যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ঋণসীমা বাড়ানো এবং ব্যয় কাটছাঁট নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতারা একটি সমঝোতায় পৌঁছেছেন। তিনি বলেন, আগামী ১০ বছরে ব্যয়সীমা এক ট্রিলিয়ন মার্কিন ডলার (এক লাখ কোটি ডলার) কাটছাঁট করার ব্যাপারে সমঝোতা হয়েছে। এ ছাড়া বাজেট ঘাটতি মোকাবিলায় আরও কাটছাঁটের প্রস্তাব দিতে একটি কমিটি করা হবে। এ কমিটি আগামী নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে। ওবামা বলেন, ‘আমি ঘোষণা করতে চাই, কংগ্রেসের উভয় পরিষদে ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতারা ব্যয় কাটছাঁট ও ঋণের কিস্তি পরিশোধের সময় বাড়ানোর ক্ষেত্রে সমঝোতায় পৌঁছেছেন।’ তবে মার্কিন প্রেসিডেন্ট জানান, প্রস্তাবটি তাঁর মনের মতো না হলেও এ সমঝোতা মার্কিন ঋণ সংকটের পরিস্থিতি উত্তরণে ইতিবাচক ভূমিকা রাখবে।প্রতিনিধি পরিষদের রিপাবলিকান-দলীয় নেতা স্পিকার জন বোয়েনার বলেন, পরিকল্পনাটি পাস করার ব্যাপারে তিনি কংগ্রেসের ভোটাভুটিতে ‘যত দ্রুত সম্ভব’ সহযোগিতা করবেন।তবে কংগ্রেসে সমঝোতামূলক সম্ভাব্য এ প্রস্তাব এখনো অনুমোদন হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত কংগ্রেসে ভোটাভুটির সময় ক্ষণও নির্ধারণ হয়নি।কাল মঙ্গলবারের মধ্যে ঋণসীমা বাড়ানোর প্রস্তাব পাস না হলে মার্কিন সরকারের ব্যয় নির্বাহ ও ঋণের কিস্তি পরিশোধ অসম্ভব হয়ে পড়বে। সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হ্যারি রিড আগামী ১০ বছরে দুই দশমিক দুই ট্রিলিয়ন ডলার ব্যয় কাটছাঁট ও ঋণসীমা দুই দশমিক চার ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেন। কেন্দ্রীয় সরকারের এবারের বাজেট ঘাটতি এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার এবং জাতীয় ঋণ ১৪ দশমিক তিন ট্রিলিয়ন ডলার।সরকারের ঋণের সীমা বাড়ানো বরাবরই মার্কিন কংগ্রেসের একটি গৎবাঁধা কাজ ছিল। কিন্তু এ বছর আর্থিক বিষয়ে রক্ষণশীল কিছু রিপাবলিকান নেতা কংগ্রেসে নির্বাচিত হয়ে আসায় তাঁরা এতে বাগড়া দিচ্ছেন। বিবিসি ও রয়টার্স।