উড়ালসড়ক দুর্ঘটনা
চট্টগ্রামের বহদ্দারহাট জংশনে উড়ালসড়ক নগরের যানজট ও দুর্ভোগ কমাবে, জনজীবনে স্বস্তি আসবে—এমনটাই স্বপ্ন ছিল নগরবাসীর। সেই উড়ালসড়ক স্বস্তি দেওয়ার বদলে কেড়ে নিল ১২টি তাজা প্রাণ। পরিকল্পনাহীনতা ও কর্তব্যে অবহেলার কারণে গত ২৪ নভেম্বর সন্ধ্যায় নির্মাণাধীন বহদ্দারহাট উড়ালসড়কের কাজ করার সময় এক একটি প্রায় ১০০ টন ওজনের তিনটি গার্ডার ছিটকে নিচে আছড়ে পড়ে। এতে চাপা পড়ে নগরজীবনের ব্যস্ত মানুষগুলো। তাতে প্রাণহানি ঘটল ১২ জনের। সারা জীবনের জন্য পঙ্গু হলেন আরও একজন, যাঁর পা কেটে ফেলতে হয়েছে। এই দুর্ঘটনায় আরও আহত হয়েছেন অন্তত ১৯ জন। এমনিতে উড়ালসড়ক নির্মাণের কারণে বহদ্দারহাটের সড়ক জংশনে মানুষের বিড়ম্বনার কোনো সীমা ছিল না। প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত সেখানে যানজট, ধুলা, ময়লার ভাগাড়ের দুর্গন্ধ ইত্যাকার নানা কষ্টে মানুষ যারপরনাই অতিষ্ঠ ছিল, কাজ কেন শেষ হচ্ছিল না—তা নিয়ে সবার মনে ছিল ক্ষোভও। সেই ক্ষোভ যেন বিক্ষোভে পরিণত হয় ২৪ নভেম্বরের দুর্ঘটনার পর পরই। বহদ্দারহাট জংশনে গার্ডার ধসে পড়ার পর প্রতিবাদে ফেটে পড়ে জনতা। আর সুযোগের সদ্ব্যবহার করেছেন একটি ‘বিতর্কিত’ রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। হতাহত ব্যক্তিদের উদ্ধারের পরিবর্তে গাড়ি ও বিভিন্ন স্থাপনায় আগুন লাগাতে তৎপর ছিলেন অনেকে। উদ্ধার অভিযানে অংশ নিতে আসা গাড়িগুলোকে অকুস্থলে যেতেও বাধা দেওয়া হয়। এ কারণে উদ্ধার অভিযান শুরু করতে আড়াই ঘণ্টা দেরি হয়। ততক্ষণে গার্ডারের নিচে চাপা পড়া আহত ব্যক্তিদের আহাজারি চলছিল। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে শুরু হয় উদ্ধার অভিযান। অনুসন্ধানে জানা যায়, বহদ্দারহাট উড়ালসড়ক নির্মাণের জন্য মীর আক্তার-পারিসা ট্রেড সিস্টেমস লিমিটেড (জেভি) নামের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানটির যেমন অভিজ্ঞতা নেই, তেমনি পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে আরেকটি অনভিজ্ঞ প্রতিষ্ঠান। পরামর্শক প্রতিষ্ঠানের নাম এসএআরএম-ডিপিএম অ্যাসোসিয়েটস। প্রকল্প পরিচালক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নির্বাহী প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমানও দুদকের করা ১২ মামলার আসামি। আদালতে তাঁর বিরুদ্ধে প্রতিটি মামলার বিচার শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনেও অনভিজ্ঞ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া এবং যেনতেনভাবে নির্মাণকাজ করার কথা উল্লেখ রয়েছে। ১১৬ কোটি টাকার বিশাল এই প্রকল্প বাস্তবায়ন করছে চউক। ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৭২ কোটি টাকা দেওয়া হয়েছে। সর্বশেষ প্রণীত চট্টগ্রাম মহানগর উন্নয়ন মহাপরিকল্পনায় বহদ্দারহাট জংশনে উড়ালসড়ক নির্মাণের কথা নেই। নগর পরিকল্পনাবিদ সুভাষ বড়ুয়া বলেন, ‘নগর উন্নয়নের মহাপরিকল্পনার অগ্রাধিকার ঠিক না করেই বহদ্দারহাটে উড়ালসড়ক নির্মাণকাজ শুরু করা ভুল ছিল। প্রকল্পটি বাস্তবায়নের আগে আমরা বিরোধিতা করেছি। নগর পরিকল্পনাবিদ ও পেশাদার লোকদের পরামর্শ পাশ কাটিয়ে ত্রুটিপূর্ণভাবে এটি নির্মাণ করা হচ্ছে, যে কারণে দুর্ঘটনা ঘটেছে।’ একরামুল হক