ঋণে সর্বস্বান্ত বেড়ার অভাবীরা
পাবনার বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার নিম্নবিত্ত পরিবারের রেখা খাতুন (৩৫) পারিবারিক প্রয়োজনে এলাকার এক সুদখোর মহাজনের কাছ থেকে বছর পাঁচেক আগে ১০ হাজার টাকা ঋণ নেন। এক বছরেই ঋণের টাকা সুদ-আসলে ২২ হাজারে গিয়ে দাঁড়ায়। সুদের টাকা পরিশোধের জন্য আরেক মহাজনের কাছ থেকে একই রকম চড়া সুদে ঋণ নিতে বাধ্য হন তিনি। এভাবে ঋণের জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েন তিনি। প্রতি মাসে কিছু কিছু শোধ করার পরও চক্রবৃদ্ধি হারে ঋণ সুদ-আসলে প্রায় লাখ টাকায় গিয়ে দাঁড়ায়। একপর্যায়ে তিনি বাধ্য হন তাঁর ভিটেমাটি বিক্রি করে সুদখোর মহাজনদের ঋণ শোধ করতে। রেখা খাতুন বলেন, ‘আমাগরে যা কিছু ছিল সব এখন সুদখোর মহাজনের ঘরে। আর আমরা হইছি পথের ফকির।’ অনুসন্ধানে জানা গেছে, বেড়ার আনাচে-কানাচে প্রায় সর্বত্রই সুদের কারবারিরা তৎপর। নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোর আর্থিক অনটনের সুযোগ নিয়ে তারা চালিয়ে যাচ্ছে উচ্চ ও চক্রবৃদ্ধি হারের সুদের ব্যবসা। সুদের কারবারিরা ব্যক্তি উদ্যোগে সুদের ব্যবসা চালানোর পাশাপাশি অনেক স্থানেই গড়ে তুলেছে অনুমোদনহীন সমিতি ও এনজিও। অনুমোদনহীন এসব সমিতি ও এনজিও মোটা অংকের ঋণ কার্যক্রম চালিয়ে গেলেও প্রশাসনিকভাবে তাদের কোনো বাঁধা দেওয়া দূরের কথা খোঁজখবরই রাখা হয় না। এসব সমিতি ও এনজিও দরিদ্র মানুষের মধ্যে সরকার অনুমোদিত এনজিওর আদলে কিস্তিতে পরিশোধের চুক্তিতে ঋণ দিয়ে থাকে। কিন্তু এদের সুদের হার যেমন কয়েক গুণ বেশি থাকে তেমনি কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধের সময়সীমাও থাকে সংক্ষিপ্ত। ফলে ঋণ গ্রহীতারা মাঝেমধ্যেই কিস্তি প্রদানে ব্যর্থ হন। অভিযোগ রয়েছে দু-একটি কিস্তি বাকি পড়লেই সমিতি ও এনজিওগুলোর লোকজন ঋণ গ্রহীতাদের বাড়িতে চড়াও হয়ে আসবাবপত্র, গরু-ছাগল, হাঁস-মুরগিসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানান, সমিতি ও এনজিওগুলোর মালিকেরা তাঁদের মতো কর্মীদের নামমাত্র বেতন দিয়ে থাকে। অথচ তাঁদের দিয়ে ঋণ প্রদান, আদায় ও নতুন ঋণগ্রহীতা সৃষ্টির যাবতীয় কাজ করানো হয়। ঠিকমতো কিস্তি আদায় করতে না পারলে অথবা ঋণগ্রহীতার সংখ্যা দ্রুত বাড়াতে না পারলে মালিকদের তীব্র বকাবকিও শুনতে হয় বলে তিনি জানান। বেড়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী বক্কার মিয়া জানান, বছর দুয়েক আগে সুদখোর মহাজন ও দুটি সমিতি থেকে প্রায় ৫০ হাজার টাকা ঋণ নিয়ে দোকানে লাগিয়েছিলেন। এই দুই বছরে জমি বিক্রি করে লক্ষাধিক টাকা সুদ দিয়েছেন, কিন্তু তারপরও ঋণ শোধ হয়নি। বর্তমানে তাঁর ব্যবসার অবস্থাও শোচনীয়। বেড়া পৌর এলাকার বিভিন্ন মহল্লা ঘুরে জানা যায়, শেখপাড়ার নাজমা বেগম, মৈত্রবাঁধার তাজেম আলী, চম্পা বেগমসহ অনেকেই ঋণের সুদ দিতে ব্যর্থ হওয়ায় সুদখোরদের হাতে নির্যাতিত হয়ে এলাকা ছাড়া হয়েছেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল হামিদ জানান, এনজিও বা সমিতির নামে অবৈধ ঋণ কার্যক্রম চালানোর বিষয়টি তাঁর জানা নেই। তবে এ ব্যাপারটিসহ সুদখোর মহাজনদের ব্যাপারে সুনির্দিষ্টভাবে অভিযোগ পাওয়া গেলে প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বেড়া উপজেলা সমবায় কর্মকর্তার দায়িত্বে থাকা সাথিয়া উপজেলা সমবায় কর্মকর্তা বীরেশ চন্দ্র কর্মকার বলেন, ‘নিবন্ধনভুক্ত সমবায় সমিতি আমাদের আওতাভুক্ত হলেও “সমিতি” আমাদের আওতাভুক্ত নয়। কাজেই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সমিতির নামে ঋণ কার্যক্রম চালালে আমাদের কিছুই করার নেই।’