ঋণের দায়ে অঙ্গ বিক্রি করছেন ভারতের কৃষকেরা
ঋণ নিয়ে ভীষণ বিপদে পড়েছেন ভারতের অন্ধ্র প্রদেশের কৃষকেরা। ঋণ পরিশোধে ও কিস্তি দিতে অনেক কৃষক তাঁদের দেহের অঙ্গ বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ মিলেছে। কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য সরকার যে অর্থ বরাদ্দ করেছিল, তা বিভিন্নভাবে তছরুপ হওয়ায় প্রান্তিক কৃষকেরা বিপদে পড়েছেন। কিছুদিন আগে ভারতের কয়েকটি রাজ্যের বিভিন্ন ব্যাংকে দেশটির মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তর (সিএজি) তদন্ত চালিয়ে যে প্রতিবেদন দেয়, তাতে উঠে এসেছে এসব চিত্র।আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর অন্ধ্রসহ পুরো দেশের কৃষকদের কৃষিঋণ মওকুফের জন্য ৫২ হাজার কোটি রুপি (প্রায় ৭৫ হাজার কোটি টাকা) বরাদ্দ করেছিল। কিন্তু ওই বরাদ্দ যে কত অপ্রতুল, তা রাজ্যটির কৃষকদের বর্তমান অবস্থা খতিয়ে দেখলে পরিষ্কার বোঝা যায়।৫২ হাজার কোটি রুপির থোক বরাদ্দের ৫৭ শতাংশ পেয়েছিল অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র। বাকিটুকু বরাদ্দ হয়েছিল দেশের বাকি ৩২টি রাজ্য ও বিশেষ অঞ্চলের জন্য। শেষ পর্যন্ত অন্ধ্র প্রদেশের জন্য দেওয়া হয়েছিল ১১ হাজার কোটি, উত্তর প্রদেশের জন্য নয় হাজার ৯৫ কোটি এবং মহারাষ্ট্রের জন্য আট হাজার ৯০০ কোটি রুপি।২০০৯ সালে লোকসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হয় কংগ্রেসের নেতৃত্বাধীন জোট। এ জয়ের পেছনে কৃষি ঋণের ব্যাপক ও গভীর প্রভাব রয়েছে বলে ধারণা করা হয়। এ নির্বাচনের আগে তিনটি প্রদেশের জন্য বিপুল পরিমাণ কৃষি বাজেট বরাদ্দ ছিল। অন্ধ্র প্রদেশের ৭৭ লাখ কৃষক ১১ হাজার কোটি রুপির থোক বরাদ্দের পুরোটাই পেয়েছিলেন। অর্থাত্ দেশের কৃষিখাতের জন্য বরাদ্দ করা অর্থের ২১ শতাংশই পেয়েছিলেন অন্ধ্রের কৃষকেরা। কিন্তু সম্প্রতি ভারতের সিএজি বলছে, বরাদ্দের সিংহভাগ জুটেছে কৃষক নন এমন ব্যক্তিদের বরাতে, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থেকেছেন পুরোনো ঋণের জালে।সিএজির তদন্ত থেকে বেরিয়ে এসেছে নানা জালিয়াতির তথ্য। ঋণের নথিপত্রের ঘষামাজা, খতিয়ান বইয়ের তথ্য গায়েব করা এবং অকৃষি ঋণকে কৃষিঋণ হিসেবে দেখানোর মতো বিভিন্ন অপরাধের তথ্য মিলেছে।একটি ঘটনায় দেখা গেছে, অন্ধ্র প্রগতি গ্রামীণ ব্যাংকের বাল্লিকুরাবা শাখায় কমপক্ষে ১৭ জন ঋণগ্রহীতার বাড়ির ঠিকানা পাল্টে দুস্থ হিসেবে দেখানো হয়েছে। ফলে প্রান্তিক কৃষক হিসেবে এসব গ্রহীতা ঋণ পেয়েছেন বা সহজ শর্তে ঋণ মওকুফ পেয়েছেন।সিএজি যে কেবল অন্ধ্র প্রদেশেই এ ধরনের অনিয়ম ও দুর্নীতির খোঁজ পেয়েছে, তা নয়, আরও অনেক প্রদেশেই একই অবস্থা।সিএজি ২৫টি রাজ্যের ৯২টি জেলায় বিভিন্ন ব্যাংকের ৭১৫টি শাখায় তদন্ত ও নিরীক্ষা চালায়। এ সময় তারা প্রায় ৮০ হাজার কৃষকের ব্যাংক হিসাব খতিয়ে দেখে।