উড়ল জ্বালানিবান্ধব বিমান
অনেক দিন ধরে অপেক্ষা ছিল—কবে আসবে, কবে আসবে। অবশেষে এল বিখ্যাত বিমান নির্মাতাপ্রতিষ্ঠান বোয়িংয়ের নতুন সদস্য বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। গত ২৬ অক্টোবর অল নিপ্পন এয়ারওয়েজ জাপানের নারিতা থেকে হংকং পর্যন্ত বাণিজ্যিক ফ্লাইটে প্রথম ড্রিমলাইনার ব্যবহার করে। প্রথমবারের মতো কম্পোজিট ম্যাটেরিয়াল বা মিশ্র পদার্থ দিয়ে তৈরি করা এই বিমানটি অন্য যেকোনো বিমানের চেয়ে জ্বালানিবান্ধব। মিশ্র পদার্থ ছাড়া আরও কিছু নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বোয়িং ৭৮৭-এ। চলুন দেখা যাক, ২১০ থেকে ২৯০ জন পরিবহনকারী বিমানের সেই প্রযুক্তিগুলো।সাধারণত বিমানের কাঠামো তৈরি হয় অ্যালুমিনিয়ামের সংকর দিয়ে। ড্রিমলাইনের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ও অন্যান্য ধাতুর সঙ্গে ব্যবহার করা হয়েছে কার্বনের মিশ্র পদার্থ। এর মধ্যে রয়েছে কার্বন ফাইবার গ্লাস, যার শক্তি-ভর অনুপাত অ্যালুমিনিয়ামের চেয়ে অনেক বেশি। অর্থাৎ একই পরিমাণ কার্বন ফাইবার অ্যালুমিনিয়ামের চেয়ে শক্তিশালী। শুধু তা-ই নয়, কার্বন ফাইবারে ক্র্যাক ও ফ্যাটিগ হওয়ার সম্ভাবনা থাকে না। বোয়িংয়ের পুরো ভরের প্রায় ৫০ শতাংশ মিশ্র পদার্থ। ফিউজলজ (বিমানের যে অংশ যাত্রী ও পণ্য পরিবহন করে), পাখা, লেজ, দরজা ও ইন্টেরিয়রের ক্ষেত্রে মিশ্র পদার্থ ব্যবহার করা হয়েছে। ফলে বিমানের শক্তি একই রেখে ভর অনেক কমে গেছে। এটাই হলো বোয়িং ৭৮৭-এর জ্বালানিবান্ধব হওয়ার প্রধান কারণ। অন্যান্য অংশে অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম ও ইস্পাত ব্যবহার করা হয়েছে।সাধারণত বিমানের অভ্যন্তরে আট হাজার ফুট উচ্চতার বায়ুচাপ সরবরাহ করা হয়। বোয়িং ৭৮৭-এর ক্ষেত্রে ছয় হাজার ফুট উচ্চতার বায়ুচাপ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে, যা যাত্রীদের জন্য অনেক বেশি আরামদায়ক। এ ছাড়া বায়ুতে আর্দ্রতার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। এটা সম্ভব হয়েছে মিশ্র পদার্থ ব্যবহার করায়, কারণ আর্দ্রতা মিশ্র পদার্থের ওপর প্রভাব ফেলে না। বোয়িং বিমানের ইঞ্জিনেও বেশ নতুনত্ব এনেছে। বিভিন্ন রকম দূষণ হ্রাসকরণ প্রযুক্তি যুক্ত করা হয়েছে ইঞ্জিনে। বিভিন্ন অংশে যান্ত্রিক নিয়ন্ত্রণের পরিবর্তে তড়িৎ নিয়ন্ত্রণব্যবস্থার সমন্বয় করা হয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো কোনো বিমানের ইঞ্জিন রুম ও ইলেকট্রিক্যাল ইন্টারফেস এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সেখানে রোলস রয়েজ ও জেনারেল মোটরস, উভয় প্রতিষ্ঠানের ইঞ্জিনই বসানো যাবে। ফলে বিমান পরিচালনা কর্তৃপক্ষকে একক ইঞ্জিন সরবরাহ প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হচ্ছে না। উপরন্তু বোয়িং ৭৮৭-এর অধিকাংশ ব্যাপার স্বনিয়ন্ত্রিত হওয়ায় ইঞ্জিন পরিবর্তনে মাত্র ২৪ ঘণ্টা সময় লাগে, যা অন্য যাত্রী ও পণ্যবাহী বিমানগুলোর চেয়ে অনেক কম। বোয়িং ৭৮৭-এর এই ব্যাপারটি ইতিমধ্যেই এয়ারওয়েজ প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার একই পরিমাণ দূরত্ব যেতে অন্য বিমানের তুলনায় প্রায় ২০ শতাংশ কম জ্বালানি খরচ করে। বোয়িং ৭৮৭-এর প্রথম বিমানটি সরবরাহ করা হয়েছে জাপানের অল নিপ্পন এয়ারওয়েজকে। সাত বছর আগে ২০০৪ সালে অল নিপ্পন এয়ারওয়েজ ৫০টি বিমানের অর্ডার দিয়েছিল। ইতিমধ্যেই বোয়িং মোট ৭৯৭টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার প্রস্তুত করার অর্ডার পেয়েছে। এই বিপুল চাহিদার মূল কারণটি নিশ্চিতভাবেই কম্পোজিট ম্যাটেরিয়াল বা মিশ্র পদার্থ।সুব্রত দেবনাথ