শেয়ারের বিপরীতে ঋণ বিতরণে এসইসির বিধান বহাল
ঋণসুবিধাহীন কোম্পানির নেটিং পদ্ধতি বাতিল
শেয়ারের বিপরীতে ঋণ বিতরণে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) প্রণীত বিধান নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই পরিপালন করতে হবে। বাজারের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এ ক্ষেত্রে আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই বলে ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে স্পষ্ট জানিয়ে দিয়েছে এসইসি। একই সঙ্গে ঋণসুবিধাবহির্ভূত কোম্পানিগুলোর জন্য আর্থিক সমন্বয়সুবিধা বা নেটিং ফ্যাসিলিটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবস থেকেই এ নিয়ম কার্যকর হবে। নিয়মটি কার্যকর হলে শেয়ার বিক্রি করার পর লেনদেন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সমপরিমাণ টাকা দিয়ে অন্য কোনো শেয়ার কেনা যাবে না। বর্তমানে শেয়ার বিক্রি করার সঙ্গে সঙ্গে বিক্রিলব্ধ সমপরিমাণ টাকা দিয়ে অন্য প্রতিষ্ঠানের শেয়ার কেনা যায়। দুই স্টক এক্সচেঞ্জ ও মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে এসইসির পূর্বনির্ধারিত এক বৈঠকে গতকাল রোববার এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবীর ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘বাজারের টেকসই উন্নয়নের স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বাজারের ঝুঁকি কমানো ও তারল্যপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য গত ২৪ আগস্ট এসইসি ২০০৬ সালে প্রণীত ঋণ বিতরণ ও ব্যবস্থাপনার বিধান পরিপালনে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেয়। এ বিধানে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে তাদের গ্রাহকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সূত্র অনুসরণ করার কথা বলা হয়েছে। সূত্র অনুযায়ী, ঋণদাতা প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের শেয়ারের বাজারমূল্যের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির প্রকৃত সম্পদমূল্য (এনএভি) যোগ করে দুই দিয়ে ভাগ করে যে ফল পাওয়া যাবে, তার সমানুপাতিক হারে ঋণ দিতে পারবে। একই সঙ্গে সূত্র অনুযায়ী কোনো গ্রাহকের ঋণসীমা অতিক্রম করলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রায় চার বছর আগে প্রণীত এ বিধানটি প্রয়োগযোগ্য নয় বলে মার্চেন্ট ব্যাংকগুলো শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল। নতুন করে বিধানটি পরিপালনে কড়াকড়ি আরোপ করার পর গত ২৯ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নেতারা এটি কার্যকর না করতে আনুষ্ঠানিক দাবি জানায়। তাঁদের যুক্তি ছিল, ঋণ বিতরণের এ বিধানটি অত্যন্ত জটিল এবং এ পদ্ধতিতে একজন গ্রাহক কী পরিমাণ ঋণ প্রাপ্য হবেন, তা গণনার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার নেই। তা ছাড়া পদ্ধতিটি অনুসরণ করতে গেলে গ্রাহকদের বিপুল পরিমাণ শেয়ার বাধ্যতামূলক বিক্রির চাপে পড়বে। এতে তাঁদের বড় অংশই বাধ্যতামূলক লোকসানের শিকার হবেন। আর এটি হবে এসব বিনিয়োগকারীদের প্রতি এক ধরনের অবিচার। কারণ তাঁরা যখন ঋণ নিয়েছিলেন তখন ঋণ সমন্বয়ে এসইসির কোনো বাধ্যবাধকতা ছিল না। তাই ইতিপূর্বে যাঁরা ঋণ নিয়েছেন তাঁদের জন্য এ বিধান প্রযোজ্য হওয়া উচিত নয়। এ বাস্তবতায় বিধানটি কার্যকর হলে কী পরিমাণ শেয়ার বিক্রির চাপে পড়বে, তার তথ্য দেওয়ার জন্য মার্চেন্ট ব্যাংকগুলোকে এক সপ্তাহের সময় বেঁধে দেয় এসইসি। গতকালের বৈঠকে এসব তথ্য পর্যালোচনা করেই সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। জানা গেছে, মার্চেন্ট ব্যাংকগুলো এসইসিকে সুনির্দিষ্ট তথ্য দিতে না পারলেও তাদের গ্রাহকদের ৩০ শতাংশ বিক্রির চাপে পড়বে বলে জানায়। এর ভিত্তিতে বিষয়টি পুনর্বিচেনার জন্য এসইসির কাছে অনুরোধ করে। কিন্তু তাদের অনুরোধে কর্ণপাত করেনি এসইসি। বরং, সংস্থাটির পক্ষ থেকে মার্চেন্ট ব্যাংকগুলোকে বলা হয়েছে, বিধান পরিপালনে কী সমস্যা হবে সেটি তাদের দেখার বিষয় নয়, যে বিধান করা হয়েছে সেটি মানতেই হবে। আনোয়ারুল কবীর বলেন, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের যেসব গ্রাহকের সীমার অতিরিক্ত ঋণ রয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই তা সমন্বয়ের আহ্বান জানাতে বলা হয়েছে। যদি কোনো গ্রাহক এ সময়ের মধ্যে সমন্বয় করতে ব্যর্থ হয় বা না চায়, তাহলে বিধান অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার তা নিতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন নিয়মে কোন কোম্পানি কী পরিমাণ ঋণ পাবে ডিএসই তা হিসাব করে বের করবে। প্রতি বৃহস্পতিবার সংস্থাটির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হবে। পরবর্তী এক সপ্তাহ এ তালিকা অনুযায়ী মার্চেন্ট এবং ব্রোকারেজ হাউস ঋণ বিতরণ করবে। সিএসইর আওতাধীন কোম্পানিগুলোর ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। অন্য আরেক প্রশ্নের জবাবে আনোয়ারুল কবীর বলেন, যেসব কোম্পানির মূল্য আয়ের অনুপাত বা পিই ৪০ পয়েন্টের বেশি, সেসব কোম্পানি নেটিংসুবিধার বাইরে থাকবে। এ ছাড়া জেড শ্রেণীভুক্ত কোম্পানি এবং যেসব কোম্পানি তালিকাভুক্তি ও শ্রেণী পরিবর্তন ৩০ কার্যদিবসের কম সেসব কোম্পানিও নেটিংসুবিধা পাবে না। বর্তমানে দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ২৬০টির মতো কোম্পানির মধ্যে প্রায় ২০০টি ঋণসুবিধার বাইরে রয়েছে। তার অর্থ, এসব কোম্পানি নেটিংসুবিধার বাইরে থাকবে। এসইসির ঋণ নিয়ন্ত্রণের চেষ্টার পর বিনিয়োগকারীরা ঋণসুবিধাবহির্ভূত শেয়ারের দিকে ঝুঁকে পড়েন। গতকাল ডিএসইর মূল্যবৃদ্ধির তালিকায় শীর্ষ ৩০টি কোম্পানিই ছিল ঋণসুবিধার বাইরের।