উড়ালপথ নির্মাণে ক্ষতিগ্রস্তরা টাকাসহ প্লট ও ফ্ল্যাট পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় উড়ালপথ নির্মাণে ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা ক্ষতিপূরণ হিসেবে টাকার পাশাপাশি প্লট ও ফ্ল্যাট পাবেন।গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্তের কথা জানান বলে তাঁর প্রেস সচিব সংবাদ ব্রিফিংয়ে জানান। এ-সংক্রান্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত আইনটি শিগগিরই জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে প্রেস সচিব জানান।প্রেস সচিব বলেন, প্রস্তাবিত আইনটি জাতীয় সংসদে পাস হলে এ প্রকল্পের জন্য প্রয়োজনীয় মোট ভূমির ২০ শতাংশ ব্যক্তিমালিকানার জমি অধিগ্রহণের জটিলতা দূর হবে।প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ এই উড়ালপথ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, সাতরাস্তা, মগবাজার, কমলাপুর, খিলগাঁও, গোলাপবাগ হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত বিস্তৃত হবে। মূল সড়কটি হবে ২১ কিলোমিটার। এর সঙ্গে আরও পাঁচ কিলোমিটার দীর্ঘ দুটি সংযোগ সড়ক থাকবে। এর একটি হবে মানিক মিয়া এভিনিউ থেকে তেজগাঁও রেলক্রসিং পর্যন্ত, অন্যটি পলাশী থেকে মগবাজার পর্যন্ত। প্রকল্পের মোট জমির ২০ শতাংশ ব্যক্তিমালিকানার। এর বেশির ভাগই কুড়িল, গোলাপবাগ ও কুতুবখালী এলাকায়, বাকি ৮০ শতাংশ সরকারি জমি।আবুল কালাম আজাদ বলেন, প্রকল্পের ব্যক্তিমালিকানার জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্লট, ফ্ল্যাট ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। এ নিয়ে যেন কোনো ভুল-বোঝাবুঝির সৃষ্টি না হয়, সে জন্য অধিগ্রহণ-প্রক্রিয়ার শুরুতেই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বৈঠকে অভিবাসী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের অধিকার সংরক্ষণে ১৯৯০ সালে জাতিসংঘে নেওয়া কনভেনশনে অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন দেয় মন্ত্রিসভা। ১৯৯৮ সালে বাংলাদেশ এ কনভেনশনে স্বাক্ষর করে।এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, প্রতিবছর দেশ থেকে চার লাখ অভিবাসী বিদেশে যান। বর্তমানে প্রায় ৭০ লাখ বাংলাদেশি বিভিন্ন দেশে কর্মরত।১৯৯০ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘে ‘অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের সকল সদস্যকে অধিকার সংরক্ষণে আন্তর্জাতিক সনদ’ গৃহীত হয়। বাংলাদেশ সনদটিতে স্বাক্ষর করে ১৯৯৮ সালের ৭ অক্টোবর। ২০০৩ সাল থেকে এ সনদ জাতিসংঘ কার্যকর করে। এই সনদই প্রথমবারের মতো অভিবাসী শ্রমিকদের শুধু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে তাঁদের সামাজিক অবস্থানকেও মূল্যায়ন করার কথা বলে। দীর্ঘদিন সরকার এ সনদে অনুমোদন দেয়নি।বৈঠকে ৩৩তম সার্ক কাউন্সিল অব মিনিস্টারসে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।