ্নিরথ নাটকে এ বিষয়টি চমৎকার করে দেখানো হয়েছে। আর সুবর্ণ স্বপ্ন নাটকে আমাকে দেখানো হয় একজন চাকরিপ্রার্থী হিসেবে। একটা চাকরির খোঁজ পাই, কিন্তু দুই লাখ টাকা ঘুষ দিতে হবে। এরপর এক জটিল পরিস্থিতির মুখোমুখি হই আমি।এবারের ঈদে কতগুলো নাটকে কাজ করেছেন?সব মিলিয়ে ২০টি তো হবেই। সব কটির নামও মনে নেই। যে কটির নাম মনে আছে, সেগুলো হলো মাসুদ মহিউদ্দিনের প্রাপ্তি শূন্য, সকাল আহমেদের একটি মধ্যবিত্ত ভাবনা, আশরাফি মিঠুর ভ্রমর এল গুনগুনিয়ে ও মিতি খুঁজেছিল হাসানকে, চয়নিকা চৌধুরীর যারা বৃষ্টিতে ভিজেছিল ও পরশ পাথর, মাসুদ সেজানের ভূত গাড়ি, ফাহমি ইরফানের ভিনদেশী তারা, কৌশিক শংকর দাশের একটি অন্যরকম গল্প, সুস্ময় সুমনের প্রিমোনেশন, মোস্তফা মননের এখানে অতীত কেনা-বেচা হয়, তুহিন অবন্তর একটি লাল শাড়ি।নাটকের বাইরে ঈদে আর কিছু করেছেন?এনটিভিতে আলফ্রেড খোকনের স্যাটেলাইট ঈদ নামের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছি। এ অনুষ্ঠানে আরও ছিলেন কৃষ্ণকলি ও মৌটুসী বিশ্বাস। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আজাদ আবুল কালাম।মঞ্চে কাজের কোনো খবর আছে?টিভি নাটকের ব্যস্ততার জন্য মঞ্চে অনেক দিন কাজ করা হয়নি। তবে মঞ্চ আমাকে সব সময় আকর্ষণ করে। আগামী বছর মার্চে আমার দল দেশ নাটকের উৎসব হবে। ইচ্ছা আছে, এবার উৎসবের মধ্য দিয়ে মঞ্চের কাজে ফিরব।