শ্রীমঙ্গলের পাশের কমলগঞ্জের একটা বনপথ ধরে হেঁটে চলেছি আমরা কয়েকজন। সময়টা ভোরবেলা। রাতের বৃষ্টিতে পথঘাট ঝোপঝাড় ভিজে আছে। আমাদের দুই পাশ দিয়ে সারি সারি টিলা। সঙ্গে একজন আদিবাসী বালকও আছে। হঠাৎই সে চিৎকার দিয়ে তাকাল ওপরের দিকে। চমকে থমকে তাকালাম আমরাও। আশ্চর্য সুন্দর দৃশ্যটি দেখে মুগ্ধ হলাম। একটি উড়ুক্কু কাঠবিড়ালি প্রায় ৫০ ফুট উঁচু একটি গাছের মাথা থেকে লাফ দিয়ে ছত্রীসেনা বা প্যারাসুট সৈনিকের মতো নেমে আসছে নিচের দিকে, যেন সাঁতার কাটছে বাতাসে। ২০-২৫ সেকেন্ড মাত্র। ওটি নেমে পড়ল নিচের একটি ঝোপাল গাছের মাথায়। ওই-ই প্রথম এবং অদ্যাবধি দেখা আমার উড়ুক্কু কাঠবিড়ালির গ্লাইড করার দৃশ্য। আদিবাসী সেই বালক সেদিন বলেছিল, পিচ্চি ছানা পিঠে নিয়েও গ্লাইড করতে পারে ওরা। ওদের সামনের দুই পা ও পেছনের দুই পায়ের সঙ্গে ডানার মতো যে পাতলা চামড়ার ঝিল্লি বা গ্লাইডার থাকে, তা মেলে ধরেই ওড়ার মতো নেমে আসে নিচের দিকে। যেন দক্ষ প্যারাট্রুপার। এই প্রাণীটিকে আমি প্রথম দেখি ১৯৯৩ সালের ১৪ অক্টোবর সিলেট শহরের একটি বাড়িতে বন্দী অবস্থায়। সঙ্গে দুটি চোখ না-ফোটা ছানাও ছিল। দ্বিতীয়বার বন্দী অবস্থায় দেখি শুধু তিনটি পিচ্চি ছানা শ্রীমঙ্গলের সিতেশ বাবুর চিড়িয়াখানায়। ওরা বেশ বড় হয়েছিল। ঘটনাটি ২৪ মে ২০০৪ সালের। রাজশাহীর এক খাসিয়া পানপুঞ্জি থেকে সংগ্রহ করা হয়েছিল ওদের। পরে সিতেশ বাবু লাওয়াছড়া বনে অবমুক্ত করেছিলেন। সর্বশেষ গত ১২ এপ্রিল আবারও দুটি চোখ না-ফোটা ছানাসহ একটি মা কাঠবিড়ালি আশ্রয় পেয়েছে সিতেশ বাবুরই বন্যপ্রাণী সেবাশ্রমে। বড্ড অসহায় হয়ে পড়েছিল ওই মা কাঠবিড়ালিটি। পার্শ্ববর্তী মোহাজেরাবাদ গ্রামের এক বাসিন্দা তাঁর বাড়ির জামগাছটি কেটে ফেলেন। ওই গাছেরই খোঁড়লে ছিল কাঠবিড়ালটির বাসা। সে বাসায় ছিল চার-পাঁচ দিন বয়সী দুটি অসহায় ছানা। ওদের শরীরের মাপ মাত্র ০৮ সেমি। ছানাদের মায়ায় মা দূরে সরে যায়নি। গাছের মালিক ছানাগুলো দেখে দারুণ অনুশোচনায় ভুগতে থাকেন। মাসহ ছানা দুটিকে নিয়ে আসেন সিতেশ বাবুর কাছে। সেবাশ্রমের পরিচালক সজল দেবের নিবিড় পরিচর্যায় রেখেছেন। সর্বশেষ গতকাল সোমবার পর্যন্ত খোঁজ নিয়ে জেনেছি, ১৫ মে ছানার চোখ ফোটে। চোখ ফোটার সময় একটি ছানা মারা গেছে এবং একটি ছানা বেঁচে আছে। মা কাঠবিড়ালিটিও তার সঙ্গে আছে। আগামী ৫ জুন ছানা ও মাকে লাওয়াছড়া বনে ছেড়ে দেওয়া হবে বলে সিতেশ বাবু জানিয়েছেন। এরা নিশাচর প্রাণী। দিনভর ঝিমায় আর ঘুমায়। রাতে হয় সচল। সজল দেব জানিয়েছেন, মা কাঠবিড়ালি খাচ্ছে নানা রকম ফল। ছানা পান করছে দুধ। প্রথম পাওয়ার সময় ছানাদের রং ছিল মানুষের হাতের তালুর রঙের মতো। বর্তমানে রং কালচে-বাদামি। মাপ দাঁড়িয়েছে ১৫ সেন্টিমিটার। মায়ের শরীরের মাপ লেজসহ ৩০ সেন্টিমিটার। লেজটি চ্যাপটা—যেন বড় ফার্ন-জাতীয় উদ্ভিদের একটি পাতা। লেজটি চওড়ায় ০৫ সেন্টিমিটার। শরীরের দুই পাশের গ্লাইড-চামড়ার প্রতিটি লম্বায় ১৩ সেন্টিমিটার করে, চওড়া ০৮ সেন্টিমিটার করে। গ্লাইড চামড়া কালচে-বাদামি। লেজ কালচে। চোখ কুচকুচে কালো। সামনের পায়ে নখ চারটি করে পেছনের পায়ে পাঁচটি। দিনে মা মুরগির মতো ছানা বুকে আগলে বসে থাকে, মানুষ কাছে গেলে কামড়ে দিতে চায়। সজল দুই-চারবার কামড় খেয়েছে। চ্যাপ্টা লেজটি উল্টিয়ে এরা যেমন পিঠের ওপরে আনতে পারে। তেমনি লেজ ও গ্লাইড কাঁথায় এমনকি নিজের মুখটাও ঢাকতে পারে।নিশাচর এই কাঠবিড়ালিটির ইংরেজি নাম particoloured Flying squirrel. বৈজ্ঞানিক নাম Hylopetes alboniger. বৃহত্তর সিলেট ও চট্টগ্রামের বনে বসবাস। ইদানীং অতি দুর্লভ এই কাঠবিড়ালি তার ছানা নিয়ে আবার প্রকৃতিতে ফিরে যাবে—এটা খুবই আনন্দের বিষয়।