দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আজ তিন শতাংশের বেশি বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে পৌনে তিন শতাংশ। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারে।এ ব্যাপারে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মাদ এ হাফিজ প্রথম আলো অনলাইনকে বলেন, বাজারের বর্তমান অবস্থায় বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম অনেক আকর্ষণীয় পর্যায়ে রয়েছে। এ অবস্থায় অনেক বিনিয়োগকারী নতুন করে বাজারে সক্রিয় হচ্ছেন। যার ইতিবাচক প্রভাব বাজারে দেখা যাচ্ছে।¬িডএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩.২৫ শতাংশ বা ১৪৭.২৪ পয়েন্ট বেড়ে ৪৬৬৮.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত ছিল।আজ ডিএসইতে ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়ালের ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৬টিরই দাম বেড়েছে। কমেছে নয়টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৫৩০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৮ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন, সামিট পাওয়ার, ফু-ওয়াং সিরামিকস, তিতাস গ্যাস, আরএন স্পিনিং, সোশ্যাল ইসলামী ব্যাংক, এনবিএল ও বেক্সিমকো ফার্মা।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২.৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৩৬২.৩৯ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭১টিরই দাম বেড়েছে। কমেছে ১২টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৬২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা বেশি।