উড়ালসেতুর গার্ডার ধসের ঘটনা তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাটে উড়ালসেতুর গার্ডার ধসের ঘটনা তদন্তে সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই উপকমিটি গঠন করা হয়। সংসদ সচিবালয় সূত্র জানায়, উপকমিটি কালুরঘাট-বহদ্দারহাট সড়কের নির্মাণকাজের অগ্রগতিও খতিয়ে দেখবে। খান টিপু সুলতানকে আহ্বায়ক এবং এস কে আবু বাকের ও বজলুল হক হারুনকে উপকমিটির সদস্য করা হয়েছে। গত বছরের ২৪ নভেম্বর বহদ্দারহাটে উড়ালসেতুর গার্ডার ধসে ১৫ জনের প্রাণহানি ঘটে। বৈঠক শেষে কমিটির সদস্য মইনুদ্দিন খান বাদল সাংবাদিকদের বলেন, গার্ডার ধসে প্রাণহানির ঘটনার জন্য বিভিন্ন মহল থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এবং এর চেয়ারম্যান আবদুচ ছালামকে দায়ী করা হয়েছে। এ বিষয়ে কমিটির কাছেও সুনির্দিষ্ট অভিযোগ আছে। কমিটি অভিযোগগুলো খতিয়ে দেখতে চায়। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা দূর করা এবং ভরাট খাল সংস্কারের বিষয়েও আলোচনা করা হয়। বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, মহানগরের জলাবদ্ধতা দূর করতে করপোরেশনের একটি প্রকল্প অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদনের পর জলাবদ্ধতা দূর করার কাজ শুরু হবে। কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য খান টিপু সুলতান, এস কে আবু বাকের ও মইনুদ্দিন খান বাদল অংশ নেন।