পদ্মা সেতুর অর্থায়নের জন্য ঋণচুক্তির কার্যকারিতার মেয়াদ এক মাস বাড়িয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান। সচিবালয়ে অর্থ বিভাগ আয়োজিত বিদায়ী অর্থসচিব মোহাম্মদ তারেক এবং নতুন অর্থসচিব ফজলে কবীরের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, মেয়াদ বাড়ানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে, এই সময়ের মধ্যে যেন বিষয়টির সুরাহা হয়।’ উল্লেখ্য, ১৪ আগস্ট থেকে মোহাম্মদ তারেক বাংলাদেশের পক্ষে বিশ্বব্যাংকের বিকল্প পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন। ৩ আগস্ট তাঁর দেশ ছাড়ার কথা। ইআরডি সূত্রে জানা গেছে, মেয়াদ বাড়ানোর কথা জানিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) চিঠিটি দিয়েছে এ দুই উন্নয়ন সহযোগী সংস্থা। দুপুরে এডিবির কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো ও জাইকা প্রতিনিধি তাকাও টোডা ইআরডি কার্যালয়ে এসে এই চিঠি পৌঁছে দেন। তাঁরা ইআরডির সচিব ইকবাল মাহমুদের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে এই সংস্থা দুটির প্রতিনিধি ও ইআরডির সচিব সাংবাদিকদের কাছে কোনো কথা বলতে রাজি হননি। মেয়াদ বাড়ানোর ফলে পদ্মা সেতু প্রকল্পে এই দুই দাতা সংস্থার কাছ থেকে অর্থ পাওয়ার বিষয়টি জিইয়ে রইল। ইআরডি ও দাতা সংস্থা সূত্রে জানা গেছে, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার যেসব উদ্যোগ নিয়েছে, তা পর্যবেক্ষণে রেখেছে বলে চিঠিতে জানিয়েছে এই দুটি সংস্থা। এ সময়ের মধ্যে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের উদ্ভূত জটিলতার নিরসন দেখতে চায় সংস্থা দুটি। এর আগে গত ফেব্রুয়ারি মাসে এই ঋণের কার্যকারিতার মেয়াদ ছয় মাস বাড়িয়ে ৩১ জুলাই করা হয়েছিল। পদ্মা সেতু প্রকল্পের প্রধান অর্থায়নকারী বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগে গত ২৯ জুন ঋণচুক্তি বাতিল করে। ঋণচুক্তিটি পুনর্বিবেচনায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে সম্প্রতি ইআরডি থেকে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক নির্বাহী পরিচালক এম এন প্রসাদের কাছে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বিশ্বব্যাংকের দেওয়া শর্ত পূরণে বাংলাদেশ সরকারের সাম্প্রতিক পদক্ষেপসমূহ জানানো হয়েছে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক নির্বাহী পরিচালক ও অন্য বিকল্প পরিচালকেরা এই অঞ্চলের পক্ষে বিশ্বব্যাংক মূল কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন। তবে বিশ্বব্যাংককে কোনো চিঠি দেওয়া হয়েছে কি না—জানতে চাইলে গতকাল এক শব্দে অর্থমন্ত্রী বলেন, ‘না’। কবে দেওয়া হতে পারে—জানতে চাইলে তিনি বলেন, ‘এটা এখন বলব না।’ পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার, এডিবি ৬১ কোটি ডলার ও জাইকার ৪১ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে।