ঋণের অর্থ ছাড় করাতে পারছে না সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণের অর্থ ছাড় করাতে পারছে না সরকার। ফলে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শুরু হচ্ছে না। দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন করে ঠিকাদারদের সংক্ষিপ্ত তালিকা পাঠানো হয়েছে। কিন্তু অনুমোদন না পাওয়ায় ফেরত গেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে। আবার সম্মতি না পাওয়ার কারণে ঘোষণা দিয়েও ফেব্রুয়ারিতে পদ্মা সেতুর দরপত্র আহ্বান করতে পারেনি সেতু বিভাগ। জানা গেছে, টঙ্গী থেকে ভৈরব বাজার পর্যন্ত রেলপথ দুই লাইন করার জন্য প্রায় ৭২৫ কোটি টাকার প্রকল্পের অনুমোদন হয় ২০০৬ সালের ১ জুলাই। এরপর প্রায় চার বছর অতিক্রম হতে চললেও প্রকল্পের তেমন কোনো কাজ শুরু হয়নি। চলতি অর্থবছরে প্রকল্পে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা আছে। খরচ করতে না পারায় সংশোধিত বাজেটে ২৫০ কোটি টাকা ফেরত দিয়েছে রেলওয়ে। ঠিকাদার চূড়ান্ত করার ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অনুমোদন না পাওয়ার কারণে টাকা ব্যবহার করা যায়নি। দাতারা আবার দরপত্র আহ্বান করতে বলেছে বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, চীনা প্রতিষ্ঠানগুলো পরস্পরের সঙ্গে সমঝোতা করে দরপত্রে অংশ নেয়। পরস্পর স্বার্থ-সংশ্লিষ্ট উল্লেখ করেই এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ঠিকাদার নিয়োগ-প্রক্রিয়া বাতিল করে দেয়। যোগাযোগ করা হলে বাংলাদেশে এডিবি কার্যালয় থেকে বলা হয়, দরপত্রে কিছু কারিগরি ত্রুটির কারণে পুনরায় দরপত্র আহ্বান করতে বলা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে সিদ্ধিরগঞ্জে ৩০০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র নির্মাণের কাজও আটকে গেছে। বিদ্যুত্ উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জে ১৫০ মেগাওয়াটের দুটি বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রের দরপত্র আহ্বান করা হয়েছিল প্রায় এক বছর আগে। দরপত্র জমা দেওয়ার ছয় মাস সময় ক্ষেপণের পর ঠিকাদারদের একটি সংক্ষিপ্ত তালিকা করে বিশ্বব্যাংকের কাছে পাঠায় প্রকল্প বাস্তবায়নকারী পিডিবির অধীন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি)। সংক্ষিপ্ত তালিকার চারটি কোম্পানি হচ্ছে: চীনের সিনো হাইড্রো করপোরেশন, ভারত ও ইতালির যৌথ উদ্যোগের কোম্পানি গেমন-সাদেলমি, সিএমইসি (চায়না ন্যাশনাল মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন) এবং চীনের শেনডং ইলেকট্রিক পাওয়ার কনসালটিং ইনস্টিটিউট করপোরেশন (এসডিইপিসিআই)। যদিও দরপত্র মূল্যায়ন কমিটির দুজন সদস্য এ তালিকার বিষয়ে দ্বিমত প্রকাশ করে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছেন।সমস্যা বেশি জটিল হয়েছে অন্য আরেক কারণে। দরপত্রে অংশগ্রহণকারীদের তিনজনই তাঁদের যন্ত্রপাতি জার্মানির সিমেন্স থেকে সংগ্রহ করবেন—এ ভিত্তিতে দরপত্রে অংশ নেন। কিন্তু দুর্নীতির দায়ে অভিযুক্ত সিমেন্স বিশ্বব্যাংকের কালো তাালিকাভুক্ত কোম্পনি। ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাংকের কোনো বিনিয়োগ বা ঋণ প্রকল্পে সিমেন্সের পণ্য গ্রহণ ও তাদের সঙ্গে ব্যবসা করা নিষিদ্ধ। এ কারণেই বিশ্বব্যাংক ফাইলটি ফেরত দিয়ে তাদের অবস্থানের কথা সংশ্লিষ্ট সংস্থাকে জানিয়ে দিয়েছে। এদিকে অনেক কাজ অসম্পূর্ণ রেখে পদ্মা সেতুর ঠিকাদার নিয়োগের প্রাক-যোগ্যতা যাচাই (পিকিউ) দরপত্র আহ্বানের ব্যাপারে দাতারা আপত্তি তুলেছে। সেতুর নকশা ও পিকিউ দলিলপত্র অনুমোদনের জন্য ফেব্রুয়ারি মাসে উন্নয়ন সহযোগীদের কাছে পাঠানো হয়। এখনো সম্মতি মেলেনি।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘পদ্মা সেতুর বিষয়ে এডিবি প্রাক-দরপত্র আহ্বানের সম্মতি দিয়েছে। বিশ্বব্যাংকের কাছে এখনো পাওয়া যায়নি। অতি দ্রুত তাদের কাছ থেকেও সম্মতি পাওয়া যাবে বলে আশা করছি।’ জানা গেছে, পদ্মা সেতুর অর্থ ২০১০ সালের মধ্যে পাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে জোর চেষ্টা চলছে। আগামী ডিসেম্বরে এডিবির বোর্ডে তা উত্থাপনের আশ্বাস দেওয়া হয়েছে মাত্র। এ সময়ে অনুমোদন পেলেও অর্থ পেতে আরও কয়েক মাস সময় লেগে যাবে। ঢাকার যানজট নিরসন নিয়েও জাপান আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা সংস্থার (জাইকা) সঙ্গে নানা বিষয়ে সরকারের সঙ্গে দ্বিমত দেখা দিয়েছে বলেও জানা গেছে। ঢাকার কৌশলগত পরিবহন পরিকল্পনায় মেট্রো রেল, উড়ালপথ ও বাস চলাচলের জন্য বিশেষ লেন (বিআরটিএ) করার প্রস্তাব রয়েছে। সরকার উড়ালপথের ব্যাপারে উদ্যোগী হলেও জাইকা পাতালরেল স্থাপনের জন্য সরকারকে চাপ দিচ্ছে। জাইকা ইতিমধ্যে উত্তরা থেকে সায়েদাবাদ পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার মেট্রো (পাতাল) রেলপথ স্থাপনের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই শেষ করেছে। জাইকার প্রাথমিক সমীক্ষায় বলা হয়েছে, প্রস্তাবিত মেট্রো রেলের রুট হবে উত্তরা থেকে পল্লবী, মিরপুর ১০, ফার্মগেট, শাহবাগ, বুয়েট, কাপ্তান বাজার হয়ে সায়েদাবাদ। আগামী এক বছরে জাইকা নিজস্ব অর্থায়নে এ প্রকল্পের বিস্তারিত সম্ভাব্যতা যাচাই করবে। তবে সরকার উড়ালপথের ব্যাপার নিয়ে বেশি আগ্রহী। এর মধ্যে ঢাকায় ৩২ দশমিক ৫ কিলোমিটার উড়ালপথ নির্মাণের লক্ষ্যে দরপত্র আহ্বান করেছে। ইতিমধ্যেই চারটি প্রতিষ্ঠানকে প্রাক-যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সিদ্ধিরগঞ্জে বিদ্যুেকন্দ্র স্থাপন বিষয়ে বিশ্বব্যাংক তাদের অবস্থানের কথা সংশ্লিষ্ট সংস্থাকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। পদ্মা সেতু নিয়ে উন্নয়ন সহযোগীরা কাজ করছে। এ কাজটি অন্য প্রকল্পের চেয়ে দ্রুতগতিতেই এগোচ্ছে। ঢাকা শহরের যানজট নিরসনের জন্য সরকার উন্নয়ন সহযোগীদের সঙ্গে যোগাযোগ রেখেই কাজ করছে বলেও ইআরডি-সচিব জানান।