ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেছেন। সাবেক যোগাযোগসচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকেও পাঠানো হয়েছে ছুটিতে।আবার বিশ্বব্যাংক যে দুর্নীতির তদন্ত পরিচালনায় গঠিত অনুসন্ধানী দলে থাকতে চেয়েছিল, তাতে এখন রাজি দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি তিন সদস্যের আন্তর্জাতিক তদন্ত প্রসিকিউশন ও দক্ষ অনুসন্ধানী টিম গঠনে আনুষ্ঠানিক সম্মতি জানিয়েছে।আর এসব তথ্য জানিয়ে গতকাল বুধবার বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে চিঠি পাঠিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। অন্য তিন উন্নয়ন সহযোগীর কাছেও একই ধরনের চিঠি পাঠানো হয়। চিঠিগুলোতে পদ্মা সেতুর অর্থায়নে ঋণচুক্তি বাতিলের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেও গতকাল এ বিষয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি রাখে। এখনো আমরা আশা করছি যে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে এবং আমাদের যে অপবাদ দেওয়া হয়েছে, সেটার স্খলন হবে।’ অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল এক পৃষ্ঠার এই বিবৃতি দেন অর্থমন্ত্রী।এতে সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সাবেক যোগাযোগমন্ত্রী নিজেকে নির্দোষ দাবি করে ও তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তাঁর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।’ অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু সম্পর্কে বাংলাদেশের বক্তব্য আগেও বলা হয়েছে। প্রথমত, পদ্মা সেতু নির্মাণের কাজ এ বছরই শুরু করব। দ্বিতীয়ত, আমরা নিশ্চিত করতে চাই যে এ সেতু প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি হবে না।’ইতিমধ্যে কাজ শুরু করার ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে মুহিত বলেন, ‘কাজটি বিঘ্নিত হয় যখন বিশ্বব্যাংক প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির আশঙ্কা করে। তাদের আশঙ্কা নিবৃত্তির জন্য আমরা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দায়িত্ব দিই। ২০১১ সালের আগস্টে দুদক তদন্ত শুরু করে। তদন্তে এখনো কোনো ধরনের দুর্নীতি পাওয়া যায়নি। এই তদন্ত শুধু অব্যাহত নয়, আরও জোরদার করা হয়েছে।’বিশ্বব্যাংকের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, যদিও অভিযোগের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি, তবু একজন উচ্চপদস্থ সম্মানিত সরকারি কর্মকর্তা ইতিমধ্যে ছুটিতে গেছেন। আবুল হোসেনও পদত্যাগ করেছেন।বিশ্বব্যাংককে বারবারই প্রকল্প বাস্তবায়নের কাজ পুনরায় শুরুর জন্য চাপ দেওয়ার কথা উল্লেখ করে বিবৃতিতে মুহিত বলেন, ‘তাদের এখানে এসে আমাদের সঙ্গে আলোচনার আহ্বান জানাই। তারা গত জুন মাসে আলোচনা করেছে। আলোচনা কিছুটা এগিয়ে গেলে গত ৫ জুন চারটি শর্ত দেয় বিশ্বব্যাংক। সংস্থাটি স্বীকার করেছে, দুটি শর্ত ইতিমধ্যে পূরণ হয়েছে। শর্ত দুটি হলো: দুদকের তদন্ত কমিটি গঠন এবং উন্নয়ন সহযোগীদের অধিকতর ভূমিকা দিয়ে বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ।’অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক অতঃপর আরও স্বীকার করেছে যে দুদকের তদন্ত ও তাদের তদন্ত সম্পর্কে একটি মতৈক্য প্রতিষ্ঠিত হয়। শুধু একটি শর্তে আইনগত কারণে আমরা তাদের প্রস্তাবিত পদক্ষেপে সম্মত হইনি। যে প্রমাণটি বিশ্বাসযোগ্য বলে বিশ্বব্যাংক দাবি করে, সেটি আমাদের আইনে তখনই বিশ্বাসযোগ্য হবে, যখন এ অভিযোগটি দ্বিতীয় একটি সূত্র দ্বারা সমর্থিত হবে।’অর্থমন্ত্রী বিবৃতিতে বলেন, ‘বিশ্বব্যাংকের সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই অন্য তিন উন্নয়ন সহযোগীর সঙ্গে আলোচনা চলছে। ইসলামি উন্নয়ন ব্যাংক ইতিমধ্যে জানিয়েছে যে তারা এই প্রকল্প বাস্তবায়নে গভীরভাবে আগ্রহী। জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) এ বিষয়ে সার্বক্ষণিক আলোচনা চালিয়ে যাচ্ছে। তাদের সভাপতি বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করছেন। এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) এ বিষয়ে আমাদের সঙ্গে আলোচনায় লিপ্ত।’বিশ্বব্যাংকের প্রস্তাবে দুদক রাজি: দুদকের চেয়ারম্যান গোলাম রহমান গতকাল সাংবাদিকদের বলেন, ‘সরকার যদি বিশ্বব্যাংকের এ প্রস্তাবে সম্মত হয়, তাহলে দুদক এ কমিটিকে তথ্যের সহযোগিতাসহ সব ধরনের সহযোগিতা করবে।’ গোলাম রহমান বলেন, ‘বিশ্বব্যাংকের উত্থাপিত কথিত দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্তের পূর্ণাঙ্গতা, যথার্থতা, স্বচ্ছতা এবং সততা রক্ষা করতে বিশ্বব্যাংকের প্রস্তাবে আমরা সম্মত হয়েছি।’দুদক নিয়ে বিশ্বব্যাংকের অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোলাম রহমান বলেন, ‘এটা “গ্যাপ অব আন্ডারস্ট্যান্ডিং”। তখন একপর্যায়ে আমাদের মনে হয়েছিল, বিশ্বব্যাংক যে প্রস্তাব করেছে, তাতে কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ন হতে পারে।’বিশ্বব্যাংকসহ চার উন্নয়ন সহযোগীকে চিঠি: পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে অর্থায়নে ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বিশ্বব্যাংকের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে গতকাল ইআরডি থেকে ই-মেইলযোগে চিঠি পাঠানো হয়। ইআরডির দায়িত্বশীল একটি সূত্র এই খবর নিশ্চিত করেছে। চিঠিতে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার সর্বশেষ কী ব্যবস্থা নিয়েছে, তার বিবরণ দেওয়া হয়েছে। গতকাল একই ধরনের বক্তব্যসংবলিত একটি চিঠি দেওয়া হয়েছে এডিবি, জাইকা, আইডিবিকে। এসব চিঠিতেও পদ্মা সেতুতে অর্থায়নের সিদ্ধান্ত বহাল রাখার অনুরোধ করা হয়।