ঋণসুবিধাসংক্রান্ত সিদ্ধান্ত ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: এসইসি
ঋণসুবিধাসংক্রান্ত এসইসির সিদ্ধান্ত ভুলভাবে উপস্থাপন করে বিনিয়োগকারীদের মধ্যে ক্ষোভ উসকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া। তিনি বলেন, শেয়ারবাজারে ঋণসুবিধা এসইসি বন্ধ করে দিচ্ছে—এমন খবর একেবারেই মিথ্যা। ঋণসুবিধা বন্ধ নয় বরং যারা বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করে থাকেন, তাঁদের ঋণ পরিশোধের প্রক্রিয়া আরও স্বচ্ছ করার জন্যই ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন এসইসির নির্বাহী পরিচালক।এদিকে আজ মঙ্গলবার দুপুরের দিকে বিভিন্ন শর্তের কারণে আবারও ঋণসুবিধা বন্ধ হয়ে যাচ্ছে—এমন খবরে বিনিয়োগকারীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। তাঁরা কয়েক দফা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও এসইসির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বিনিয়োগকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, যখনই শেয়ারবাজারে আস্থারভাব তৈরি হয়, বাজার চাঙা হয়, তখনই এসইসির বিভিন্ন সিদ্ধান্ত বাজার অস্থিতিশীল করে তোলে।