ঋণের অনিয়ম তদন্তে কমিটি গঠনের নির্দেশ
ঋণ নিয়ে জনতা ব্যাংকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে সাত দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিন সদস্যের ওই কমিটি গঠনে অর্থ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকার সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন এ নির্দেশের পাশাপাশি রুলও জারি করেছেন। তিন সদস্যের কমিটিতে চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক গভর্নরকে রাখতে বলা হয়েছে। আর কমিটির সদস্য হিসেবে থাকবেন অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ দুই কর্মকর্তা।কমিটিকে দুর্নীতির অভিযোগ তদন্ত করে এবং দুর্নীতিরোধে নির্দেশাবলি তৈরি করতে বলা হয়েছে। তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও নির্দেশাবলি আদালতে দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে গত ১০ বছরে জনতা ব্যাংকের ঋণ মওকুফের তালিকা তিন মাসের মধ্যে দাখিল করতে ব্যাংকিং বিভাগের সচিবকে নির্দেশ দিয়েছেন আদালত।জনতা ব্যাংকের ঋণে অনিয়ম নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে-সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলা হয়েছে। পাশাপাশি ব্যাংকের দুর্নীতি বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে-সংক্রান্ত প্রতিবেদন এক মাসের মধ্যে দাখিল করতে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানকে বলা হয়েছে। গত ২২ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ‘দুর্নীতির আখড়া জনতা ব্যাংক: ঘুষ ছাড়া ঋণ মেলে না’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ একটি রিট করেন। আদালতে রিটের পক্ষে ছিলেন মনজিল মোরসেদ। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। রুলে জনতা ব্যাংকের ঋণ নিয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে অর্থসচিব, ব্যাংকিং বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জনতা ব্যাংকের চেয়ারম্যানসহ আট বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।