যুক্তরাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে গতকাল বৃহস্পতিবার। স্থানীয় সময় সকাল সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত (বাংলাদেশ সময় শুক্রবার ভোররাত তিনটা) ভোট নেওয়া হয়। ব্রিটিশরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোট দিয়েছেন। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিভিন্ন কেন্দ্রের অনানুষ্ঠানিক ফল ঘোষণা করা সম্ভব হবে। সে অনুযায়ী আজ ফলাফল ঘোষণা করা হবে।নির্বাচনের আগ পর্যন্ত বিভিন্ন জনমত জরিপের ফল অনুযায়ী কনজারভেটিভ পার্টি এগিয়ে থাকলেও কোনো দলই ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না, তা একরকম নিশ্চিত। ফলে কয়েক দশকের মধ্যে প্রথম ঝুলন্ত পার্লামেন্ট দেখার সম্ভাবনা রয়েছে ব্রিটিশদের।শীর্ষ নেতাদের মধ্যে সবার আগে ভোট দিয়েছেন ডেভিড ক্যামেরন। সকাল সাড়ে ১০টায় টোরি পার্টির নেতা তাঁর স্ত্রী সামান্থাকে নিয়ে অক্সফোর্ডশায়ারের উইটনি কমিউনিটি হলে ভোট দেন। লেবার পার্টির নেতা প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও ফার্স্ব লেডি সারা ব্রাউন স্কটল্যান্ডের নর্থ কুইন্সফেরি কমিউনিটি সেন্টার কেন্দ্রে ভোট দেন বেলা ১১টায়। লিবারেল ডেমোক্র্যাটস নেতা নিক ক্লেগ শেফিল্ড হ্যালাম কেন্দ্রে বেলা সাড়ে ১১টায় ভোট দেন। ভোট দেওয়ার সময় তিন নেতাকেই আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত দেখা গেছে।এবারের সাধারণ নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা চার কোটি ৪০ লাখের কিছু বেশি। সারা দেশে ৬৪৯টি আসনে চার হাজার ১৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নির্বাচনী প্রচারণা চলার সময় একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় থার্স্ক ও ম্যালটন আসনে ভোট গ্রহণ ২৭ মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।দেশজুড়ে মোট ৫৫ হাজার কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। পুরো প্রক্রিয়ায় কাজ করেছেন দেড় লাখেরও বেশি কর্মী।বেশির ভাগ ভোটকেন্দ্রেই রাতভর গণনা চলবে। তবে ২০টির মতো কেন্দ্রে স্থানীয় সময় আজ সকাল নয়টার আগে ভোট গণনা শুরু করাই যাবে না।ব্রাউন আবার ক্ষমতায়?জনমত জরিপের ফলাফল অনুযায়ী, ক্ষমতাসীন লেবার পার্টি অনেকটা পিছিয়ে থাকলেও তাদের আবার ক্ষমতায় আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ তৃতীয় অবস্থানে থাকা লিবারেল ডেমোক্র্যাটস দলের অবস্থানও ভালো। ফলে নির্বাচনের পর লেবার আর লিবারেল ডেমোক্র্যাটস মিলে জোট সরকার গঠন করলে গর্ডন ব্রাউন আবারও প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন। তবে অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে, ব্রাউনের জনপ্রিয়তা প্রায় তলানিতে। সে ক্ষেত্রে তাঁর প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন বা লিবারেল ডেমোক্র্যাটস নেতা নিক ক্লেগেরই ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হওয়ার সম্ভাবনা বেশি।যে দলই সরকার গঠন করুক, তাদের রেকর্ড পরিমাণ বাজেট ঘাটতি এবং রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।সরকারের ব্যয় সংকোচননীতির বিষয়ে লেবার পার্টির উদ্বেগকে সমর্থন করছে লিবারেল ডোমোক্র্যাটস। তা ছাড়া রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে কনজারভেটিভ পার্টির চেয়ে উদার মনোভাব দেখাচ্ছে লেবার পার্টি। তবে লিবারেল ডেমোক্র্যাটস নেতা নিক ক্লেগ জানিয়েছেন, গর্ডন ব্রাউনের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো তাঁদের পক্ষে কঠিন। তবে লেবার পার্টির অন্য কোনো নেতার সঙ্গে সমঝোতায় আসতে আপত্তি নেই বলেও আভাস দিয়েছেন তিনি।সর্বশেষ জনমত জরিপের ফলাফলের ভিত্তিতে বিশ্লেষকেরা মনে করছেন, কনজারভেটিভ পার্টি ২৬৮ থেকে ২৯৪টি আসন পেতে পারে। লেবার পার্টির সম্ভাবনা রয়েছে ২৪৮ থেকে ২৭৪টি আসন পাওয়ার। অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাটস দলীয় প্রার্থীরা ৭৭ থেকে ৮২টি আসনে জয়ী হতে পারেন। সে ক্ষেত্রে অন্যান্য ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরাও এবার সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে আসতে পারেন।