মুনাফা তুলে নেওয়াসহ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার (এসইসি) ঋণের হার কমিয়ে দেওয়ার নির্দেশনার কারণে আজও ঢাকা শেয়ারবাজারে সাধারণ সূচকের ওঠা-নামা ছিল। তবে শেষ পর্যন্ত ঊর্ধ্বগতি দিয়েই শেষ হয়েছে সপ্তাহের শেষ দিনের লেনদেন। মোট লেনদেনের পরিমাণ গত কয়েক দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৫৪৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। মোট লেনদেন হয়েছে এক হাজার ১৪৪ কোটি টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ৭৮টির। লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল গ্রামীণফোন, বেক্সিমকো লিমিটেড, এবি ব্যাংক, বেক্সিমকো টেক্সটাইল ও সাউথইস্ট ব্যাংক।প্রথমদিকে ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ গ্রামীণফোনের শেয়ারের দাম বৃদ্ধি ও হ্রাসের কারণেই সূচক ওঠা-নামা করেছে বলে জানিয়েছেন ডিএসইর সহসভাপতি শাকিল রিজভী। ব্যাংকের দাম কমার কারণ হিসেবে তিনি শেয়ার বিক্রি করে বিনিয়োগকারীদের লাভ তুলে নেওয়ার কথাই বলছিলেন।তবে বিনিয়োগকারীরা বলছেন, গতকাল এসইসি মার্চেন্ট ব্যাংকগুলোকে ঋণসুবিধা কমিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছে, সে কারণেই বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এ কারণেই বাজার কিছুটা মন্দা।তবে বিশ্লেষকেরা এও বলছেন, বাজারে অর্থের প্রবাহ এত বেশি রয়েছে যে এসইসির এ নির্দেশনা বাজারকে খুব একটা মন্দা করতে পারবে না। এদিকে এসইসি থেকে জানানো হয়েছে, বাজার সুসংহত রাখতেই এসইসি এ নির্দেশনা দিয়েছে।এদিকে ৭ ফেব্রুয়ারি থেকে সেকেন্ডারি বাজারে লেনদেন শুরু হচ্ছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। ১০ টাকা অভিহিত মূল্যের এ প্রতিষ্ঠানটিকে ‘এ’ ক্যটাগরিতে রেখে লেনদেন শুরু হবে বলে জানিয়েছে ডিএসই। এ ছাড়া রোববার থেকে শুরু হচ্ছে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রাথমিক শেয়ারের আবেদনপত্র গ্রহণ। এ ছাড়া রেকর্ড ডেটের কারণে রোববার বন্ধ থাকবে ম্যাকসন স্পিনিংয়ের শেয়ার লেনদেন।