উড়ে গেল রাঙা হালতি
পাখিটি সাতসকালে এলোমেলো পায়ে হাঁটছিল একটি বাগানের কিনারে। ব্যাপারটা অস্বাভাবিক। কৌতূহলী যুবক সুমন মল্লিক এগিয়ে ওটিকে ধরে ফেলেন। পাখিটির ডান চোখটা বোজা, বাঁ চোখটা আধবোজা। দুই চোখ বেয়ে জল গড়াচ্ছিল। সুমন পাখিটিকে তুলে দেন ফকিরহাট (বাগেরহাট) ওয়াইল্ডলাইফ ক্লাবের কর্মী রেহানা মল্লিকের হাতে। তিনি বুঝতে পারেন, পাখিটি বেশ কিছুদিন থেকেই চোখের অসুখে ভুগছে। চোখে ভালো করে দেখতে না পাওয়ায় কয়েক দিন সে ঠিকমতো খাদ্যও জোগাড় করতে পারেনি। না খেয়ে খুব দুর্বল হয়ে পড়েছে পাখিটি। শরীর শুকিয়ে অর্ধেক হয়ে গেছে, ওজনও গেছে কমে। রেহানা মল্লিক পাখিটিকে ভাত ও ঘাসফড়িং খাওয়াতে শুরু করেন। চিকিৎসার জন্য নিয়ে যান টুঙ্গিপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম আউয়াল হকের কাছে। তিনি পাখিটির রোগ নির্ণয় করে দুই রকম ওষুধ প্রয়োগের কথা বলেন। চলতে থাকে চিকিৎসা। এভাবে এক সপ্তাহ ধরে রেহানার আদর-যত্ন ও চিকিৎসায় পাখিটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তখন সে আর খাঁচায় বন্দী থাকতে চায় না। অতএব ছেড়ে দেওয়া হলো তাকে একদিন। প্রথম উড়ে গিয়ে বসে একটি ছোট গাছে। তারপর ডানা মেলে লাফিয়ে পড়ে মাটিতে এবং যথানিয়মে দৌড়ে গভীর বাগানের ভেতর অদৃশ্য হয়ে যায়। রেহানা মল্লিকেরও মনপ্রাণ ভরে যায় একটি অসুস্থ পাখিকে সুস্থ করে প্রকৃতিতে ফিরিয়ে দিতে পাওয়ার অনাবিল আনন্দে। ঘটনাটি গত নভেম্বর মাসের।পাখিটি অতি দুর্লভ। এর নাম রাঙা হালতি। ইংরেজি নাম Slaty-Legged Crake। ফকিরহাট ছাড়া দেশের অন্য কোথাও অদ্যাবধি এদের বাসা, ডিম ও ছানার সন্ধান মেলেনি। সুুস্থ হয়ে উড়ে মাটিতে নামার মুহূর্তটিকে ক্যামেরাবন্দী করা হয়। এ ছাড়া ছেড়ে দেওয়ার আগে পাখিটির শরীরের বিশেষ কয়েকটি স্থানে লাল রঙের চিহ্ন এঁকে দেওয়া হয়েছিল। গত ৩ জানুয়ারি পাখিটিকে দিব্যি ঘুরে বেড়াতে দেখা গেছে এলাকার বাগানের আশপাশে। রাঙা হালতি বাসা করে মাটির ওপর। উড়তে পারে ভালোই। কিন্তু তার পছন্দ গভীর গ্রামীণ বাগানের তলদেশ। খাদ্য পোকামাকড়, কীটপতঙ্গ ইত্যাদি। বাসা বাঁধার মৌসুমে এরা পাড়া কাঁপিয়ে দিন ও রাতে ডাকে। ছানারা হয় কুচকুচে কালো। শরীরের মাপ ২৫ সেন্টিমিটার। শীতে এরা ঝোপঝাড়ের মাথায় বসে রোদ পোহায়।