ঋণ নিয়ে দুর্নীতি, ক্ষতি ২২০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ম না মেনে ঋণ দিয়েছে জনতা ব্যাংক। সুদও মওকুফ করেছে ইচ্ছেমতো। আবার খেলাপি ঋণ পুনঃ তফসিল করে দেওয়ার পরও ঋণ ফেরত দেয়নি গ্রাহক। এক খাতে ঋণ নিয়ে অন্য খাতে অর্থ সরিয়ে ফেললেও ব্যাংক তাকেই আবার বারবার ঋণ দিয়েছে। এভাবে জনতা ব্যাংকের ক্ষতি হয়েছে ২২০ কোটি টাকা।জনতা ব্যাংকের দেওয়া ঋণ, ঋণের পুনঃ তফসিল এবং সুদ মওকুফ বিষয়ে এক বিশেষ নিরীক্ষা এ তথ্য পাওয়া গেছে। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (সিএজি) বিশেষ এই নিরীক্ষাটি পরিচালনা করেছে। প্রতিবেদনটি ইতিমধ্যেই জনতা ব্যাংকের কাছে পাঠিয়ে ৩০ কর্মদিবসের মধ্যে অর্থ আদায় করে তা জানাতে বলা হয়েছে। ঋণ পুনঃ তফসিলীকরণ ও সুদ মওকুফসংক্রান্ত ওই বিশেষ নিরীক্ষায় জনতা ব্যাংকের ২৪ গ্রাহকের ওপর পরিচালনা করে সিএজির কার্যালয়। এতে দেখা গেছে, ঢাকার প্রধান কার্যালয়সহ জনতা ব্যাংকের ১৩টি শাখায় নানা অনিয়মের কারণে সব মিলিয়ে ২২০ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ৪৫৬ টাকা গচ্চা দিতে হবে।যে প্রতিষ্ঠানগুলোর ওপর নিরীক্ষা চালানো হয় তার মধ্যে পোশাকশিল্প খাতেরই প্রতিষ্ঠান ১৪টি। বাকি প্রতিষ্ঠানগুলো ইস্পাত, খাদ্য ও মুদ্রণ খাতের। আর জনতা যেসব প্রতিষ্ঠানের কাছে অর্থ আদায় করতে পারছে না সেগুলোর মধ্যে রয়েছে, ফুয়াদ স্পিনিংয়ের ৪৩ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৪৪৯ টাকা, ড্রাগন সোয়েটার বাংলাদেশ লিমিটেডের ২৭ কোটি ৬৩ লাখ এক হাজার ৮৪ টাকা, আবদুল হাইয়ের মালিকানাধীন চার প্রতিষ্ঠান হাই প্রিন্টিং প্রেস, তালেব ইলেকট্রনিকস, রেডিয়ার্স ইন্টারন্যাশনাল ও এস এন জেড মেলামাইনের ১৬ কোটি সাত লাখ ৭৮ হাজার টাকা, হাইটেক ফুডের ১৭ কোটি ৯৫ লাখ টাকা, মানতাকা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১৩ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার ১১৯ টাকা, আসমা কোল্ড স্টোরেজের ১২ কোটি ১০ লাখ ৪৭ হাজার ৫৭৮ টাকা এবং মুন স্টিলের ১১ কোটি ৭৭ লাখ ৭৮ হাজার টাকা।যোগাযোগ করা হলে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম আমিনুর রহমান বলেন, সিএজি কার্যালয় যে প্রতিবেদনটি পাঠিয়েছে তাতে অনেক নিরীক্ষা আপত্তি আছে। সিএজি অফিসের দৃষ্টিকোণ থেকে দেওয়া এসব আপত্তির মধ্যে বেশ কিছু আছে যা কোনো দিনই নিষ্পত্তি করা সম্ভব হবে না। যেমন, প্রণোদনা ভাতা (ইনসেনটিভ বোনাস) ও বিশেষ বেতন বৃদ্ধি (স্পেশাল ইনক্রিমেন্ট)। এগুলো ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের হাতে থাকা ক্ষমতাবলে অনুমোদন করেছে। আর যেসব ক্ষেত্রে নিরীক্ষা আপত্তি নিষ্পত্তিযোগ্য, তা সম্পূর্ণ করা হবে।