উৎসবের সহযোগী বন্ধুরা
গণিতের সাংকেতিক চিহ্ন এবং হরিণ আর বাঘের প্রতিকৃতি দিয়ে সাজানো মূল উৎসব তোরণ। মাঠে প্রবেশ করে একটু এগোলেই বর্ণাঢ্য রূপে সাজানো উৎসব প্রাঙ্গণ, যেখানটা সেজেছিল নতুন রূপে রংবেরঙের বেলুন আর ফেস্টুনে।মাঠের একপাশে নিবন্ধনের জন্য ১৩টি বুথ, সঙ্গে তথ্যকেন্দ্র এবং প্রথম আলো ও প্রথম আলো বন্ধুসভার স্টল। সকাল আটটা থেকে শুরু হয় অঞ্চলভিত্তিক নিবন্ধন। অংশ নেওয়া প্রত্যেকে তাদের নিজ বুথ থেকে নিবন্ধন শেষ করে বুঝে নেয় নিবন্ধন নম্বরসহ পরিচয়পত্র, টিয়া রঙের টিশার্ট, কলম, প্যাড, চাবির রিংসহ ফোল্ডার ও সকালের নাশতা। পরীক্ষা চলবে কত সময়, সার্টিফিকেটে নামের বানান শুদ্ধ করে লেখা, পরীক্ষার আসন কোথায়, পুরস্কার বিতরণ কখন—এমন কতশত প্রশ্নের সমাধান দিতে হয় তথ্যকেন্দ্র থেকে। বুথ ও তথ্যকেন্দ্রে সকাল থেকে কাজ করেছে বন্ধুসভা ও মুভারস বন্ধুরা। প্রতিবারের মতো এবারও প্রশাসনিক ভবনের নিচে বসেছিল ১১টি স্টল, যেখানে গণিত ও বিজ্ঞানের বইয়ের পসরা সাজিয়ে বসেছিল বিজ্ঞান একাডেমি, সময়, তাম্রলিপি ও প্রথমা প্রকাশন। স্টলগুলোতে ছাত্র-ছাত্রীর আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বিজ্ঞান একাডেমির স্বত্বাধিকারী মো. আবু মুসা সরকার বলেন, ‘ছাত্র-ছাত্রীদের গণিত ও বিজ্ঞানমনস্ক করা এবং তাদের উৎসহ দিতে আমরাও উত্সবে হাজির হয়েছি।’ গণিত ও বিজ্ঞানের প্রায় শতাধিক বই ও ওয়াল চার্ট ছিল তাঁর স্টলে।বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের স্টলে বাংলা অপারেটিং সিস্টেম উবুন্টু সিডি এবং এর বিভিন্ন বিষয় জানানো হয়। মাতৃভাষা বাংলা অপারেটিং সিস্টেমের বিষয়টিও জেনেছে শিক্ষার্থীরা। আমাদের স্বাধীনতাসংগ্রাম, মুক্তিযুদ্ধকে সব সময় আমরা সবাই হূদয়ে লালন করে থাকি। প্রতীতি থেকে প্রকাশিত মুহম্মদ জাফর ইকবালের মুক্তিযুদ্ধের ইতিহাস শিরোনামে বইটি পাওয়া গেছে এই স্টলে। সারা দেশের আঞ্চলিক উৎসবের মতো বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির ‘গণিতের বই’ স্টলটি ছিল দারুণ জনপ্রিয়। গণিতের বাংলা ও ইংরেজি অনেক বই পাওয়া গেছে স্টলটিতে। নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ পুলিশের সঙ্গে কাজ করেন এজিইএস সার্ভিসের নিরাপত্তাকর্মীরা।‘সুস্থ দাঁত সুস্থ মাঢ়ি, অঙ্ক আমরা ভালো পারি’—এই স্লোগান নিয়ে উৎসবে হাজির হয়েছিল আপডেট ডেন্টাল কলেজ ও হাসপাতাল এবং মেডিপ্লাস টুথপেস্ট। তারা শিক্ষার্থীদের ফ্রি ডেন্টাল চেকআপ ও প্রাথমিক চিকিৎসা দিয়েছে। অনেক অসুস্থ শিক্ষার্থীকে দুই দিনই ক্লান্তিহীন প্রাথমিক চিকিৎসাসেবা দিয়েছে তারা। নেসেল বাংলাদেশ লিমিটেডের অ্যাকটিভেশন অ্যান্ড স্যাম্পলিং ম্যানেজার মীর এস্তাফিজুর রহমান বলেন, ‘গণিত উৎসবের মতো প্রাণবন্ত আয়োজনে থাকতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি আমরা। আসলে এখান থেকে সবারই কিছু না কিছু শেখার আছে। ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’ উৎসবের দুই দিন ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকসহ উৎসবে আসা সবার জন্য ছিল বিনা মূল্যে কফি ও নুডলস নেসেল বাংলাদেশের পক্ষ থেকে। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দিনভরই ছাত্রছাত্রীর লম্বা সারি ছিল স্টলটির সামনে। কেউ কফি, কেউ নুডলস কেউ বা আবার খেয়েছে দুটোই। বিনা মূল্যে কফি ও নুডলস পেয়ে অনেকেই হাতছাড়া করতে চায়নি প্রিয় খাবার। গণিত উৎসবে গণিতের খুদে পণ্ডিতদের জন্য ছিল প্রাণ ও সজীব গ্রুপের বিভিন্ন পণ্যসেবা। ১৩টি আঞ্চলিক গণিত উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিশেষ মূল্যে জুস সরবরাহ করে ‘প্রাণ’। এ ছাড়া প্রাণ জাতীয় উৎসবে বিনা মূল্যে মিল্কম্যান দুধ, মিল্কিস বিস্কুট ও টমটম চিপস সরবরাহ করে। এ ছাড়া উত্সবে ছিল প্রাণ ও সজীব করপোরেশনের বিশেষ স্টল। ‘এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত। আমাদের পণ্য শিক্ষার্থীদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আয়োজনের সঙ্গে ছিলাম।’ বলেন প্রাণ-আরএফএল গ্রুপের ব্র্যান্ড ব্যবস্থাপক মো. আলী হাসান। সজীব গ্রুপের পক্ষ থেকে বিনা মূল্যে সেজান জুস, সজীব ম্যাংগোবার ও চাটনি দেওয়া হয়। আকিজ গ্রুপের পক্ষ থেকে ছিল জাতীয় উৎসবে অংশ নেওয়া সবার জন্য বিনামূল্যে ‘স্পা’ মিনারেল ওয়াটার।