ঋণের ২০ গুণ সম্পদ আছে হলমার্কের এমডির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ দাবি করেছেন, তিনি যে পরিমাণ ঋণ নিয়েছেন, তার চেয়ে ২০ গুণ বেশি সম্পদ তাঁর রয়েছে। আর সোনালী ব্যাংক থেকে নেওয়া ঋণ তিনি পাই টু পাই ফেরত দেবেন বলেও সাংবাদিকদের জানান। আজ রোববার বিকেলে জিজ্ঞাসাবাদ শেষে দুর্নীতি দমন কমিশন কার্যালয় থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে হলমার্ক গ্রুপের নামে প্রতিষ্ঠানটির মালিক তানভীর মাহমুদ দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা জালিয়াতির মাধ্যমে তুলে আত্মসাত্ করেছেন বলে অভিযোগ রয়েছে। বেলা ২টা ৩৫ মিনিটে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তাঁর স্ত্রী জেসমিন ইসলাম এবং হলমার্কের মহাব্যবস্থাপক তুষার মাহমুদ দুদক কার্যালয়ে আসেন। সেখানে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মীর মো. জনয়াল আবেদীন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি তাঁদের জিজ্ঞাসবাদ করে। কমিটিতে আরও আছেন দুদকের উপপরিচালক এস এম আখতার হামিদ ভূঞা, সহকারী পরিচালক নাজমুস সাদাত ও মো মশিউর রহমান, উপসহকারী পরিচালক মো. মজিবুর রহমান ও মো জয়নুল আবেদীন।এর আগে হলমার্কের পাশাপাশি জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনায় ডিএন স্পোর্টস লিমিটেড ও ইথান এমব্রয়ডারি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোতাহার উদ্দিন চৌধুরী, ডি এন স্পোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান ও পরিচালক ফাহমিদা আক্তার চৌধুরীকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল ১০টা ২০ মিনিটে এই তিনজন দুদক কার্যালয়ে প্রবেশ করেন।হলমার্ক গ্রুপের বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে হলমার্ক গ্রুপের নামে এর মালিক তানভীর মাহমুদ দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা জালিয়াতির মাধ্যমে তুলে তা আত্মসাত্ করার অভিযোগও খতিয়ে দেখছে কমিশন।এ বিষয়ে গত ১২ আগস্ট সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল করপোরেট শাখার আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদকের তদন্ত দল। এ ছাড়া হলমার্ক গ্রুপের সঙ্গে ওই ব্যাংকের লেনদেন ও ঋণসংক্রান্ত বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখছে তদন্ত দল। দুদক সূত্র জানায়, সোনালী ব্যাংকের ওই শাখা থেকে অর্থ ওঠানো ও আত্মসাতের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের লিখিত অনুরোধে খতিয়ে দেখছে কমিশন। দুদকের কাছে লেখা বাংলাদেশ ব্যাংকের ওই চিঠিতে বলা হয়েছে, ‘সংঘবদ্ধ জালিয়াত চক্রের মাধ্যমে সোনালী ব্যাংক লিমিটেড, শেরাটন শাখার আমানতকারীদের অর্থ থেকে মোট ৩৫৪৭ কোটি টাকা (এ পর্যন্ত উদঘাটিত) আত্মসাতের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর মালিক/পরিচালক (হলমার্ক গ্রুপের প্রধান ব্যক্তি তানভির মাহমুদ) এবং ঘটনা সংঘটিত হওয়ার সময়কালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হতে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।’ এছাড়া, ‘সোনালী ব্যাংকের সর্বোচ্চ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পরিচালনা পর্ষদের ) কোন কোন সদস্যের সহযোগিতা/ইন্ধন/যোগসাজশ আছে কিনা তা-ও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে,’ বলে চিঠিতে উল্লেখ রয়েছে। বাংলাদেশে ব্যাংকের পাঠানো ওই চিঠিতে কারসাজির মাধ্যমে ওঠানো টাকা বিদেশে পাচার হয়েছে কি না, তা-ও অনুসন্ধান করে দেখতে বলা হয়েছে।দুদকের কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের ওই চিঠি অনুযায়ী সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে শুধু তানভীর মাহমুদের মালিকানাধীন হলমার্ক গ্রুপের নামেই দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাত্ করা হয়েছে। একই অনিয়মের মাধ্যমে অর্থ লুটকারী অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাসলিম হাসানের মালিকানাধীন টি অ্যান্ড ব্রাদার্স তুলেছে ৬০৯ কোটি ৬৯ লাখ টাকা; সাইফুল ইসলামের মালিকানাধীন প্যারাগন গ্রুপ তুলেছে ১৪৬ কোটি ৬০ লাখ টাকা; বেগম ফাহমিদা আকতার চৌধুরীর মালিকানাধীন ডিএন স্পোর্টস তুলেছে ৩৩ কোটি ২৫ লাখ টাকা, আবদুল খালেকের মালিকানাধীন নকশী নীট তুলেছে ৬৬ কোটি ৩৬ লাখ টাকা; আবদুল জলিল শেখের মালিকানাধীন খান জাহান আলী সোয়েটার নামের প্রতিষ্ঠান তুলেছে চার কোটি ৯৬ লাখ টাকা।