উড়ালসড়কের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা এখন যানজটের শহর। এই পরিচয় ঘোচাতেই একদিকে চলছে ঢাকা উড়ালসড়কের কাজ। অন্যদিকে চলছে কুড়িল, মিরপুর-বিমানবন্দর সড়ক ও যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসেতুর কাজ। পরিবহন বিশেষজ্ঞদের কেউ কেউ এগুলোকে গণপরিবহন-বান্ধব বলে মনে করছেন না। তাঁদের মতে, উড়ালসড়ক ও উড়ালসেতু প্রাইভেট কারকেই বেশি সুবিধা দেবে। তবে এগুলো চালু হলে নগরের যানজট কমবে বলে আশা করছেন নগরবাসী। আশাজাগানিয়া প্রকল্পগুলোর বাস্তবায়ন কতটা এগিয়েছে, এগুলো নগরের সড়ক যোগাযোগে কী প্রভাব পড়বে—তা নিয়ে প্রতিবেদন। লিখেছেন মিল্লাত হোসেন। সহায়তা করেছেন আল-আমিন হক। ঢাকা উড়ালপথশহরের ওপর সড়ক!এতটুকু যানজট নেই। দ্রুতগতিতে এগিয়ে চলছে যানবাহন। এতে বসে নিচে দেখা যাচ্ছে শহর। এভাবে শহরকে নিচে ফেলে রেখে এগিয়ে চলে উড়ালপথ। এত দিন হলিউড-বলিউডের সিনেমায় এ দৃশ্য দেখেছে নগরবাসী। আবার বিদেশে গিয়ে অনেকেই হয়তো চলেছেন উড়ালপথে। অনেকে ঢাকায় উড়ালপথে চলার স্বপ্ন দেখে থাকতে পারেন। সেই স্বপ্ন এখন বাস্তবায়নের পথ ধরেছে। কেননা গত ৩০ এপ্রিল ঢাকা উড়ালপথের (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণকাজের উদ্বোধন হয়েছে।সেতু বিভাগের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন উড়ালপথটি নির্মাণে সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে আট হাজার ৭০৩ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড এ প্রকল্পের বেসরকারি বিনিয়োগকারী।সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, উড়ালপথটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল, বনানী, মহাখালী, সাতরাস্তা, মগবাজার ও কমলাপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাছে কুতুবখালী গিয়ে শেষ হবে। যার দৈর্ঘ্য ২১ কিলোমিটার। এ ছাড়া উড়ালপথটির সঙ্গে দুটি উড়াল সংযোগ সড়ক থাকছে। এ দুটির দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার। এর একটি পলাশী থেকে কাঁটাবন, সোনারগাঁও হোটেল হয়ে মগবাজার রেলক্রসিং এবং অন্যটি মানিক মিয়া এভিনিউ থেকে ফার্মগেট হয়ে তেজগাঁওয়ে গিয়ে মূল উড়ালপথে যুক্ত হবে।উড়ালপথে চলাচলের জন্য যানবাহনকে টোল দিতে হবে। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে গাড়ি, জিপ, মাইক্রোবাস ও হালকা ট্রাকের জন্য টোল ১২৫, বাসের জন্য ২৫০, ছয় চাকার ট্রাকের জন্য ৫০০ আর ছয় চাকার বেশি ট্রাকের জন্য ৬২৫ টাকা টোল ধার্য করা হয়েছে।উড়ালপথের কাজের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে নাম-পদবি প্রকাশে অনিচ্ছুক সেতু কর্তৃপক্ষের একজন প্রকৌশলী জানান, এখন বারিধারা ডিওএইচএস এলাকায় এর পাইলিংয়ের কাজ চলছে। ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে উড়ালপথের কাজ শেষ হবে বলে তিনি আশা করছেন।তিনি আরও জানান, এসটিপিতে যে উড়ালপথের কথা বলা হয়েছে, এটি তার একাংশ। তাই এটি উত্তরে জয়দেবপুর চৌরাস্তা ও দক্ষিণে নারায়ণগঞ্জ পর্যন্ত সম্প্রসারণের সুযোগ রাখা হয়েছে। এই উড়ালসড়ক তৈরি হলে ঢাকার রাস্তায় গাড়ির চাপ এবং যানজট কমবে বলে তিনি আশা করছেন। কুড়িল উড়ালসেতুনগর মিলবে পূর্বাচলে...