উড়াল সড়কের গার্ডার ভেঙে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট জংশনে নির্মাণাধীন একটি উড়াল সড়কের (ফ্লাইওভার) তিনটি গার্ডার নিচে ভেঙে পড়ে অনেক লোক হতাহত হয়েছে। দুটি গার্ডারের নিচে তিনজনের লাশ দেখা গেছে। আরেকটি গার্ডার পাশের একটি পুকুরে আছড়ে পড়েছে। সেটির নিচে লোকজন চাপা থাকতে পারে বলে প্রত্যক্ষদর্শীদের আশঙ্কা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর হাজার হাজার উত্তেজিত জনতা নির্মাণসামগ্রী পরিবহনের কাজে ব্যবহূত একটি গাড়ি ও একটি জেনারেটর এবং ঠিকাদারের কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তির আরও ছয়-সাতটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সিডিএর চেয়ারম্যানের মালিকানাধীন খাবার বিক্রির দোকান ওয়েল ফুডে। বহদ্দারহাট পুলিশ বক্সেও আগুন লাগিয়ে দিলে তিন পুলিশ আটকা পড়ে। উদ্ধার অভিযান অংশ নিতে আসা ফায়ার সার্ভিসের গাড়িকে বাধা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ডাকা হয়েছে। উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। আজ দুর্ঘটনার পরই হাজার হাজার ক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে বিক্ষোভ করে। তাঁরা এ সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিরুদ্ধে স্লোগান দেয়। এই প্রকল্পটি বাস্তবায়ন করছে সিডিএ। নির্মাণ কাজে ত্রুটির কারণে বারবার গার্ডার ভেঙে পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।মাত্র পাঁচ মাস আগে গত ২৯ জুন চান্দগাঁও থানা ভবনের সামনে এই উড়াল সড়কের ২১ ও ২২ নম্বর পিলারের মাঝামাঝি একটি গার্ডার ভেঙে পড়ে। ওই দিন জুমার নামাজের দুর্ঘটনাটি ঘটেছিল মানুষের চলাচল কম ছিল। ওই দিন কেবল একজন রিকশাচালক আহত হন। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম কিংবা প্রকল্প পরিচালক ও সিডিএর নির্বাহী প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান বারবার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আর সিডিএর চেয়ারম্যান ফোন ধরেন নি। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, গার্ডার ভেঙে কতজন মারা গেছেন তা বলা যাচ্ছে না। তবে উত্তেজিত জনতা গাড়ি ও জেনারেটর ছাড়াও বহদ্দারহাট পুলিশ বক্সে আগুন লাগিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সেনাবাহিনী চেয়েছি। তাঁরা আমাদের সঙ্গে যোগ দিয়েছে। প্রত্যক্ষদর্শী যান্ত্রিক কারিগর শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘এশারের আজানের ধ্বনি ভেসে আসার সময় বহদ্দারহাট পুকুর পাড়ের অদূরেই দুই পিলারের মাঝামাঝি তিনটি গার্ডার ভেঙে পড়ে। এ সময় বিকট শব্দ হয়। গার্ডার ভেঙে পড়ার আগ মুহূর্তে ওই জায়গায় ভাসমান তরকারি বিক্রেতা ও ক্রেতা মিলিয়ে আট-দশজনকে দেখা গেছে। আসলে তাঁদের ভাগ্যে কী ঘটেছে তা আর বলতে পারছি না।’ সিডিএ সূত্র জানায়, ২০১০ সালের ডিসেম্বরে বহদ্দারহাট জংশনে উড়াল সেতুর নির্মাণ কাজের প্রক্রিয়া শুরু হয়। মূল কাজ শুরু হয় ২০১১ সালের মার্চ থেকে। আগামী বছরের ফেব্রুয়ারিতে এটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। সিডিএর নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন উড়াল সড়কটি নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মির আকতার-পারিসা (জেভি)। ঠিকাদারি প্রতিষ্ঠান মির আকতার-পারিসা (জেভি) উড়াল সড়কটি নির্মাণ করছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুর রাজ্জাকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।