ব্রিটেনের বেশির ভাগ জাতীয় দৈনিক ডেভিড ক্যামেরন ও তাঁর দল কনজারভেটিভ পার্টিকে সমর্থন করেছে। শুধু ডেইলি মিরর পত্রিকা লেবারদের পক্ষে অবস্থান নিয়েছে। গতকাল সবচেয়ে জনপ্রিয় ট্যাবলয়েড সান ডেভিড ক্যামেরনকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তুলনা করে শিরোনাম করেছে, ‘আওয়ার ওনলি হোপ’ (আমাদের একমাত্র আশা)।একই দিনে ১৬৪টি স্থানীয় কাউন্সিলেরও নির্বাচন হয়েছে। এর মধ্যে লন্ডনের হ্যাকনি, লুইশ্যাম, নিউহ্যাম ও ওয়াটফোর্ডের মেয়র নির্বাচনও অন্তর্ভুক্ত ছিল। স্থানীয় নির্বাচনে লন্ডনের ৩২টি বারা, লন্ডনের বাইরে ৩৬টি মেট্রোপলিটন বারা ও ২০টি ইউনিটারি বারার মোট চার হাজার ২২২টি কাউন্সিলর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৫ হাজার ৭৮৫ জন প্রার্থী। বাঙালি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৫২টি কাউন্সিলর পদে বাঙালি প্রার্থীর সংখ্যা ১৩৪ আর পুরো দেশে বাঙালি প্রার্থীর সংখ্যা প্রায় ২০০। এবারের স্থানীয় নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ভোটাররা। কাউন্সিলের শাসনপদ্ধতি পরিবর্তন বিষয়ে গণভোটে অংশ নিয়েছেন তাঁরা। এই গণভোট শাসনপদ্ধতি ‘লিডারশিপে’, নাকি মেয়র-পদ্ধতিতে চলবে তা চূড়ান্ত করবে।ইউকে ইনডিপেনডেন্ট পার্টির প্রার্থী ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নাইজেল ফ্যারাজ একটি বিমান দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন। বিমানচালকও আহত হয়েছেন। ফ্যারাজ একটি হালকা বিমানে তাঁর নির্বাচনী আসন বাকিংহামে প্রচারণা চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।পাবে ভোটের ব্যতিক্রমী উদ্যোগলন্ডনের বেশ কিছু ভোটার একটি পাবে (পাবলিক হাউস, এলাকার পানশালা) ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ভোটকেন্দ্রটির নির্বাচনী কর্মকর্তা মার্টিন কারভার বলেন, ‘আমার ধারণা, এ ধরনের ভোটকেন্দ্র লোককে ভোট দিতে উৎসাহিত করবে। আমার মনে পড়ে না, আগে আমি কখনো এমন ভোটকেন্দ্রের কথা শুনেছি, যেখানে আপনি ভোট দেবেন এবং পানীয় কিনতে পারবেন।’মধ্য লন্ডন এলাকার ভোটার আইনজীবী লোরেইন মুলিনস বলেন, ‘এবারের নির্বাচন অনেক বেশি উত্তেজনাপূর্ণ। আমার ধারণার চেয়েও বেশি।’সামাজিক নেটওয়ার্কের ব্যবহারযুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনের মতো ফেসবুক, টুইটার ও ইউটিউবের মতো শক্তিশালী সামাজিক নেটওয়ার্কগুলোকে ব্যবহার করেছেন প্রার্থীরা। এই মাধ্যমগুলোতে প্রচারের জন্য প্রার্থীরা রীতিমতো কর্মী নিয়োগ দিয়েছেন। নিজেদের নামে ব্যক্তিগত পেজ খোলার পাশাপাশি অন্য প্রার্থীর বিরুদ্ধে প্রচারপত্র বিলি করার অভিযোগও উঠেছে কোথাও কোথাও। তবে ‘ডেমোক্র্যাসি ইউকে অন ফেসবুক’ শিরোনামে প্রায় ছয় লাখ ফেসবুক ব্যবহারকারীর ভোটে লিব ডেমের নেতা নিক ক্লেগ ৪২ শতাংশ সমর্থন পেয়ে জরিপের শীর্ষে অবস্থান করছিলেন। অন্যদিকে কনজারভেটিভ ও লেবার পার্টির সমর্থন যথাক্রমে ৩১ ও ২৭ শতাংশ। অভিবাসী বাঙালির স্বপ্নের নির্বাচন বিশ্বজুড়ে বাঙালিদের নজর রয়েছে লন্ডনের বেথনাল গ্রিন ও বো নির্বাচনী এলাকার দিকে। এ আসন থেকে কে হবেন যুক্তরাজ্যের প্রথম বাঙালি এমপি, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ আসনে লেবার পার্টির প্রার্থী রুশনারা আলীর জয়ের সম্ভাবনা বেশি। তবে রেসপেক্ট দলের আবজল মিয়ার গলায় জয়ের মালা পড়লেও অবাক হওয়ার কিছু নেই। অন্যদিকে কনজারভেটিভ প্রার্থী জাকির খান বলেছেন, ভোটাররা শেষ মুহূর্তে চমক দেখাবেন। লিবারেল ডেমোক্র্যাটস প্রার্থী আজমল মাশরুর শেষ পর্যন্ত জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন। এঁরা সবাই বাংলাদেশি বংশোদ্ভূত বাঙালি। অন্য প্রার্থীদের তেমন কোনো প্রচারণা লক্ষ করা যায়নি।