নানা প্রণোদনায় গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজার ঊর্ধ্বমুখী হয়েছে। বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগের ঘোষণা বড় প্রণোদনা হিসেবে কাজ করেছে।দিনের লেনদেন শুরুর আগেই বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) নেতারা আইনি সীমা মেনে ব্যাংকগুলো শেয়ারবাজারে নতুন করে আরও বিনিয়োগ করতে পারে বলে জানান।রাজধানীর গুলশানে একটি হোটেলে অনুষ্ঠিত সভা শেষে সংগঠনটির চেয়ারম্যান কে মাহমুদ সাত্তার সাংবাদিকদের বলেন, ‘আগামী সপ্তাহ থেকে ব্যাংকগুলো শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারে। শেয়ারবাজারে যেসব ব্যাংকের আর্থিক সংশ্লিষ্টতা (নিজস্ব বিনিয়োগ ও শেয়ারের সব ঋণ মিলিয়ে) আমানতের ১০ শতাংশের নিচে রয়েছে তাদের নতুন করে বিনিয়োগে কোনো আইনি বাধা নেই।’ধারাবাহিক দরপতন রোধে ব্যাংকসহ অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসছিলেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। এমনকি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সরকারের শীর্ষ মহল ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনাকালে ব্যাংকগুলোর বিনিয়োগের প্রস্তাবনা তুলে ধরেন।এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের অনানুষ্ঠানিক আহ্বানে এবিবি করণীয় নির্ধারণে সভা করার ঘোষণা দেয়, যা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার কেন্দ্রীয় ব্যাংক শেয়ারবাজারে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিনিয়োগের বিষয়ে একটি ব্যাখ্যা দেয়।এসব প্রণোদনা বা উদ্যোগের প্রভাব পড়ে বাজারে। সপ্তাহের শেষ দিনে গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৬ শতাংশ শেয়ারের দাম বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৯৫ শতাংশের দাম। যোগাযোগ করা হলে পুঁজিবাজার বিশ্লেষক আকতার হোসেন সান্নামাত প্রথম আলোকে বলেন, ব্যাংকগুলো বাজারে নতুন করে আরও বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এখন সেই ঘোষণার বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই ব্যাংকগুলোকে দৈনন্দিন লেনদেনের মানসিকতা পরিহার করে পরিকল্পিতভাবে দীর্ঘ মেয়াদে বিনিয়োগে আসতে হবে। বর্তমানে বাজারে শেয়ারের দাম যে পর্যায়ে নেমে এসেছে তাতে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা খুবই কম।তিনি আরও বলেন, শুধু ব্যাংক নয়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও সক্রিয় করতে হবে। প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে বাজার একটি পর্যায়ে উন্নীত হলে তখন সাধারণ বিনিয়োগকারীরাও আত্মবিশ্বাস ফিরে পাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের নীতি-সহায়তা অব্যাহত রাখতে হবে।গতকাল ডিএসইতে মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই লেনদেন শুরু হয়, যা দিনশেষেও অব্যাহত ছিল। এদিন ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৪৫ পয়েন্ট। দিনশেষে ডিএসইতে ২৫২ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ২৪১ কোম্পানির শেয়ারেরই দাম বেড়েছে, কমেছে নয়টির দাম। গতকাল ঢাকার বাজারে প্রায় ৪০২ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১২৪ কোটি টাকা বেশি।চট্টগ্রামের বাজারে গতকাল ১৪৫টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৩৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ছয়টি কোম্পানির শেয়ারের দাম। সিএসইর সার্বিক মূল্যসূচক প্রায় ৬৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭৩ পয়েন্টে।তবে গতকাল সিএসইতে লেনদেনের নতুন প্রযুক্তি সংযোজন হওয়ায় অনেক ব্রোকারেজ হাউস ওই প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি। এ কারণে দিনশেষে সিএসইতে ২০ কোটি টাকার লেনদেন হয়।