উড়ালসড়ক রেলের জন্য বাধা হতে পারে
রাজধানীর যানজট কমাতে এবং চলাচল সহজ করতে সরকার উড়ালসড়ক নির্মাণের যে উদ্যোগ নিয়েছে, তাতে রেলওয়ের সম্প্রসারণ বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভবিষ্যতে রেললাইন সম্প্রসারণ সম্ভব এমন জায়গায় বহুল আলোচিত উড়ালসড়ক নির্মাণ করা হচ্ছে। এটা হলে রেললাইন বাড়ানো যাবে না, কমিউটার সেবাসহ নতুন ট্রেনও চালু করা সম্ভব হবে না। বিশেষজ্ঞরা বলছেন, রেলের সম্প্রসারণ না হলে ঢাকার যানজট কমবে না, বরং বাড়বে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রস্তাবিত উড়ালসড়কের দৈর্ঘ্য ২৬ কিলোমিটার। এর বেশির ভাগই বাস্তবায়িত হবে বর্তমান রেললাইনের পাশ ঘেঁষে। সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে সরকার উড়ালসড়ক নির্মাণ করছে। সড়ক নির্মাণের জন্য বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইটাল-থাই কোম্পানিকে চূড়ান্তভাবে নির্বাচন করেছে বাংলাদেশ সেতু বিভাগ। মামলার কারণে প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর দেরি হতে পারে বলে যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।প্রস্তাবিত উড়ালসড়কটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রেললাইন ঘেঁষে বনানী-মহাখালী-মগবাজার, খিলগাঁও হয়ে যাত্রাবাড়ীর কাছে কুতুবখালীতে গিয়ে শেষ হবে। রেলওয়ের কর্মকর্তারা বলছেন, এই পথে উড়ালসড়ক হলে রেলওয়ের পরিকল্পনাধীন কমলাপুর ও টঙ্গীর মধ্যে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণ করা সম্ভব হবে না। রেলওয়ে বিষয়টি সেতু বিভাগে জমা দেওয়া এক প্রতিবেদনে উল্লেখও করেছে।২০০৬ সালে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় বলা আছে, বৃহত্তর ঢাকা এলাকায় রেলওয়ের যাত্রী ও মালামাল পরিবহনের বাড়তি চাহিদা মেটানোর জন্য তৃতীয় ও চতুর্থ লাইন এবং কমিউটার ট্রেন চালানোর মতো রেলের জমি সংরক্ষণ করতে হবে। তাতে আরও বলা হয়, আগামী ১০০ বছরের রেলপথ সম্প্রসারণ ও ট্রান্স-এশিয়ান রেলওয়ের জন্যও প্রয়োজনীয় জমি সংরক্ষণ করতে হবে।বিশেষজ্ঞরা বলছেন, সরকার উড়ালসড়কের যে পথ ঠিক করেছে, তা ওই গেজেটের মূল বক্তব্যের পুরো বিপরীত। টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত দুটি লাইন আছে। একটি দিয়ে কমলাপুর থেকে ট্রেন যায়, অপরটি দিয়ে আসে।সেতু বিভাগ সূত্র জানায়, উড়ালসড়কের নকশা ও এর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক এইকম কোম্পানিকে সরকার নিয়োগ দেয়। এ জন্য প্রতিষ্ঠানটিকে প্রায় পাঁচ কোটি টাকা দেওয়া হয়। সূত্র জানায়, প্রতিষ্ঠানটি উড়ালসড়ক নির্মাণে ব্যয়ের হিসাব ও পথের যে নকশা দিয়েছে, তা অসম্পূর্ণ। এক কোটি টাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) পুনরায় নকশা ও সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, এইকম পদ্মা সেতুরও নকশা তৈরি করছে।সূত্র আরও জানায়, প্রকল্পের পথ ঠিক করার পর সেতু বিভাগ জায়গা বরাদ্দ দেওয়ার জন্য রেলওয়েকে একটি চিঠি দেয়। জবাবে এই প্রকল্প বাস্তবায়িত হলে কোথায় কোথায় তাদের কার্যক্রম বাধাগ্রস্ত হবে, তা উল্লেখ করে সেতু বিভাগকে একটি প্রতিবেদন দেয় রেলওয়ে। প্রতিবেদনটির অনুলিপি যোগাযোগ মন্ত্রণালয়েও দেওয়া হয়েছে।রেলওয়ের পক্ষ থেকে প্রতিবেদনটি গত ডিসেম্বর মাসে সেতু ভবনের এক বৈঠকে উত্থাপন করা হয়। বৈঠক সূত্র জানায়, রেলওয়ের পক্ষ থেকে সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করা হলে যোগাযোগমন্ত্রী প্রতিবেদন উপস্থাপনকারীকে মাঝপথে থামিয়ে দেন। এ সময় মন্ত্রী বলেন, ‘এটি প্রধানমন্ত্রীর প্রকল্প।’ এরপর রেলওয়ের কর্মকর্তারা এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়ার সাহস পাননি।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, রেলের সম্ভাবনা নষ্ট হবে না। রেলের মানুষজনকে সঙ্গে নিয়েই সব পরিকল্পনা করা হচ্ছে। ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে সবাই মিলে এর সমাধান করা হবে।প্রতিবেদনে কী আছে: সেতু বিভাগ ও যোগাযোগ মন্ত্রণালয়ে দেওয়া রেলওয়ের প্রতিবেদনে বলা হয়েছে, একটি রেললাইনের জন্য ১৬ ফুট প্রস্থের জায়গার দরকার হয়। তবে প্রতিটি লাইনের দুই পাশে ১০ ফুট করে জায়গা রাখতে হয়। সে হিসাবে বর্তমানে যে দুটি লাইন আছে এবং নতুন দুটি লাইন করতে ৭৮ ফুট জায়গা দরকার। এ ছাড়া পানি নিষ্কাশনের নালা, দুর্ঘটনা ঘটলে উদ্ধার ট্রেনের সরঞ্জাম বহনের জন্য আরও ছয় ফুট অতিরিক্ত জায়গার দরকার হয়। সব মিলিয়ে বর্তমান দুটি লাইন এবং নতুন দুটি লাইনের জন্য ৮৪ ফুট জায়গা দরকার।প্রতিবেদনে আরও বলা হয়, মগবাজার থেকে কমলাপুর পর্যন্ত রেলপথে ৮০ থেকে ১০০ ফুট জায়গা আছে। বিমানবন্দর-কাওলা রেলক্রসিং পর্যন্ত বেশির ভাগ অংশই ৮০ ফুটের মধ্যে সীমাবদ্ধ। খিলক্ষেত ও বনানী এলাকায়ও নতুন দুটি রেললাইনের জায়গা রেখে দিলে উড়ালসড়ক করার মতো জায়গা থাকে না। রেলওয়ে সূত্র জানায়, বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ছোট-বড় ১০টি রেলক্রসিং ও তিনটি স্টেশন আছে। কমলাপুর স্টেশনে উঁচু প্লাটফর্ম ও ওয়ার্কশপ আছে। অভ্যন্তরীণ কনটেইনার ডিপোতেও (আইসিডি) তিন-চার স্তরে কনটেইনার রাখতে হয়। মগবাজার থেকে কমলাপুর পর্যন্ত রেলের জমি ঘেঁষে অনেক আবাসিক ভবন গড়ে উঠেছে। এই এলাকায় ইচ্ছা করলেও জমি অধিগ্রহণ করা যাবে না।এ বিষয়ে জানতে চাইলে বুয়েটের সাবেক উপাচার্য এ এম এম সফিউল্লাহ প্রথম আলোকে বলেন, উড়াল সড়ক দরকারি হলেও যানজট নিরসনে এটা চূড়ান্ত সমাধান নয়। মেট্রোরেল ও বর্তমান রেললাইন ব্যবহারের মাধ্যমে কমিউটার সার্ভিস চালু করা জরুরি। তাই রেলের সম্ভাবনা নষ্ট করা যাবে না।রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে প্রতিদিন গড়ে ৮০টি ট্রেন কমলাপুর স্টেশন ছাড়ে আর আসে। টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত দুটি রেললাইন থাকায় এই পথে নতুন ট্রেন নামানো সম্ভব নয়। নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ ঢাকার যানজট নিরসনে কমিউটার ট্রেন চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সম্প্রতি ৩০টি কমিউটার ট্রেন কেনার জন্য দরপত্রও আহ্বান করেছে রেলওয়ে। এ অবস্থায় রেললাইন না বাড়ানো গেলে এসব ট্রেন চালানো সম্ভব হবে না বলে রেলওয়ের কর্মকর্তারা মনে করেন।উড়ালসড়কের কাঠামো: উড়ালসড়কের ওপরের অংশ হবে বাকস আকৃতির। নিচের অংশ এক বা দুই স্তম্ভবিশিষ্ট হবে। উড়ালসড়কের ওপরের অংশ অর্থাৎ যেখান দিয়ে গাড়ি চলবে, তা ৫৭ থেকে ৬৭ ফুট পর্যন্ত চওড়া হবে। নিচের স্তম্ভের অংশের জন্য ৯ থেকে ১২ ফুট জায়গা লাগবে। এ ছাড়া তৈরির সময় যন্ত্রপাতি ও মালামাল রাখার জন্যও বেশ জায়গার দরকার হবে। প্রকল্পটি তিন বছরে বাস্তবায়ন করার কথা।জানতে চাইলে বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক ও উড়ালসড়ক প্রকল্পের বিশেষজ্ঞ কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক বলেন, রেলওয়ের সম্ভাবনা নষ্ট না করে কীভাবে উড়ালসড়ক করা যায়, সে বিষয়ে তাঁরা কাজ করছেন। রেলওয়ের জায়গা কতটুকু আছে এবং কীভাবে ব্যবহার করা যায়, তা সমীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে।