টুপি বিক্রেতা মোজাম্মেল হক এ মাসে বাড়িতে টাকা পাঠাতে পারেননি। তিনি জানেন না, ময়মনসিংহের ত্রিশালে তাঁর স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে কীভাবে চলছে। মণিসিংহ-ফরহাদ ট্রাস্ট ভবনের সামনে বই বিক্রেতা উত্তম কুমার প্রথম ধাক্কায় ছেলেমেয়ের গৃহশিক্ষক ছাড়িয়েছেন। মন্দটাই যেখানে জোটানো কঠিন, সেখানে ভালো খাবারের আবদার মেটানোর প্রশ্নই আসে না। রাজনীতির প্রলয়ে নিঃস্ব এই ক্ষুদ্র ব্যবসায়ীদের এখন ভরসা অন্যের সাহায্য বা ঋণ। কিন্তু মোজাম্মেল-উত্তমরা ভেবে পাচ্ছেন না, ঋণের টাকা শোধ করে সংসার চালাবেন কীভাবে। ৫ মে হেফাজতে ইসলামের জনসভাকে কেন্দ্র করে বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় বহু দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় নিঃস্ব মোজাম্মেল হকের মতো ফুটপাতের অনেক ছোট ব্যবসায়ী ধার করে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করছেন। বায়তুল মোকাররমের ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠন মিতালী ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. বাবুল ভূঁইয়া জানান, ওই রাতে শুধু বায়তুল মোকাররমের স্বর্ণের দোকানগুলোর সামনে থাকা ৩০০ দোকান পুড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আট কোটি ৭৩ লাখ টাকা। টুপি বিক্রেতা মোজাম্মেল হক প্রথম আলো ডটকমকে বলেন, ৩০ বছর ধরে তিনি বায়তুল মোকাররমের আশপাশে টুপি বিক্রি করেন। অন্যান্য দিনের মতো ৫ মে দোকান খুলেছিলেন তিনি। তারপর সংঘর্ষ শুরু হলে পলিথিন দিয়ে মালপত্র ঢেকে রেখে চলে যান। তিনি বলেন, ‘সন্ধ্যা থেইকাই দেখছিলাম মারামারি হইতেছে। তারপর যখন আগুন লাগছে দৌড়াইয়া আসছি ফকিরাপুল থেকে। কিন্তু ঢুকতে পারি নাই। সকালে আইসা শুধু ছাই পাইছি।’ কীভাবে আবার শুরু করেছেন জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পঞ্চাশ হাজার টাকার চেক ভাঙিয়েছেন। আর পরে শোধ করে দেবেন এই প্রতিশ্রুতিতে পাইকারি বিক্রেতাদের কাছ থেকে টুপি এনেছেন। একই অবস্থা ইমান হোসেনের। তিনি ৩৫ বছর ধরে বায়তুল মোকাররম-সংলগ্ন এলাকায় কাচের জিনিসপত্র বিক্রি করছেন। হেফাজতে ইসলামের সমর্থকেরা তাঁর জগ, বাটি, গ্লাস ভেঙে তছনছ করেছেন। ১৫ দিন পর তিনিও আবার বেচাকেনা শুরু করেছেন অল্পস্বল্প জিনিসপত্র দিয়ে। বললেন, ‘কার্টন-কোর্টন দিয়া সাজায়া রাখছি। মালপত্র তেমন তুলতে পারি নাই। যে ট্যাকা পাইছি, তা দিয়া ঋণ শোধ করতে পারুম না।’ এখনো সহযোগিতা পাননি অনেকে: ৫ মের সহিংসতায় পুঁজি হারানো অনেকে এখনো সরকারের তরফ থেকে আর্থিক সুবিধা পাননি। চশমার দোকানি মো. দেলোয়ার হোসেন বললেন, ‘জেলা প্রশাসন থাইকা আইসা নাম নিয়া গ্যাছে। তবু কোনো ট্যাকাপয়সা পাই নাই। সারা জনম যাদের লগে ব্যবসা করছি, তারা মুখের দিকে তাকায়া সাহায্য করছে।’ ঘড়ি বিক্রেতা মো মুন্না জানান, ক্ষতিগ্রস্ত দোকানিদের তালিকায় নিজের নামটাও ওঠাতে পারেননি তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন প্রথম আলো ডটকমকে বলেন, মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশে তাঁরা তালিকা তৈরি করে দিয়েছেন। কারা কারা ক্ষতিপূরণ পেয়েছেন, কারা পাননি, সে সম্পর্কে তাঁদের জানানো হয়নি।মানুষ মানুষের জন্য: বায়তুল মোকাররম ফটকের সামনে কোরান শরিফের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন নজরুল ইসলাম। দোকানপাটে যখন আগুন লাগানো হচ্ছে, কোরান শরিফ দুই হাতে জড়িয়ে রাস্তার ওপর এনে রেখেছিলেন। পরের দিন সেগুলোও পাননি। তিনি বলেন, তাঁর দোকানের মালিক জাহিদ ইকবাল এ মাসে বেতন দিতে পারেননি। বাড়িওয়ালা এ মাসে বাড়িভাড়া নেননি। উল্টো ধার দিয়েছেন বেশ কিছু টাকা। আপাতত এ-ই সম্বল। স্বর্ণের দোকানের সামনে কাপড় বিক্রি করেন শাহজাহান মিজি। তিনি জানান, তাঁর মতো আরও অনেককে বড় ব্যবসায়ীরা ধার দিয়েছেন। বলেছেন ব্যবসা জমলে ফেরত দিতে।কিন্তু ব্যবসা কবে জমবে, আর কবেই বা এই ঋণ শোধ করতে পারবেন, সেই চিন্তায় অস্থির শাহজাহানের মতো ছোট ব্যবসায়ীরা।