উড়াল সেতুর জমি অধিগ্রহণে বাধা রোধে আইন পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে উড়াল সেতু নির্মাণে জমি অধিগ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা রোধে ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) বিল-২০১১’ আজ সোমবার জাতীয় সংসদে পাস হয়েছে। আগামী সাড়ে তিন বছরের মধ্যে ২৬ কিলোমিটার দীর্ঘ এ উড়াল সেতুর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।অধিবেশনের শুরুতে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বিলটি পাসের জন্য উত্থাপন করেন। পরে তিনটি সংশোধনীসহ বিলটি কণ্ঠ-ভোটে পাস হয়। সরকারদলীয় সাংসদ আ ক ম মোজাম্মেল ও স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম এসব সংশোধনী দেন। বিলটি আজ পাস হলেও চলতি বছরের ১২ মে থেকে কার্যকর হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে।ঢাকার উড়াল সেতু নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমিতে কেউ যেন বেশি লাভের আশায় স্থাপনা নির্মাণ করে সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ নিতে না পারে, সে জন্যই আইনটি করা হয়েছে।বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে ভূমিমন্ত্রী বলেন, উড়াল সেতুর জন্য নির্বাচিত এলাকায় অবৈধ লাভের আশায় নতুন স্থাপনা নির্মাণের প্রবণতা দেখা যাচ্ছে। জনগণের কিছু অংশের মধ্যে এ ধরনের অসাধু প্রচেষ্টা আইনের মাধ্যমে রোধ করা সম্ভব না হলে প্রকল্পের ভূমি অধিগ্রহণের জন্য বিপুল অর্থ ব্যয় হবে। ভূমিমন্ত্রী বলেন, স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল অধ্যাদেশ-১৯৮২, স্থাবর সম্পত্তি অধিগ্রহণ বিধিমালা-১৯৮২ ও স্থাবর সম্পত্তি হুকুম দখল বিধিমালা-১৯৮২-তে এই প্রবণতা রোধ করার বিধান না থাকায় নতুন আইন পাস করা প্রয়োজন। ভূমি হুকুম দখলের জন্য বিশেষ ভূমি অধিগ্রহণ আইন প্রণয়ন আবশ্যক।এই বিলে বলা হয়েছে, অধিগ্রহণ করা ভূমির যে ভিডিও চিত্র গ্রহণ ও সংরক্ষণ করা হয়েছে, তা এ আইনের উদ্দেশ্য পূরণে গৃহীত বলে গণ্য হবে। এই ভিডিও চিত্রের ভিত্তিতেই ওই ভূমির ক্ষতিপূরণ পরিশোধের ব্যবস্থা করতে হবে। বিলে আরও বলা হয়েছে, কারও ভূমি অধিগ্রহণ করা হলে কেউ যদি আপিল করে এবং সে আপিল যদি নামঞ্জুর করা হয়—তা হলে ২৪ ঘণ্টার মধ্যে আপিলকারীর ঘরবাড়ি বা স্থাপনা নিজ দায়িত্বে ও খরচে সরিয়ে নিতে হবে।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ এপ্রিল দেশের প্রথম এ উড়াল সড়কের কাজ উদ্বোধন করেন। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় এ উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণে ইতালি ও থাইল্যান্ডের যৌথ মালিকানার কোম্পানি ইতাল-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানির সঙ্গে গত ১৯ জানুয়ারি চুক্তি করে সরকার। কাজ শুরুর সাড়ে তিন বছরের মধ্যে এর নির্মাণ শেষ করার কথা রয়েছে। প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ এ উড়াল সড়কটি শাহজালাল বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, সাতরাস্তা, মগবাজার, কমলাপুর, খিলগাঁও, গোলাপবাগ হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত হবে। এর সঙ্গে আরও পাঁচ কিলোমিটার দীর্ঘ দুটি সংযোগ সড়ক থাকবে। এর একটি হবে মানিক মিয়া থেকে তেজগাঁও রেলক্রসিং পর্যন্ত। অন্যটি পলাশী থেকে মগবাজার পর্যন্ত।