বিমানবন্দর সড়ক ধরে খিলক্ষেত হয়ে কুড়িল মোড়ের দিকে আসার সময় দেখা যায়, সড়কের একাংশে নির্মাণকাজ চলছে। এটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ‘কুড়িল-বিশ্বরোড আন্তসংযোগ ফ্লাইওভার’ প্রকল্পের নির্মাণকাজের একাংশ। এর জন্য সড়কে তৈরি হচ্ছে যানজট। তবে উড়ালসেতুটি চালু হলে সড়ক থেকে যানজট কমবে—এই আশায় যানজটের দুর্ভোগ অনেকেই মেনে নিচ্ছেন। এ প্রসঙ্গে খিলক্ষেতের বাসিন্দা মোহাম্মদ রহিম বলেন, ‘এখন যানজটে ঘণ্টার পর ঘণ্টা নষ্ট হয়। আশা করি, ফ্লাইওভারটি সড়ক থেকে যানজট কমাবে।’নগরবাসীকে এ বিষয়ে আশ্বস্ত করছেন কুড়িল উড়ালসেতু প্রকল্পের পরিচালক আবদুল বাকী মিয়া। তিনি দাবি করেন, এই উড়ালসেতু চালু হলে কুড়িল মোড়ের যানজট কমে যাবে। এটি পূর্বাচল উপশহর প্রকল্পের ৩০০ ফুট প্রশস্ত প্রধান সড়কের সঙ্গে কুড়িল-বিশ্বরোডকে যুক্ত করবে। এ ছাড়া এটি ঢাকা উড়ালসড়কের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে কুড়িল উড়ালসেতু বিমানবন্দর সড়ক, প্রগতি সরণির ওপর থেকে যানবাহনের চাপ কমাবে। এটি দিয়ে সিলেট, খুলনার বাস দ্রুত চলাচল করতে পারবে।রাজউক সূত্র জানায়, কুড়িল উড়ালসেতুর দৈর্ঘ্য ৩ দশমিক ১ কিলোমিটার। এতে চারটি লুপ থাকবে। এগুলো হবে বনানী, কুড়িল, খিলক্ষেত ও পূর্বাচল প্রান্তে। কুড়িল উড়ালসেতুর জন্য জমি অধিগ্রহণ এবং এর নির্মাণ-ব্যয় মিলিয়ে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩০৩ কোটি টাকা। ২০১২ সালের জুন মাসে এর কাজ শেষ হবে বলে জানান আবদুল বাকী মিয়া। যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসেতুঢাকার দুয়ারে যানজট কমবে তো?দিন আর রাত নেই, সব সময়ই যানজট লেগে থাকে যাত্রাবাড়ী মোড়ে। ছুটির দিনও এখানে যানজটের বিরাম নেই। এই যানজট কমাতে গত বছর শুরু হয়েছে যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসেতুর নির্মাণকাজ। এর আক্ষরিক নাম, ‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার নির্মাণপ্রকল্প’। এ কারণে যাত্রাবাড়ী মোড় ঘিরে যানজট এখন আরও বেড়ে গেছে। একই কারণে যানজট বেড়েছে গুলিস্তান, ওয়ারী ও হাটখোলা এলাকায়। এ প্রকল্প বাস্তবায়িত হলে নগরে ঢোকার অন্যতম প্রধান এই সড়কদ্বারে যানজট কমবে বলে আশা করছে সবাই।এ বিষয়ে গাবতলী-যাত্রাবাড়ী রুটের বাসচালক আলিম মিয়া বলেন, ‘এখন চলতে খুব অসুবিধা হইলেও পরে তো সুবিধা হইবো।’ ওয়ারীর ব্যবসায়ী মোসলেম কাদের দাবি করেন, ফ্লাইওভারের কাজের জন্য সবার সাময়িক অসুবিধা হচ্ছে। এ জন্য দ্রুত কাজ শেষ করা দরকার।ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) এই প্রকল্পের কাজ শুরু হয়েছে ২০১০ সালের ২২ জুন। প্রকল্প সূত্র জানায়, উড়ালসেতুর দৈর্ঘ্য ১০ কিলোমিটার। এর ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৫৩ কোটি টাকা। এতে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে বিনিয়োগ হয়েছে। নির্মাণকাজে সরকারের কোনো অর্থ ব্যয় হচ্ছে না। বেসরকারি অংশীদার হিসেবে অর্থ জোগান দিচ্ছে ওরিয়ন গ্রুপ।যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসেতুতে চলাচল করতে হলে যানবাহনকে টোল দিতে হবে। এ জন্য থাকবে টোলঘর। এ প্রসঙ্গে প্রকল্পের পরিচালক আশিকুর রহমান জানান, যারা টোল এড়াতে চাইবে, তারা এর নিচে থাকা ভূপৃষ্ঠস্থ সড়কে সহজেই চলাচল করতে পারবে।প্রকল্পের অগ্রগতি বিষয়ে আশিকুর রহমান জানান, এ পর্যন্ত ৩৩ শতাংশ কাজ হয়েছে। ২০১৩ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ আছে। তবে ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্প শেষ করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।আশিকুর রহমান জানান, যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসেতু চালু হলে চট্টগ্রামসহ দেশের ৩০টি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ হবে। এ ছাড়া পদ্মা সেতু নির্মাণ করা হলে তার সঙ্গে ঢাকার সহজ যোগাযোগে উড়ালসেতুটি ভূমিকা রাখবে। তাই একে কেন্দ্র করে এখনই ঢাকার দক্ষিণে কাঁচপুর ব্রিজ এলাকায় ও পূর্বে শীতলক্ষ্যা ব্রিজ পর্যন্ত নগরায়ণ শুরু হয়েছে। মিরপুর-বিমানবন্দর সড়ক উড়ালসেতুসুগম হচ্ছে পথবীর উত্তম জিয়াউর রহমান সড়কের জিয়া কলোনি থেকে মিরপুর সেনানিবাস পর্যন্ত সড়কের নির্মাণকাজ শেষ পর্যায়ে আছে। এ সড়কটি চালু হলে মিরপুর ও উত্তরার মধ্যে যাতায়াত সুগম হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। তবে এই সড়কের বেশির ভাগ অংশ ঢাকা সেনানিবাসের ভেতর থাকায় এটি দিয়ে রাতের বেলা সাধারণ মানুষ চলতে পারবে কি না, তা নিয়ে আশঙ্কার কথা জানালেন মিরপুরের একাধিক বাসিন্দা।এ কথা ভেবেছে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তর। তাই তারা হাতে নিয়েছে মিরপুর থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত উড়ালসেতু নির্মাণ প্রকল্প। এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের ১৬ ইঞ্জিনিয়ার্স কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। একই প্রকল্পের অধীন বনানী রেলক্রসিংয়ে একটি ওভারপাস নির্মিত হচ্ছে। তাই পুরো প্রকল্পের আক্ষরিক নাম, ‘মিরপুর টু এয়ারপোর্ট রোড ফ্লাইওভার অ্যান্ড ওভারপাস অ্যাট বনানী স্টাফ রোড রেলওয়ে জংশন প্রজেক্ট’। এর বাস্তবায়ন শুরু হয়েছে জানুয়ারি মাসে।প্রকল্প সূত্র জানায়, এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি টাকা। উড়ালসেতু ও ওভারপাস মিলিয়ে মোট সেতুর দৈর্ঘ্য তিন দশমিক চার কিলোমিটার। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে এর পরিচালক কর্নেল আবু সাঈদ মো. মাসুদ বলেন, ‘এখন পর্যন্ত ৩০ শতাংশ কাজ হয়েছে। ২০১২ সালের ডিসেম্বর মাসের মধ্যে আমরা কাজ শেষ করব। ফ্লাইওভার ও ওভারপাসটি চালু হলে মিরপুরের সঙ্গে বিমানবন্দর ও উত্তরার যোগাযোগ সহজ হবে। ১৫-২০ মিনিটে মিরপুর-উত্তরায় চলাচল করা যাবে। বনানী রেলক্রসিংয়ে এখন দুই-তিন ঘণ্টার যানজট তৈরি হয়। ওভারপাস চালু হলে এ যানজট থেকে রেহাই পাবে যাত্রীরা।’তিনি আরও জানান, বিমানবন্দর সড়ক থেকে মিরপুর সেনানিবাস পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের কাজ শেষের পথে। কিছুদিনের মধ্যেই এটি চালু হবে। পরে উড়ালসেতু চালু হলে মিরপুর ও বিমানবন্দর সড়কে চলাচলের ব্যবস্থা আরও সহজ হয়ে যাবে বলে তিনি জানান।