ঋণ পরিশোধে এখনই বঙ্গবন্ধু সেতুর টোল বাড়ানোর পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু তৈরির কাজ শুরুর আগেই এর টোল বাড়ানোর পরামর্শ দিয়েছে দাতারা। কেবল পদ্মা সেতুরই নয়, বঙ্গবন্ধু সেতুর টোল বৃদ্ধিরও পরামর্শ দিয়েছে তারা। দাতারা মনে করে, পদ্মা সেতুর জন্য নেওয়া ঋণ পরিশোধে কেবল এই সেতুর টোল বাড়ানোই যথেষ্ট নয়। পাশাপাশি বঙ্গবন্ধু সেতু থেকে আয় বাড়াতে হবে। কেননা, বঙ্গবন্ধু সেতুর জন্য নেওয়া ঋণের কিস্তি পরিশোধের পর বাড়তি অর্থ পদ্মা সেতুকে ভর্তুকি হিসেবে দিতে হবে। সেতু বিভাগ কর্তৃপক্ষের (বিবিএ) কাছে পাঠানো একটি চিঠিতে বিশ্বব্যাংক এই পরামর্শ দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, পদ্মা সেতু নির্মাণ করার পর এর ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের টোল বাড়াতে হবে। বঙ্গবন্ধু সেতুতে বর্তমানে যে হারে টোল আদায় হচ্ছে, পদ্মায় টোলের হার এর তুলনায় দুই বা তিন গুণ করতে হবে। পাশাপাশি পদ্মা সেতু চালু হওয়ার আগেই বঙ্গবন্ধু সেতুর টোল দ্বিগুণ করে প্রাপ্ত অর্থ পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও ঋণের সুদ পরিশোধে ভর্তুকি হিসেবে দিতে হবে। পদ্মা সেতুকে অর্থনৈতিকভাবে যুক্তিযুক্ত করার জন্য এর বিকল্প নেই বলে মনে করছে বিশ্বব্যাংক। বঙ্গবন্ধু সেতুর টোল বাড়ানো যায় কি না—এ বিষয়ে সরকারও চিন্তাভাবনা করছে বলে জানা গেছে। তবে একবারেই দ্বিগুণ হারে না বাড়িয়ে ধাপে ধাপে বাড়ানোর চিন্তা করছে সরকার। বিশ্বব্যাংকও ধীরে ধীরে টোল বাড়ানোর পরামর্শ দিয়েছে। বিশ্বব্যাংক মনে করে, এখন থেকেই বঙ্গবন্ধু সেতুতে অল্প অল্প করে টোল বাড়ানো শুরু করলে বাড়তি টাকা পদ্মা সেতুর নির্মাণে অর্থায়ন করা যাবে। কারণ আন্তর্জাতিক সংস্থার ঋণের বাইরেও পদ্মা সেতু নির্মাণে সরকারকে মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হবে। তা ছাড়া পদ্মা সেতু প্রকল্প অর্থনৈতিকভাবে যুক্তিযুক্ত না হলে উন্নয়ন-সহযোগীদের কাছ থেকে পর্যাপ্ত ঋণ পাওয়াও কষ্টকর হবে। প্রসঙ্গত, বঙ্গবন্ধু সেতু নির্মাণে সরকার সহজ শর্তে ঋণ পেয়েছিল। ঋণের বিপরীতে প্রতিবছর সুদে-আসলে ১০৩ কোটি টাকা পরিশোধ করতে হয়। সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় এ থেকে আয়ও বেড়েছে। ফলে ঋণের কিস্তি পরিশোধ করেও কিছু টাকা থেকে যাচ্ছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৭৫ লাখ টাকার টোল আদায় হয়। বর্তমানে বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের টোল ৩০ টাকা, কার ৪০০ টাকা, ছোট বাস ৫৫০ টাকা, বড় বাস ৮০০ টাকা, হালকা মালবাহী যান ৭৫০ টাকা, মাঝারি ট্রাক এক হাজার টাকা এবং ভারী মালবাহী যানের টোল এক হাজার ২৫০ টাকা।