উড়াল সেতুর র্যাম্প পরিবর্তনের দাবিতে মানববন্ধন
প্রস্তাবিত উড়াল সেতুর সংযোগ সড়কের (র্যাম্প) স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে রাজধানীর নাখালপাড়ার ব্যবসায়ী ও বাসিন্দারা। আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিব্বতের মোড় থেকে নাবিস্কো পর্যন্ত সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক লোক অংশ নেয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, যানজট নিরসনে রাজধানীতে উড়াল সেতু নির্মাণের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে আমরা তাতে স্বাগত জানাই। তবে উড়াল সেতুর একটি র্যাম্প নাখালপাড়া দিয়ে করার সিদ্ধান্তের প্রতিবাদ করছি। তাঁরা জানান, এক হাজার ২৩০ ফুট দীর্ঘ স্থানে র্যাম্পটি হলে নাখালপাড়া বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন বসতবাড়ি ও স্থাপনা ভাঙতে হবে। এতে ক্ষতিগ্রস্ত হবে হাজার হাজার মানুষ। কিন্তু ওই র্যাম্প যদি নাখালপাড়ার ২০০ ফুট দক্ষিণে করা হয় তাহলে সরকারি জমির ওপর দিয়ে তা হবে। এতে সরকারি অর্থের সাশ্রয়ও হবে। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা র্যাম্পটির স্থান পরিবর্তন করে সরকারি জমির ওপর দিয়ে করার জন্য জোর দাবি জানান।