ঋণমানে যুক্তরাষ্ট্রের অবনতি, বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণমানের (ক্রেডিট রেটিং) দিক দিয়ে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো অবনতি হয়েছে যুক্তরাষ্ট্রের। ‘ট্রিপল এ’ থেকে নেমে এসেছে ‘ডাবল এ প্লাস’-এ। বিশ্বের অন্যতম রেটিং সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এসঅ্যান্ডপি) যুক্তরাষ্ট্রের এ নতুন রেটিং নির্ধারণ করেছে।বাজেট ঘাটতির কারণেই যুক্তরাষ্ট্র ঋণমানের দিক দিয়ে পিছিয়ে পড়েছে জানিয়ে এসঅ্যান্ডপি বলেছে, মার্কিন কংগ্রেসে গত মঙ্গলবার বাজেট ঘাটতি হ্রাসের যে পরিকল্পনা পাস হয়েছে, তা খুব বেশি কাজে আসবে না।অর্থনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ঋণমানের দিক দিয়ে পিছিয়ে পড়ায় বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরাবে। যুক্তরাষ্ট্রকে এখনই বিশাল বাজেট ঘাটতি মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে। তাদের বেকারত্বের হার বর্তমানে ৯ দশমিক ১ শতাংশ। নতুন করে অর্থনৈতিক মন্দার মধ্যে পড়ার আশঙ্কাও বাড়ছে।ঋণমানে পিছিয়ে পড়ার এ ঘটনা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের জন্যও বিব্রতকর। এখন সরকারের ধারদেনার ব্যয়ও বেড়ে যেতে পারে। ধীরে ধীরে কমে যেতে পারে স্থানীয় সরকার ও ব্যক্তি পর্যায়ের সুদের হার।কোনো কোনো বিশ্লেষক অবশ্য বলছেন, ঋণ বিপর্যয় এখন উন্নত বিশ্বের সব দেশে। সে তুলনায় যুক্তরাষ্ট্রের পরিস্থিতি বিনিয়োগকারীদের কাছে এখনো লোভনীয়।অপর দুটি বড় ক্রেডিট রেটিং সংস্থা মুডিস ও ফিচ গত শুক্রবার বলেছে, এসঅ্যান্ডপির মতো যুক্তরাষ্ট্রকে ঝুঁকিমুক্ত ঋণদাতাদের তালিকার বাইরে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত তাদের নেই।ওয়াশিংটনে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা গণমাধ্যমকে বলেছেন, ঋণমান নির্ধারণে এসঅ্যান্ডপির মূল্যায়নে বড় ধরনের ত্রুটি আছে। সংস্থাটির বিশ্লেষণে দুই লাখ কোটি ডলারের হেরফের আছে বলে জানিয়েছে অজ্ঞাত একটি সূত্র।এসঅ্যান্ডপির বিশ্লেষণ সম্পর্কে মার্কিন অর্থ দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ‘দুই লাখ কোটি ডলারের ত্রুটি রেখে একটি মূল্যায়ন আসলে কী হতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না।’ তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু তিনি বলেননি।এসঅ্যান্ডপির রেটিং কমিটির চেয়ারম্যান জন চেম্বারস সিএনএনকে বলেন, বাজেট ঘাটতি নিয়ে কংগ্রেসে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, তা আরও আগেভাগে ফয়সালা করে ফেলতে পারলে যুক্তরাষ্ট্র তাদের ঋণমানের এই অবনতি এড়াতে পারত।জন চেম্বারস বলেন, ‘প্রথমেই যেটা করতে হতো, তা হলো ঋণসীমার ঊর্ধ্বস্তর পর্যায়ক্রমে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া। তাহলে বিতর্ক এড়ানো যেত।’ঋণমানে যুক্তরাষ্ট্রের অবনতিতে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া হয়েছে মিশ্র। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঋণদাতা চীন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র তাদের কাঠামোগত ঋণসমস্যা কীভাবে মোকাবিলা করবে এবং চীনের ডলার সম্পদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে, এ দাবি জানানোর অধিকার চীনের আছে।’প্রতিবেদনে আরও বলা হয়, ‘মার্কিন ডলারের ওপর আন্তর্জাতিক পর্যবেক্ষণ চালু করা উচিত এবং একই সঙ্গে কোনো একটি দেশের এককভাবে সৃষ্ট বিপর্যয় এড়ানোর জন্য একটি নতুন, স্থিতিশীল ও নিরাপদ বৈশ্বিক মুদ্রা মজুদব্যবস্থা চালু করা যেতে পারে।’তবে এ বিষয়ে শান্তভাবে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার কর্মকর্তারা।বিশ্বজুড়ে শেয়ারবাজারে গত এক সপ্তাহের অস্থিরতার পর, যার জন্য আংশিকভাবে দায়ী মার্কিন অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে আশঙ্কা ও ইউরো অঞ্চলের সংকট-যুক্তরাষ্ট্রের ঋণমানের অবনতির এই ঘোষণা দিল এসঅ্যান্ডপি।আগামী এক দশকে যুক্তরাষ্ট্র যদি তাদের কেন্দ্রীয় সরকারের ঋণ কমপক্ষে চার লাখ কোটি ডলার কমাতে না পারে, তাহলে ঋণমানে অবনতি হবে বলে আগেই হুঁশিয়ার করে দিয়েছিল এসঅ্যান্ডপি। কিন্তু এর পরিবর্তে গত মঙ্গলবার কংগ্রেসে যে বিল পাস করা হয়েছে, তাতে আগামী ১০ বছরে দুই লাখ ১০০ কোটি ডলারের সঞ্চয়ের পরিকল্পনা আছে।এসঅ্যান্ডপি বলেছে, ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা মিলে কেবল একটি ‘তুলনামূলক পরিমিত সঞ্চয়ের’ ব্যাপারে ঐকমত্য হতে পেরেছে। কিন্তু প্রয়োজন ছিল এর চেয়ে বেশি কিছু।এসঅ্যান্ডপির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ঋণমানে অবনমনের মাধ্যমে আমাদের এই দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে যে বাজেট ও অর্থনৈতিক চলমান চ্যালেঞ্জের এই সময়ে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণ ও রাজনৈতিক সংগঠনের কার্যকারিতা, স্থিতিশীলতা ও ভবিষ্যবাচ্যতা দুর্বল হয়ে পড়েছে।’