ঊর্ধ্বতন অবস্থানের জন্য গোলাম আযম রাজাকার ক্যাম্পে যেতে পেরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষ গতকাল রোববার পঞ্চম দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে। রাষ্ট্রপক্ষ বলেছে, মুক্তিযুদ্ধকালে তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতের আমির ও শান্তি কমিটির নেতা ছিলেন বলেই গোলাম আযমের পক্ষে রাজধানীর মোহাম্মদপুরে শারীরিক শিক্ষাকেন্দ্রের রাজাকার ক্যাম্প পরিদর্শন করা সম্ভব হয়েছে।বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, একাত্তরের ১৭ সেপ্টেম্বর গোলাম আযম আনুষ্ঠানিকভাবে শারীরিক শিক্ষাকেন্দ্রে রাজাকারদের প্রশিক্ষণ দেখতে যান। অসংখ্য মানুষকে সেখানে নির্যাতন ও হত্যা করা হয়। সেখানে রাজাকারদের হত্যা, নির্যাতন, ধর্ষণের প্রশিক্ষণ দেওয়া হতো। ওই স্থানে গিয়ে গোলাম আযম উসকানি দিয়ে রাজাকারদের মানবতাবিরোধী অপরাধ করতে প্ররোচিত করেন, ‘পাকিস্তানের হেফাজত’ করার জন্য নিজের জীবন দিতে উৎসাহিত করেন। রাজনৈতিকভাবে ঊর্ধ্বতন অবস্থানে থাকায় গোলাম আযমের পক্ষে তখন সেখানে গিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া সম্ভব হয়েছে।সুলতান মাহ্মুদ বলেন, একাত্তরের ১৬ জুলাই রাজশাহী মিউনিসিপ্যাল হলে স্থানীয় শান্তি কমিটির এক সভায় গোলাম আযম বলেন, হিন্দুরা মুসলমানের বন্ধু, এটা প্রমাণ করার মতো কোনো দলিল নেই। সংগ্রাম পত্রিকায় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের উসকানিমূলক বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি হিন্দুদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন। অথচ গোলাম আযমের ছেলে জবানবন্দিতে দাবি করেছেন, তাঁর বাবা অসাম্প্রদায়িক। কিন্তু একাত্তরে গোলাম আযম সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, যা তাঁর ছেলের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন, একাত্তরের জুনে পাকিস্তানের দৈনিক জাসারাত-এ দেওয়া সাক্ষাৎকারে গোলাম আযম আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ দল উল্লেখ করেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, একাত্তরের ২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রে পাকিস্তান জামায়াত-ই-তলাবা-ই-আরাবিয়ার সম্মেলন হয়। পাকিস্তান একাডেমির পরিচালক হাসান জামান এতে সভাপতিত্ব করেন। সম্মেলনে গোলাম আযম বলেন, এ যুদ্ধ শুধু অস্ত্রের সম্মুখযুদ্ধ নয়, এটা আদর্শের যুদ্ধ। এ যুদ্ধকে তিনি অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ বা জিহাদ উল্লেখ করেন। এ ধরনের বক্তব্য সরাসরি বিরোধী রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীকে নির্মূলে উসকানি দেয়।সুলতান মাহ্মুদ বলেন, গোলাম আযম জামায়াত, শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামস প্রভৃতি বাহিনীকে তথাকথিত ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে উসকানি দিয়েছেন। কৌঁসুলি আরও বলেন, ৪ আগস্ট খুলনা মিউনিসিপ্যাল হলে স্থানীয় জামায়াতের কর্মিসভায় গোলাম আযম ‘দুষ্কৃতকারীদের’ নির্মূলের আহ্বান জানান। এই ‘দুষ্কৃতকারীরা’ বলতে তিনি আওয়ামী লীগ ও হিন্দুদের বুঝিয়েছেন। ওই সভায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমালোচনা করে বলেন, বঙ্গবন্ধু ছয় দফার আড়ালে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করেছেন।রাষ্ট্রপক্ষ ১৭ ফেব্রুয়ারি থেকে যুক্তি উপস্থাপন শুরু করে। গতকাল যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষে কেবল একজন সহযোগী আইনজীবী গাজী তামিম উপস্থিত ছিলেন।গত বছরের ১৩ মে এই ট্রাইব্যুনাল গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করেন। এগুলো হলো: মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, পরিকল্পনা, এ ধরনের অপরাধে উসকানি ও সহযোগিতার অভিযোগ। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা ও নির্যাতনের একটি অভিযোগও রয়েছে।