ঋণ নিয়ে জ্বালানি তেল আমদানির উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫০ কোটি ডলার ঋণ নিয়ে জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো জ্বালানি তেল আমদানিতে ঋণপত্র (এলসি) খুলতে না চাওয়ায় সরকারকে এ পথ বেছে নিতে হচ্ছে। বিষয়টিতে ইতিবাচক মতামত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল রোববার পর্যন্ত কোনো মতামত পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংক ‘হ্যাঁ’ বললেই ঋণ নেওয়ার বিষয়টি চূড়ান্ত হবে।সচিবালয়ে গতকাল রোববার অনুষ্ঠিত জ্বালানি তেল আমদানিবিষয়ক আন্তমন্ত্রণালয়ের এক বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন। সূত্র জানায়, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইআইটিএফসি) থেকে নয় মাসের জন্য ৫ শতাংশ সুদে এ ঋণ নেওয়া হবে। সঙ্গে ঋণপত্র বা এলসি কমিশন দিতে হবে দশমিক ১৬ শতাংশ হারে। ঋণের অর্থ জ্বালানির এলসি বাবদ সরাসরি পরিশোধ করবে সংস্থাটি।যোগাযোগ করলে বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন প্রথম আলোকে জানান, জ্বালানি আমদানিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ে এ ধরনের বিদেশি সংস্থার কাছ থেকে নেওয়া ঋণ বরং ভালো। এতে এলসি কমিশন কম দিতে হবে এবং সুদের হারও কম। তিনি আরও জানান, ‘বিদেশি প্রতিষ্ঠান থেকে এ ধরনের ঋণে আগে সুদহার ছিল ৬ দশমিক ৫ শতাংশ। আলোচনার মাধ্যমে সেটি কমিয়ে আমরা ৫ শতাংশে নিয়ে এসেছি।’ জানা গেছে, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে এলসি খুলতে গত ডিসেম্বর থেকেই বারবার তাগিদ দিয়ে আসছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটি বোরো আবাদের পাশাপাশি আকাশপথে বিমান চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহেও ঘাটতি হতে পারে বলে আশঙ্কা করেছে। বিপিসির পরিচালক সরাফ উদ্দিন আহমেদ গত ডিসেম্বরে এক চিঠিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানান, কুয়েত থেকে পরিশোধিত জ্বালানি আমদানির এলসি খুলতে গত ২৮ ডিসেম্বর জনতা ব্যাংক স্থানীয় কার্যালয়কে অনুরোধ করা হয়। চলতি বছরের ৪ জানুয়ারি আবারও অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। কিন্তু জনতা ব্যাংক এলসি খোলার ব্যাপারে আগ্রহ দেখায়নি। অথচ ডিসেম্বর থেকে মে পর্যন্ত বোরো মৌসুম এবং এ সময় জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত রাখা প্রয়োজন।এদিকে গত ১৭ জানুয়ারি বিপিসির চেয়ারম্যান আবু বকর সিদ্দিকী জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের কাছে তিনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এলসি না খোলার বিষয়ে অভিযোগ জানিয়ে চিঠি পাঠান। এতেও বলা হয়, ব্যাংকগুলো এলসি না খোলায় বিপিসিকে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হচ্ছে।