ঋণখেলাপি প্রার্থীদের বিষয়ে ভুল তথ্য না দিতে সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঋণখেলাপি প্রার্থীদের বিষয়ে ভুল তথ্য না দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সতর্ক করে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত চিঠি কেন্দ্রীয় ব্যাংকসহ দেশের সব ধরনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে এ-সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করতে বলা হয়েছে।চিঠিতে বলা হয়েছে, ঋণখেলাপি-সম্পর্কিত তথ্যের নির্ভুলতার সম্পূর্ণ দায়দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক বা ভারপ্রাপ্ত কর্মকর্তার ওপর বর্তাবে। ভুল তথ্য পরিবেশন কিংবা ঋণখেলাপি-সম্পর্কিত তথ্য উপস্থাপনে ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা মনোনয়ন দাখিলের শেষ দিন থেকে বাছাই না হওয়া পর্যন্ত নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকবেন।ঋণখেলাপির সংজ্ঞা: চিঠিতে ঋণখেলাপি বিষয়ে বলা হয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ মেয়াদোত্তীর্ণ হলে ওই ব্যক্তি ঋণখেলাপি হবেন। তবে নিজ বসবাসের জন্য গৃহনির্মাণ অথবা ক্ষুদ্র কৃষিঋণ নিলে তাঁকে ঋণখেলাপি বিবেচনা করা হবে না। ঋণখেলাপি কোম্পানি বা ব্যাংক অথবা ফার্ম বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকের পদ থেকে পদত্যাগ করে যদি কেউ নির্বাচনে অংশ নেন, তবে তাঁকেও ঋণখেলাপি বিবেচনা করা হবে। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ওই ব্যক্তি যদি ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের সম্মতিতে ওই পরিবর্তন রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস থেকে সংশোধন করে কাগজপত্র জমা দেন, তাহলে তিনি ঋণখেলাপি থেকে মুক্তি পাবেন।তালিকা: যেসব প্রার্থী নিজস্ব নির্বাচনী এলাকার বাইরে ব্যাংক বা ঋণ হিসাব পরিচালনা করছেন, তাঁদের ক্ষেত্রে প্রার্থীদের একটি তালিকা নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে বিশেষ দূত মারফত সংগ্রহ করতে হবে। তালিকায় কোনো প্রার্থী ঋণখেলাপি হিসেবে প্রমাণিত হলে দ্রুত সেটি নির্বাচন কমিশন ও বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচন কমিশনের কাছে প্রার্থীদের ঋণখেলাপির তথ্য সরাসরি ফ্যাক্সযোগে বা বাহক মারফত পাঠাবেন।তথ্য বাছাই: ঋণখেলাপি-সংক্রান্ত তথ্য মনোনয়নপত্র বাছাইয়ের দিন কিংবা এর আগেই রিটার্নিং কর্মকর্তাকে দিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সব হিসাব হালনাগাদ করে একটি তালিকা প্রস্তুত করবে। আবার মনোনয়নপত্র বাছাইয়ের সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক বা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঋণখেলাপি-সংক্রান্ত তথ্য ও কাগজপত্র নিয়ে উপস্থিত থাকবেন। প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষিত সময় অনুযায়ী ৩১ মে থেকে ৫ জুলাই পর্যন্ত দেশব্যাপী ৫৭টি জেলার ৪১৪টি উপজেলার নির্বাচনযোগ্য ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।