চালু প্রতিষ্ঠানের সুদ মওকুফ: জনতা ব্যাংক ভবন করপোরেট শাখার গ্রাহক ফুয়াদ স্পিনিং মিলসকে নীতিমালা লঙ্ঘন করে সুদ মওকুফ করা হয়েছে। এতে ব্যাংকের ক্ষতি হয়েছে ৪৩ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৪৪৯ টাকা। নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালের আগস্টে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের তিন প্রকৌশলীর নেতৃত্বে প্রতিষ্ঠানটি পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা গেছে, ফুয়াদ স্পিনিং মিলস একটি চালু প্রতিষ্ঠান এবং তাদের উৎপাদিত পণ্যের মানও সন্তোষজনক। অথচ এ ধরনের একটি চালু প্রতিষ্ঠানের অনুকূলে সুদ মওকুফ করে ব্যাংকেরই আর্থিক ক্ষতি করা হয়েছে। সুদের হিসাব না করায়: জনতা ব্যাংকের একই শাখার গ্রাহক ড্রাগন সোয়েটার লিমিটেড ও সহযোগী প্রতিষ্ঠানের আদায়যোগ্য সুদ যথাসময়ে হিসাব করা হয়নি। গ্রাহকও এ সুযোগকে কাজে লাগিয়ে সুদ পরিশোধে অনীহা দেখায়। এতে ব্যাংকের ২৭ কোটি ৬৩ লাখ এক হাজার ৮৪ টাকা আদায় অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিবেদন অনুযায়ী ২০০৬ সালে রপ্তানি সুদের হার সাড়ে আট শতাংশ এবং তলবি ঋণের সুদের হার সাড়ে ১৩ শতাংশ নির্ধারণ করা হয়। ২০০৭ সালে ঋণ পুনঃ তফসিল করা হয়। এতে তলবি ঋণের হার সাড়ে ১৩ শতাংশ থেকে কমিয়ে আট শতাংশ করা হয়। বাস্তবে সুদ আরোপ না করে পুনঃ তফসিল করা হয়। এতে ব্যাংকের ক্ষতি হয়েছে সাড়ে ২৭ কোটি টাকারও বেশি অর্থ। অবৈধভাবে তহবিল হস্তান্তর: জনতা ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার গ্রাহক হাইটেক ফুড প্রোডাক্টসকে ২০০৬ সালে নয় কোটি ৫৪ লাখ টাকা ঋণ দেওয়া হয়। ২০০৮ সালে প্রতিষ্ঠানটিকে ঋণের পরিমাণ বাড়িয়ে আরও দুই কোটি ৯৪ লাখ টাকা এবং ২০০৯ সালে আরও সাড়ে পাঁচ কোটি টাকা দেওয়া হয়। নিরীক্ষা প্রতিবেদনে দেখা গেছে, অনৈতিক ও অবৈধভাবে ঋণের অর্থ আবাসন ব্যবসায় হস্তান্তর করেছে। গ্রাহকের সদিচ্ছার অভাবে প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এ পরিপ্রেক্ষিতে শাখা অফিস এবং পরিদর্শন কমিটি প্রতিষ্ঠানটির ঋণ বাড়ানোর ব্যাপারে নেতিবাচক মতামত দেয়। অথচ এসব নেতিবাচক মতামত উপেক্ষা করেই ঋণের পরিমাণ বাড়ানো হয়েছে।নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাহক প্রকল্পের টাকা অন্য খাতে সরিয়ে নিজের স্বার্থে ব্যবহার করেছে। এ ক্ষেত্রে শাখা ও পরিদর্শন দলের মতামত উপেক্ষা করে চলতি মূলধন বাড়ানো ও বিতরণ গুরুতর অনিয়ম।