উৎসারিত আলোয়
স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ সোমবার থেকে শুরু হচ্ছে শিল্পী অশোক কর্মকারের ‘উৎসারিত আলোয়’ শীর্ষক একক স্থাপনাকর্ম প্রদর্শনী। বিকেল সাড়ে পাঁচটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী ও মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম। ছয় দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন। বিশেষ অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। গতকাল রোববার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অশোক কর্মকার স্থাপনাকর্মের বিষয়বস্তু তুলে ধরেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান। প্রদর্শনী ১৭ ডিসেম্বর অবধি প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।বিশালাকার এই স্থাপনাশিল্পে মাটি, আলো, বায়ু—এই তিন মূল উপাদানের শৈল্পিক ব্যবহার করে প্রতিটি উপাদান রূপকের আবেদন নিয়ে গড়ে তুলেছেন মুক্তিযুদ্ধ ঘিরে উপলব্ধির জগৎ।অশোক কর্মকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ১৯৮৮ সালে এমএফএ ডিগ্রি লাভ করেন। অনেক একক ও দলবদ্ধ প্রদর্শনী ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তিনি প্রথম আলো পত্রিকায় মুখ্য শিল্পনির্দেশক হিসেবে কাজ করছেন।